২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর বিশাল জয়, জিতেছে সূর্যতরুণ-বিকেএসপিও

দুই পেসার জিয়াউর রহমান ও তালহা জুবায়েরের দাপটে বড় জয় পেয়েছে আবাহনী। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে সোমবার সিটি ক্লাবকে ১৬৬ রানের বিশাল হারের লজ্জায় ডুবিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রিমিয়ার ক্রিকেট লিগে তিন ম্যাচে এটা তাদের দ্বিতীয় জয়। বিকেএসপির দুই নাম্বার মাঠে হাবিবুল বাশারের টানা দ্বিতীয় ফিফটিতে কলাবাগানকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয়ের মুখ দেখেছে সূর্যতরুণও। প্রকৃতির বাঁধায় আগের ম্যাচে আবাহনীর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করা বিকেএসপি ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এদিন পারটেক্সকে ৪ উইকেটে হারিয়ে পেয়েছে প্রথম জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 04:05 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, ১০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দুই পেসার জিয়াউর রহমান ও তালহা জুবায়েরের দাপটে বড় জয় পেয়েছে আবাহনী। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে সোমবার সিটি ক্লাবকে ১৬৬ রানের বিশাল হারের লজ্জায় ডুবিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রিমিয়ার ক্রিকেট লিগে তিন ম্যাচে এটা তাদের দ্বিতীয় জয়। বিকেএসপির দুই নাম্বার মাঠে হাবিবুল বাশারের টানা দ্বিতীয় ফিফটিতে কলাবাগানকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয়ের মুখ দেখেছে সূর্যতরুণও। প্রকৃতির বাঁধায় আগের ম্যাচে আবাহনীর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করা বিকেএসপি ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এদিন পারটেক্সকে ৪ উইকেটে হারিয়ে পেয়েছে প্রথম জয়। টস হেরে ব্যাটিংয়ে নামা আবাহনীর তেমন বড় কোনো ব্যক্তিগত ইনিংস নেই। ম্যাচের একমাত্র ফিফটি করেছেন তাদের পাকিস্তানি ব্যাটসম্যান আনোয়ার হাফিজ (৫৬)। এরসঙ্গে মাহবুবুল করিম (৩৮), তুষার ইমরান (৩৯) ও নাদীফ চৌধুরীদের (৪৫*) ইনিংসগুলো যোগ হয়ে আবাহনীকে (২৫৪/৮) আড়াইশো পার করে নেয়। এরপর জিয়াউর (৩/৪৩) ও তালহাদের (৩/১৬) বোলিং তোপে ৮৮ রানে গুটিয়ে যায় সিটি ক্লাব। এই দু'জনে মিলে ১০ ওভারে ৪৭ রানে ৫ উইকেট হারানো দলে পরিণত করার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি সিটি। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আনোয়ার হাফিজ। কলাবাগান তিন বছর পর প্রিমিয়ারে ফেরা সূর্যতরুণকে বড় কোনো টার্গেট দিতে পারেনি। মোহাম্মদ ইউনুসের (৪/২৫) বোলিংয়ে তারা মাত্র ১৬২ রানে অলআউট হয়ে যায়। জবাব দিতে নামা সূর্যতরুণ ৩১ রানে তিন উইকেট খুঁইয়ে বিপদে পড়লেও হাবিবুল (৬৬) ও নাঈম ইসলামের (৪৫) ৭৬ রানের চতুর্থ উইকেট পার্টনারশিপ বিপর্যয় সামলে নেয়। আর ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে হাবিবুল যখন আউট হন, জয় থেকে সূর্যতরুণ তখন মাত্র ২ রান দূরে। ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সূর্যতরুণের ইউনুস। পারটেক্সের মাত্র ১৩৭ রান তাড়া করতে নেমে সূর্যতরুণের মতো বিপদে পড়েছিল বিকেএসপিও। কিন্তু অলরাউন্ডার নাসির হোসেনের (২১ রানে ৩ উইকেট এবং অপরাজিত ৬৪) হার না মানা ফিফটি প্রায় ১০ ওভার বাকি থাকতেই দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে পৌছে দেয় জয়ের তীরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪০ঘ.