চট্টগ্রাম, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চট্টগ্রামের হতাশার ঐতিহ্যের বিপরীতে হেঁটেছেন তামিম। স্থানীয়দের পিপাসা মেটানো অসাধারণ একটা ইনিংস খেলেছেন. যা চট্টগ্রামের মাটিতে স্থানীয় কোনো ক্রিকেটারের প্রথম আন্তর্জাতিক ফিফটি। তারপরও দিনশেষে তামিমের মনে রাজ্যের হাতাশা। উঁকি মারছে নানা প্রশ্নও।
ওই সময়ে কেন অমন শট খেলতে গেলাম? আর কিছু রান করার পর খেললে দলের স্কোরটা কী আরেকটু ভাল হতো? কী হলে কী হতো কিংবা হতো না তার জবাব নেই কারো কাছে। তারপরও মানুষ দিনশেষের হিসেব মেলায় আর তাতে খানিকটা আক্ষেপের মতোই উঠে এসেছে, তামিম ইকবাল ৮২ রানের অমন চমৎকার ইনিংসটাকে গলা টিপে হত্যা না করলে হয়তো-বা......। এই বাঁহাতি ওপেনারের কাছেও অনেকটা সেরকম, তাই সেরা ইনিংসের মধ্যে রাখতে চান না এটিকে, "আমার এই ইনিংসের পর যদি ম্যাচ জিততাম তাহলে এটাকে আমার সেরাই বলতাম।"
অথচ চট্টগ্রামের দুর্ভাগা ঐতিহ্যের বাইরে গিয়ে কী সুন্দর এক মিলন হয়েছিল! ঐতিহ্যটা হচ্ছে, এক সময়ের তারকাগর্ভা এই চাঁটগাকে নাকি তার ছেলেরা তেমন কিছু উপহার দিতে পারে না। সেই মিনহাজুল-আকরামদের জমানা থেকে শুরু করে নাফিস ইকবাল-আফতাবরাও কখনো চট্টগ্রামে ওয়ানডে ফিফটি পর্যন্ত করতে পারেননি। সেই ধারা ভেঙ্গেছে তামিমের ব্যাট, ৮২ রানের অসাধারন একটা ইনিংস খেলে আনন্দ দিয়েছেন স্থানীয় ক্রিকেট-পিপাসুদের। কিন্তু দিনশেষে নিজেই আনন্দহীন, "এখন আমার মনে হচ্ছে ভুল শট খেলেছি। ওই সময়ে অমন শট না খেলে ৪০ ওভার পর্যন্ত টেনে নিয়ে গেলে...।" আগের ওভারে ডুমিনিকে একটি ছক্কা একটা চার মারার পর ৩৪ তম ওভারে হ্যারিসকে হাঁকাতে গিয়েই সব প্রত্যাশার জলাঞ্জলি দেন এই বাঁহাতি ওপেনার। অথচ তার নিজেরও পরিকল্পনা ছিল ৪০ ওভারের পর বিগহিট শুরু করবেন।
ওইটুকু ধৈর্য্য ধরতে পারলে সেঞ্চুরিটা হয়ে যায় তার। যদিও সেঞ্চুরির প্রশ্নে তিনি একেবারেই নিরুৎসাহী, "সেঞ্চুরি মিস নিয়ে কোনো দুঃখ নেই আমার। দল জেতাটাই আসল ব্যাপার।" সেঞ্চুরি-মিস নিয়ে তার মাথাব্যাথা নেই খুব সহজেই বোঝা যায় তার আগের ইনিংসগুলো দেখলে। আগের তিনটা ফিফটিই করেছেন গতবছর এবং সর্বোচ্চ ৫৪ রান করেছিলেন গত আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে। ফিফটি হলেই শটের নেশায় পেয়ে বসা ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যান রোববার অনেক ধৈর্য্য নিয়ে সংযমী হয়ে খেলেছেন। যেখানে সতীর্থদের ব্যাট করতে এত কষ্ট সেখানে অনায়াস ভঙ্গিতে মেরেছেন চার-ছয়।
কিন্তু প্রাপ্তির খাতা শূন্য। চট্টগ্রামের মাঠে নিজের সেরাটা খেলেও সতীর্থদের কল্যাণে (!) অমন হাল হয়েছে তামিম ইকবালের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯১৫ঘ.
bdnews24