২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লসনের মনে অস্ট্রেলিয়াকে মুঠোয় না পাওয়ার আক্ষেপ!

অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন পতনের মুখে! এবং সফর স্থগিত না হলে বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর ভালো সুযোগ ছিল পাকিস্তানের সামনে! কোনো পাকিস্তানী নন, এক জন অস্ট্রেলীয়র মনেই এখন এই বিশ্বাস। তিনি পাকিস্তানের অস্ট্রেলীয় কোচ জিওফ লসন। রিকি পন্টিংয়ের দল পাকিস্তানে না আসায় তিনি ভীষণই হতাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 01:39 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

করাচি, ১২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন পতনের মুখে! এবং সফর স্থগিত না হলে বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর ভালো সুযোগ ছিল পাকিস্তানের সামনে! কোনো পাকিস্তানী নন, এক জন অস্ট্রেলীয়র মনেই এখন এই বিশ্বাস। তিনি পাকিস্তানের অস্ট্রেলীয় কোচ জিওফ লসন। রিকি পন্টিংয়ের দল পাকিস্তানে না আসায় তিনি ভীষণই হতাশ। মার্চের শেষ দিকে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে আসার কথা ছিল। কিন্তু মঙ্গলবার লাহোরে আত্মঘাতী বোমা হামলার পর ৩০ দিনের সফরটা স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অবশ্য গত বছর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যার পর থেকেই সফরটা নিয়ে দ্বিধায় ছিল তারা। শেষ পর্যন্ত মঙ্গলবারের বোমা হামলা সিদ্ধান্তটা নিতে সাহায্যই (!) করেছে তাদের। তবে সিএ'র সিদ্ধান্তটা কিছুতেই মেনে নিতে পারছেন না লসন। পাকিস্তানের স্যাটেলাইট টিভি চ্যানেল 'জিও'র সঙ্গে কথা বলার সময় ক্ষোভ ও হতাশা কিছুতেই লুকাতে পারেননি অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার। তার দৃঢ় বিশ্বাস, 'দিগভ্রান্ত' রিকি পন্টিংয়ের দলকে সামনে পেলে ঠিকই জয়োৎসবে মেতে উঠতে পারতো পাকিস্তান, "এই মুহূর্তে আগের চেয়ে অস্ট্রেলিয়া অনেক বেশি নড়বড়ে অবস্থায় আছে। তাদেরকে টেস্ট ও ওয়ানডে সিরিজে হারানোর ভালো সুযোগ ছিল আমাদের সামনে। আমি মনে করি তাদেরকে হারানোর ভালো সম্ভাবনা ছিল আমাদের। সেজন্যই তাদের না আসাটা আমাদের জন্য একটু বেশিই হতাশাজনক।" তার মতে অস্ট্রেলিয়ার সফর স্থগিত করার সিদ্ধান্তটা একেবারেই 'অযৌক্তিক'। সিএ অবশ্য জানিয়েছে পাকিস্তানের পরিস্থিতির উন্নতি হলে সেখানে যেতে তারা প্রস্তুত। তবে এ বছরে নয়, ২০০৯ বা ২০১০ সালে। দুঃসংবাদটা শোনার পর পরই বাংলাদেশকে ৫টি ওয়ানডে ও একটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছে পিসিবি। তবে এই সিরিজ নিয়ে লসনের তেমন আগ্রহ নেই। পাকিস্তান কোচের মনে শুধুই অস্ট্রেলিয়াকে মুঠোয় না পাওয়ার আক্ষেপ, "বাংলাদেশ দলটা একটু, একটু করে উন্নতি করছে। তবে অবশ্যই অস্ট্রেলিয়া এখন হারানোর মতো একটি দল।" লসন যতই আফসোস করুন না কেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কিন্তু সফরটা স্থগিত হওয়ায় খুশি। পাকিস্তানে যাওয়ার ব্যাপারে তাদের অনেকেরই দ্বিধা ছিল। শেষ পর্যন্ত তাদের ইচ্ছাপূরণ হওয়ায় মিডল অর্ডার ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক দারুণ নির্ভার, "খেলোয়াড়দের সংশ্লিষ্টতা ছাড়াই সমস্যার হয়েছে বলে আমি আনন্দিত। তারা (সিএ) যে খেলোয়াড়দের কথা চিন্তা করে সিদ্ধান্তটা নিয়েছে সেজন্যও আমি দারুণ নির্ভার ও খুশি।" পেসার স্টুয়ার্ট ক্লার্কের কণ্ঠেও একই কথার প্রতিধ্বনি, "আমি মনে করি না কোনো ক্রিকেট সফর বাতিল হওয়াটা কেউ পছন্দ করে। কারণ এটাই আমাদের কাজ। তবে নিঃসন্দেহে এর সঙ্গে জড়িত প্রত্যেকেই সফরটা নিয়ে উদ্বিগ্ন ছিল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৩৬ঘ.