সিডনি, ২৭ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত পনের মাসে তালিকায় কজন যোগ দিয়েছেন তার হিসেব কষতে গেলে ভুল হবেই। সেই অ্যাশেজ থেকে কজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে? হিসেবটা না হয় পরে কষুন,তার আগে জেনে নিন ব্র্যাড হগও সরে দাঁড়াচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। বুধবার অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার জানিয়েছেন, ভারতের বিপক্ষে সিবি সিরিজ ফাইনালের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না।
হগসহ গত এক মাসে তিনজন অস্ট্রেলিয়ান আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। প্রথমে শন টেইট, তারপর অ্যাডাম গিলক্রিস্ট এবং এবার ব্র্যাড হগ। বুধবার মাত্র ৭ টেস্ট ও ১২১ টি ওয়ানডে খেলার পরই এমন সিদ্ধান্তের কারণ জানাতে গিয়ে বাঁ-হাতি এই স্পিনার বলেছেন," আমি মনে করি আমার আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানার এটাই উপযুক্ত সময়। সিদ্ধান্তটা বেশ সচ্ছন্দে নিতে পেরেছি।"
ভারতের বিপক্ষে খেলেই অবসরে যেতে পারছেন বলে ডাক বিভাগের সাবেক চাকুরে ব্র্যাড হগ বেশ খুশি, কারণ, "আমার (আন্তর্জাতিক) ক্যারিয়ার শুরু হয়েছিল ভারতের বিপক্ষে। তাই ভাবছিলাম (অবসর নেয়ার সময়) যদি ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে পারি তাহলে বেশ হয়। আমি যা চেয়েছিলাম তা পেয়েছি বলে খুব ভালো লাগছে।"
ব্র্যাড হগের টেস্ট অভিষেক হয়েছিল ১৯৯৬ সালে, দিল্লিতে। তারপর শেন ওয়ার্নের দাপটে দ্বিতীয় টেস্ট খেলার সুযোগ পেয়েছেন সাত বছর পর। তবু ভালো, ইচ্ছা অনুযায়ী শেষ টেস্ট ম্যাচটা গত মাসে ভারতের বিপক্ষেই খেলতে পেরেছেন। নিয়মিত সুযোগ পাননি বলেই হয়তো তার টেস্ট রেকর্ডটা খুব একটা ভালো নয়। ৭ টেস্টে ৫৪.৮৮ গড়ে ১৭ উইকেট। ব্যাটিং রেকর্ডও তথৈবচ, ২৬.৫৭ গড়ে ১৮৬ রান। সেই তুলনায় ওয়ানডে রেকর্ডটা কিন্ত যথেষ্ট ভালো। ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ১২১ ম্যাচে ১৫৪ উইকেট পেয়েছেন ২৬.৭৩ গড়ে আর ১৯.৬৩ গড়ে করেছেন ৭৪৬ রান।
এমন আহামরি কোনো রেকর্ড নয়। তারপরও পুরোপুরি সন্তুষ্ট তিনি। অবসরের সিদ্ধান্ত জানানোর সময় তাই অনেকটা আত্মতৃপ্তি নিয়েই বললেন,"নিজের সেরা সময়ে, আমার পারফরম্যান্সের জন্য সতীর্থদের খাটো হতে হচ্ছে না- এমন একটা সময়েই আমি সরে দাঁড়াতে চেয়েছিলাম। আমি তা পারছি।"
গত ১৫ মাসে বেশ কয়েকজন ক্রিকেটারই সরে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, জাস্টিন ল্যাঙ্গার, ড্যামিয়েন মার্টিন, অ্যাডাম গিলক্রিস্ট, শন টেইট-এর পাশে নাম লেখানোর আগে ব্র্যাড হগ অবশ্য জানিয়েছেন আরো একটি বছর অস্ট্রেলিয়ায় ঘরোয়া ক্রিকেট খেলার ইচ্ছে আছে তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/১৫৪০ঘ.
bdnews24