২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগে ওল্ড ডিওএউচএস, বিমান ও কলাবাগানের জয়

মেহরাব হোসেন জুনিয়রের অধিনায়কোচিত ইনিংসে প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম জয় পেয়েছে ওল্ড ডিওএইচএস। ইয়াং পেগাসাসের কাছে হার দিয়ে লিগ শুরু করা ওল্ড ডিওএইচএস শনিবার তাদের দ্বিতীয় ম্যাচে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে ভিক্টোরিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 02:49 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, ৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মেহরাব হোসেন জুনিয়রের অধিনায়কোচিত ইনিংসে প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম জয় পেয়েছে ওল্ড ডিওএইচএস। ইয়াং পেগাসাসের কাছে হার দিয়ে লিগ শুরু করা ওল্ড ডিওএইচএস শনিবার তাদের দ্বিতীয় ম্যাচে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে ভিক্টোরিয়াকে ৬ উইকেটে হারিয়েছে । ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অল্পের জন্য হার এড়িয়েছে বিমান। তাদের ৪১.৩ ওভারে মাত্র ১৪৮ রানে অলআউট করে দিয়ে আরেকটি অঘটনের সম্ভাবনা জাগিয়েছিল ইয়াং পেগাসাস। কিন্তু শেষ পর্যন্ত ১৪ রানে হেরে যায় তারা। অন্যদিকে বিকেএসপি দুই নম্বর মাঠে সোনারগাঁ ক্রিকেটার্সের বিপক্ষে ২৮ রানের জয় পেয়েছে কলাবাগান। শনিবারের তিনটি ম্যাচের মধ্যে কলাবাগানই (৪৮.৪ ওভারে ২১০) দু শ'র বেশি রান করা একমাত্র দল। তাদের ওপেনার নাজমুস সাদাত করেছেন সর্বোচ্চ ৫৭ রান। এরপর সোনারগাঁকে ৪৭.৩ ওভারে ১৮২ রানে শেষ করে দেওয়ায় বাঁ হাতি স্পিনার মুরাদ খানের (৪/৩৬) ভূমিকা সবচেয়ে বেশি। তবে ব্যাটিংয়ে ফিফটির পর বোলিংয়েও ৫১ রান খরচায় ২ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ হয়েছেন সাদাত। বিমান-পেগাসাস ম্যাচের নায়ক অবশ্য একজন বোলারই। লো-স্কোরিং ম্যাচে কোনো ব্যাটসম্যানের তা হওয়ার কথাও নয়। ওপেনার জাভেদ ওমর (৩৬) ও আহসানউল্লাহ (৩৩*) ছাড়া বিমানের আর কেউই পারেননি বলার মতো রান করতে। ১৪৮ রান তাড়া করতে নামা পেগাসাসকে শুরুতেই যে ধাক্কাটা দেন বিমানের পেসার মাহবুবুল আলম (৩/৩৪), সেটা আর তারা পরে সামলে উঠতে পারেনি। মাহবুবুল ৭ রানেই ৩ উইকেট হারানো দলে পরিণত করেন তাদের। তবুও পেগাসাসের আরেকটি অঘটন ঘটানোর স্বপ্ন টিকেছিল সাব্বির রহমানের (৫৩) ব্যাটে। শেষ ব্যাটসম্যান হিসেবে তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বিমানকে পরম স্বস্তি দেওয়া অলক কাপালিও (৩/৩২) বোলিংয়ে আলো ছড়িয়েছেন এদিন। ভিক্টোরিয়ার ব্যাটিংও ছিল 'ওয়ানম্যান শো'। ফরহাদ হোসেন ৪৯ রান না করলে তাদের ১৬২ রানেও পৌছানো হয় না। এই রান তাড়া করতে নেমে ওল্ড ডিওএইচএস ২৫ রানে ২ উইকেট হারালেও মেহরাব একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের তীরে পৌঁছে দেন। ম্যাচ সেরার পুরস্কারটা ৮৭ বলে ১১ বাউন্ডারি ও এক ছক্কায় ৮৫ রান করে অপরাজিত থাকা মেহরাবের হাতে ছাড়া আর কারো হাতে তাই উঠতেই পারতো না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০৪৬ঘ.