২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোয়েবকে টেস্ট ক্রিকেট ছেড়ে দিতে বলছেন লসন

এবার কি জিওফ লসনকে এক হাত নেবেন শোয়েব আখতার? মাঠের বাইরে তার যা রেকর্ড তাতে সেরকম কিছু হওয়া বিচিত্র নয়। পাকিস্তান কোচ লসন পাকিস্তানের ভারত সফরের রিপোর্টে শোয়েবকে টেস্ট দলে বিবেচনা না করার সুপারিশ করেছেন। 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' তা হজম করতে পারেন কিনা সেটাই এখন দেখার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 04:39 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

করাচি, ১৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এবার কি জিওফ লসনকে এক হাত নেবেন শোয়েব আখতার? মাঠের বাইরে তার যা রেকর্ড তাতে সেরকম কিছু হওয়া বিচিত্র নয়। পাকিস্তান কোচ লসন পাকিস্তানের ভারত সফরের রিপোর্টে শোয়েবকে টেস্ট দলে বিবেচনা না করার সুপারিশ করেছেন। 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' তা হজম করতে পারেন কিনা সেটাই এখন দেখার। বেফাঁস মন্তব্যের জন্য এমনিতেই বিপদে আছেন শোয়েব আখতার। কেন্দ্রীয় চুক্তিতে তাকে অগ্রাহ্য করায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র সমালোচনায় মুখর হয়েছিলেন শোয়েব। পরে তার মন্তব্যের ব্যখ্যা চেয়েছিল পিসিবি। কিন্তু শোয়েব আজ অব্দি কোনো ব্যখ্যা দেননি, যে কারণে এমনকি আজীবন নিষিদ্ধও করা হতে পারে তাকে। গত আগস্টে মোহাম্মদ আসিফকে পেটানোর অপরাধে কিছুদিন নিষিদ্ধ ছিলেন বিশ্বের দ্রুততম এই বোলার। এখন নিষেধাজ্ঞা নেই, তবে দুই বছর পর্যবেক্ষণের বিষয়টি আছে। বলা হয়েছিল আগস্ট থেকে দু বছরের মধ্যে আবার বড় কোনো ঝামেলায় জড়ালে বড় শাস্তি হবে তার। অবশ্য জিওফ লসন মাঠের বাইরের ওই অপকীর্তিগুলোকে গুরুত্ব দিয়ে যে শোয়েবকে টেস্ট ক্রিকেটের বাইরে রাখতে বলেছেন তা কিন্তু নয়। বুধবার অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার তার ব্যাখ্যায় বলেছেন,"হ্যাঁ, আমি ওকে ( শোয়েব আখতার) টেস্টে বিবেচনা না করার সুপারিশ করেছি। এ সম্পর্কে আমি শোয়েবের সঙ্গেও কথা বলেছি। আমি মনে করি, এতে ওর ক্যারিয়ার দীর্ঘায়িত হবে।" সেটা কীভাবে? লসন ইঙ্গিতে বুঝিয়ে দিলেন শোয়েবের ফিটনেস সমস্যার কথা, "টেস্ট ক্রিকেটে ওর ভরসাহীনতার কারণে মনে হচ্ছে শুধু ওয়ানডে খেললেই ওর ভালো হবে। অনেক ক্রিকেটারই তো এমন করছে। আজকাল অনেকেই তো একটা (পরিসরের) খেলাকে বেছে নিচ্ছে। ও তো দলের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাই আমি মনে করি, ও যদি ওয়ানডেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে টেস্ট বাদ দিয়ে তাতেই ওর মন দেয়া উচিত।" রেকর্ড বলছে, খুব ভুল কিছু বলেননি জিওফ লসন। গত এক বছরে মাত্র চারটি টেস্ট খেলেছেন শোয়েব আখতার। ভারতের বিপক্ষে তিন টেস্টের সিরিজে ৩৩.১১ গড়ে পেয়েছেন ৯ উইকেট। তবে ফিটনেসের সমস্যা বেশ ভুগিয়েছিল তাকে। এ কারণে ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত সিরিজের শেষ টেস্টের বেশির ভাগ সময়ই ছিলেন মাঠের বাইরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/২০০৭ ঘ.