২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের সেঞ্চুরি আর হরভজনের কাছে হেরে গেল অস্ট্রেলিয়া

শুরুতে হরভজন, শেষে শচীন টেন্ডুলকার। দুজনের দাপটে শনিবার সিবি সিরিজের বেস্ট অব থ্রি ফাইনালের প্রথমটিতে ভারতের কাছে ৬ উইকেটে হেরে গেছে অস্ট্রেলিয়া। তাদের ৮ উইকেটে ২৩৯ রানে আটকে দিয়ে জয়ের পথ রচনা করে রেখেছিলেন বোলাররাই। তাতে ভূমিকা রেখে অন্য একটা লড়াই জিতে নিয়েছিলেন হরভজন সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 04:28 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

সিডনি, ২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুরুতে হরভজন, শেষে শচীন টেন্ডুলকার। দুজনের দাপটে শনিবার সিবি সিরিজের বেস্ট অব থ্রি ফাইনালের প্রথমটিতে ভারতের কাছে ৬ উইকেটে হেরে গেছে অস্ট্রেলিয়া। তাদের ৮ উইকেটে ২৩৯ রানে আটকে দিয়ে জয়ের পথ রচনা করে রেখেছিলেন বোলাররাই। তাতে ভূমিকা রেখে অন্য একটা লড়াই জিতে নিয়েছিলেন হরভজন সিং। তবে ভারতের জয় এসেছে শচীন টেন্ডুলকারের হাত ধরে। অস্ট্রেলিয়ায় কোনো ওয়ানডে সেঞ্চুরি ছিল না তার। ক্যারিয়ারের ৪২তম সেঞ্চুরি করে সেই অতৃপ্তি তো মেটানো হয়েছেই সেইসঙ্গে দারুণ স্বস্তির জয়টাও নিশ্চিত করেছেন রেকর্ডের নায়ক। ম্যাথু হেইডেন হরভজন সিংকে 'জঘণ্য আগাছা' বলে নতুন বিতর্ক শুরু করায় অন্য এক মাত্রা যোগ হয়েছে সিবি সিরিজ ফাইনালে। দু দলের কাছে ফাইনাল যেন স্বাভাবিকের চেয়েও বেশি সম্মানের। প্রথম দুটো কেউ জিতে না নিলে তিন ফাইনালে তিনটি সম্মানের লড়াই। তার প্রথমটিতে জিতেছে ভারত, জিতেছেন টেন্ডুলকার এবং হরভজন সিং। ভারতের চলতি অস্ট্রেলিয়া সফরের প্রায় পুরোটা সময় জুড়েই খবরের শিরোনামে থাকছেন হরভজন। সেটা যাদের সঙ্গে বিবাদ-বিতর্কে জড়ানোর ফল তারা হলেন ম্যাথু হেইডেন এবং অ্যান্ড্রু সাইমন্ডস। হরভজনের সাইমন্ডসকে 'বানর' ডাকা বা হেইডেনের হরভজনকে 'জঘণ্য আগাছা' বলে বিতর্কে জড়ানোর খবর এখন আর কারো অজানা নেই। ওসবের কারণে মাঠেও তিনজনের দিকে চোখ ছিল সবার। লড়াইয়ের ভেতরের লড়াইটা তো সেখানেই! সে লড়াইয়ের প্রথটায় হরভজনই জিতেছেন। টস জিতে ব্যাট করতে নেমেই প্রবীন কুমারের দুটো আর ইশান্ত শর্মার একটা ধাক্কায় গিলক্রিস্ট (৭), পন্টিং (১) আর মাইকেল ক্লার্ক (৪) নামের তিনটে দেয়াল ধ্বসে পড়ায় অস্ট্রেলিয়া নিয়ে নেয় ২৪ রানে ৩ উইকেট হারানো হতদরিদ্রের চেহারা। সেখান থেকে ১০৪ বলে ১০০ রান জুড়ে দলের স্কোরটাকে যারা ফুলিয়ে ফাঁপিয়ে তোলার চেষ্টা করছিলেন সেই দুজনই হেইডেন আর সাইমন্ডস। আর তানের ঘাতকের নাম হরভজন সিং। ৩১ রান করার পর তাকে তুলে মারতে গিয়েই প্রবীন কুমারের তালুতে প্রাণ হারান সাইমন্ডস। ৮৮ বলে ৮২ রান করে হেইডেন যে সেঞ্চুরির স্বপ্ন দেখছিলেন তা-ও পিযূষ চাওলার ক্যাচ বানিয়ে ভেঙ্গে দেন 'ভাজ্জি'। ইশান্ত শর্মাকে মল্লযুদ্ধে আহ্বান জানানো হেইডেন যখন মাঠ ছাড়ছেন তখন তার কাটা ঘা-য়ে নুনের ছিটা দিতে যুবরাজের সঙ্গে মিছেমিছি মুষ্টিযুদ্ধে মেতেছিলেন হরভজন সিং। অস্ট্রেলিয়ার ইনিংসে আর বলার মতো পারফর্মার একজনই। মাইকেল হাসি। তার ওই ৬৭ বলে ৪৫ রানের ইনিংসটা ছাড়া অস্ট্রেলিয়া দুশ'ও পেরোতে পারতো কিনা সন্দেহ। ভারতের ইনিংসের বড় ঘটনা টেন্ডুলকারের অতৃপ্তি মেটানো। অস্ট্রেলিয়ার মাটিতে তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি যে হবে তা ইনিংসের শুরু থেকেই বোঝা যাচ্ছিল। দু একবার পার্টনারের কারণে রান আউটের শঙ্কা জাগানো ছাড়া ১২০ বল আর ১০ চারে অপরাজিত ১১৭ রানের ইনিংস কখনোই অস্ট্রেলিয়ানদের দুর্ভাবনামুক্ত হতে দেয়নি। উদ্বোধনী জুটিতে ৫০ রান তোলার পর উথাপ্পা, দলের ৫৬ রানে রান আউট হয়ে গম্ভির আর ৮৭-তে যুবরাজ আউট হলেই কি! টেন্ডুলকার ক্রিজে থাকলে প্রতিপক্ষের দুর্ভাবনা তো থাকেই। চতুর্থ উইকেটে রোহিত শর্মাকে (৬৬) নিয়ে ১২৩ রান তুলে রিকি পন্টিংদের ম্যাচ থেকে ছিটকেই দেন 'লিটল জিনিয়াস'। বাকিটা ছিল আনুষ্ঠানিকতা। ভারতের জয়ের আর টেন্ডুলকারের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেয়ার!! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৮৩৮ ঘ.