ওয়েলিংটন, ১৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বিতীয় দিন শেষেই সিরিজে সমতা ফেরানোর স্বপ্ন দেখতে পারছে ইংল্যান্ড। স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন জেমস অ্যান্ডারসন। শুক্রবার ৭৩ রানে ৫ উইকেট নিয়ে মাত্র ১৯৮ রানে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ করে দেন ডান হাতি এই ফাস্ট বোলার। এর আগে টিম অ্যামব্রোস ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরি করেই (১০২) আউট হয়ে যাওয়ায় ৩৪২ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। শেষ বিকেলে দ্বিতীয় দফা ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪ রান করায় এ পর্যন্ত তাদের লিড ১৪৮ রানের। দ্বিতীয় টেস্ট জিতে ইংল্যান্ড তিন ম্যাচের সিরিজে সমতা ফেরানোর আশা করবে এটাই তো স্বাভাবিক।
অবশ্য প্রথম টেস্টের মতো এবারও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয় হলে ভিন্ন কথা। সেরকম বিপর্যয় শুক্রবারও হয়েছে। নইলে ৫ উইকেটে ২৯১ রান নিয়ে প্রথম দিন শেষ করা ইংল্যান্ড মাত্র ৩৪২ রানে শেষ হয়? ৯৭ রান নিয়ে দিন শুরু করা অ্যামব্রোসকে রস টেলরের ক্যাচ বানিয়ে শুরুটা করেন কাইল মিলস। কিন্তু ইংল্যান্ডের সবচেয়ে বেশি সর্বনাশ হয়েছে গিলেস্পির বলে। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার (৬৫) কলিংউডসহ মোট ৪ উইকেট পেয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে বলার মতো স্কোর শুধু রস টেলর আর অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির। দুজনই ফিফটি পেয়েছেন। অ্যান্ডারসনের পঞ্চম শিকার হওয়ার আগে ৫৩ রান করে যান টেলর। ততক্ষণে অবশ্য ১১৩ রানে ৬ উইকেট হাওয়া। জ্যাকব ওরাম ছাড়া লাইনআপের প্রথম চার অর্থাৎ জেমি হাও (৭), বেল (০), ফ্লেমিং (৩৪) আর ম্যাথু সিনক্লেয়ার (৯) অ্যান্ডারসনেরই শিকার। ব্যাটিংয়ের মতো ইংল্যান্ডের বোলিংয়েও দ্বিতীয়সেরা পল কলিংউড। ২৩ রানে ৩ উইকেট নিয়ে ভেট্টোরিকে (৫০*) সঙ্গীহীন করে দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/ ১৭০৫ ঘ.
bdnews24