ঢাকা, ২৬ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দলের হারে তার ক্যারিয়ার সেরা বোলিংয়ের আনন্দ অনেকটা ম্লান হয়ে গেছে। তাই বলে ওয়ারিদ সিরিজের প্রথম টেস্টে শাহাদাত হোসেনের পারফরম্যান্স বিফলে যায়নি একদম। দুই ইনিংস মিলিয়ে ৯৫ রানে ৯ উইকেট নেওয়ায় এলজি আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে অবস্থানের অনেকটাই উন্নতি হয়েছে এই ফাস্ট বোলারের। ১২ ধাপ উপরে উঠে এসে এখন তিনি বোলারদের তালিকার ৩৮ নাম্বারে।
এই সিরিজ দিয়েই বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌছার হাতছানি আছে ডেইল স্টেইনের। প্রথম টেস্টে ৭ উইকেট নেওয়া এই দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার এখন শীর্ষে থাকা মুত্তিয়া মুরালিধরনের চেয়ে ৩৭ পয়েন্টে পিছিয়ে। টেস্টের তৃতীয় দিন সকালে ৮ ওভারের স্পেলে ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জেতার স্বপ্ন শেষ করে দেওয়া জ্যাক কালিস এই পারফরম্যান্স দিয়েই ফিরেছেন বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ বিশে। এতে অবস্থান ১৯ হলেও অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিনিই এক নাম্বার। তবে ব্যাট হাতে দুই ইনিংসে ১৭ ও ৭ রান করায় কুমার সাঙ্গাকারাকে টপকে শীর্ষ ব্যাটসম্যান হওয়ার সুযোগ তো হারিয়েছেনই। এমনকি সেরা তিনেও জায়গা হারিয়ে কালিসের চার নাম্বারে চলে যাওয়ার খবর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আইসিসি।
কালিস ছাড়াও আরো দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের অবনমন হয়েছে। একধাপ করে নেমে অ্যাশওয়েল প্রিন্স এবং অধিনায়ক গ্রায়েম স্মিথ এখন যথাক্রমে ১৪ ও ১৯ নাম্বারে। তারা পেছালেও তিন ধাপ উঠে এসে এবি ডি ভিলিয়ার্স এখন ৩১ নাম্বারে। বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলেরও (একধাপ উঠে এখন ৪৬) অবস্থানে উন্নতি হয়েছে কিছুটা। তবে দ্বিতীয় ইনিংসে ৭৪ রান করে জুনায়েদ সিদ্দিকীর ব্যাপক উন্নতিই হয়েছে বলা যায়। ৯৮ থেকে এখন তালিকার ৭৫ নাম্বারে তার অবস্থান। বাজে পারফরম্যান্সের জন্য সাবেক অধিনায়ক হাবিবুল বাশার (৪৯ থেকে ৫৪) ও তামিম ইকবালের (৬৬ থেকে ৮৩) নীচে নেমে যাওয়াটা অবশ্য স্বাভাবিকই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯০০ঘ.
bdnews24