সিডনি, ২৬ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোড়ালির চোটের জন্য গত বিশ্বকাপে খেলতে পারেননি, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক শিরোপা জয়ের আনন্দ উপভোগ করতে পারেননি সতীর্থদের সঙ্গে। এবার সেই দুঃখ হয়তো ভুলে যাবেন ব্রেট লি। তিনিই যে ২০০৭এ অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার! অ্যালান বোর্ডার মেডেল নামে পরিচিত এই পুরস্কার এবারই প্রথম বারের মতো জিতলেন লি। এর সঙ্গে বছরের সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারটাও উঠেছে এই গতি-তারকার হাতে। সেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ম্যাথু হেইডেন।
এই হেইডেনের সঙ্গেই বর্ষসেরা ক্রিকেটার হওয়ার লড়াই হয়েছে ব্রেট লি'র। শেষ পর্যন্ত অ্যালান বোর্ডার মেডেল তিনি জিতেছেন ১২৫টি ভোট পেয়ে। হেইডেনের ভোট-সংখ্যা ১০৭টি, আর গত দু বার এই পুরস্কার বিজয়ী রিকি পন্টিংয়ের ৬৪টি। ২০০০ সালে গ্লেন ম্যাকগ্রার পর এই প্রথম কোনো বোলার পুরস্কারটা জিতলেন। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার লড়াইও ছিল মূলত লি আর হেইডেনের মধ্যেই। যেখানে লি ভোট পেয়েছেন ১২টি আর হেইডেন ৭টি। অবশ্য গত ১২ মাসে টেস্টে পারফরম্যান্সের বিচারে লি'র এই পুরস্কার জয় মোটামুটি অনুমিতই ছিল। এই সময়ে অস্ট্রেলিয়া ৬টি টেস্ট খেলেছে, যার মধ্যে দুটো ছিল শ্রীলঙ্কার বিপক্ষে আর অন্য চারটিতে তাদের প্রতিপক্ষ ছিল ভারত। শ্রীলঙ্কার সঙ্গে ১৭.৫৬ গড়ে ১৬ উইকেট নিয়েছেন লি, আর ভারতের বিপক্ষে ২২.৫৮ গড়ে ২৪ উইকেট। দুটোতেই তিনি ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন।
টেস্টে ব্রেট লি'র মতো ওয়ানডেতে হেইডেনের দুর্দান্ত পারফরম্যান্স। বিশ্বকাপে ৭৩.২২ গড়ে ৬৫৯ রান, গ্র"প পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৬৬ বলে চোখ-ধাঁধানো এক সেঞ্চুরি, বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত চ্যাপেল-হ্যাডলি সিরিজে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ১৮১ রান ---- সব মিলিয়ে সীমিত ওভারের ক্রিকেটে বছরটা অসাধারণ কেটেছে হেইডেনের। আর তাই ২৪ ভোট পেয়ে তিনিই বছরের সেরা ওয়ানডে ক্রিকেটার। ৫ ভোট কম পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন পন্টিং।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৩০ঘ.
bdnews24