২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অদ্ভূত আউটে বিস্মিত ডি ভিলিয়ার্স

ধারাভাষ্যকার কেপলার ওয়েসেলস তো এবি ডি ভিলিয়ার্সকে নট আউট বলেই ঘোষণা করে দিলেন। মোহাম্মদ আশরাফুলের দুই বাউন্সের ডেলিভারিতে ডি ভিলিয়ার্স আউট হওয়ার পর অবশ্য তার সঙ্গী ধারাভাষ্যকার লক্ষণ শিবরাম কৃষ্ণান নিশ্চুপই ছিলেন। বুদ্ধিমানের কাজই করেছেন বটে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ২৩ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ধারাভাষ্যকার কেপলার ওয়েসেলস তো এবি ডি ভিলিয়ার্সকে নট আউট বলেই ঘোষণা করে দিলেন। মোহাম্মদ আশরাফুলের দুই বাউন্সের ডেলিভারিতে ডি ভিলিয়ার্স আউট হওয়ার পর অবশ্য তার সঙ্গী ধারাভাষ্যকার লক্ষণ শিবরাম কৃষ্ণান নিশ্চুপই ছিলেন। বুদ্ধিমানের কাজই করেছেন বটে! শনিবার ওয়ারিদ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির সময় ধারাভাষ্য কক্ষ থেকে লিফটে নীচে নামার সময় ভারতের এই সাবেক লেগস্পিনার বলছিলেন, "আমি নিশ্চিত ছিলাম না বলে সেসময় চুপ ছিলাম।" ততক্ষণে অবশ্য জটিল ক্রিকেট আইনের অন্ধকার থেকে বেরিয়ে এসেছেন সবাই। স্টিভ বাকনরও যে ভুল সিদ্ধান্ত দেননি, বরং ক্রিকেটের ২৪ নম্বর আইনের ছয় ধারা মেনেছেন, সেটাও জানা হয়ে গেছে সবার। নিজের কথাটা গেলা ছাড়া কোনো উপায়ই ছিল না দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের। অবশ্য এই আইনটা জানা ছিল না অদ্ভুত আউটের শিকার ডি ভিলিয়ার্সেরও। দ্বিতীয় দিনের শেষে সংবাদ সম্মেলনে এসে বললেন, "এই নিয়মটা আমিও জানতাম না। আমি আশা করছিলাম কেউ একজন এসে এটাকে নো বল কিংবা এ জাতীয় কিছু একটা বলবে।" অপেক্ষায় থেকে এরপর স্কয়ার লেগ আম্পায়ার আলীম দারের শরণাপন্ন হওয়ার পর যা শুনেছেন, তাও লুকোলেন না, "জিজ্ঞেস করার পর আমাকে বলা হলো যে দুবারের বেশি বাউন্সে বল গেলে তবেই ওটাকে নো কল করা যেত।" তবে এভাবে আউট হওয়াটা যে তিনি মেনে নিতে পারছেন না, তাও বেশ বোঝা গেল ডি ভিলিয়ার্সের কথায়, "এমনকি পপিং ক্রিজের আগে দুবার বাউন্স খেয়ে আসা বলে একজন বোলার উইকেট পাচ্ছে, বিষয়টাকে অনৈতিকই মনে হয় আমার। আমি আউট হতে পারি না, সেসময় আমার এটাই মনে হচ্ছিল। খুবই বিরল আউট এটা।" বিরল তো বটেই। না হলে কী আর ওই আউটের পর পরই ক্রিকেটের বিচিত্র বেশ কিছু আউটের লম্বা এক তালিকা ওয়েবসাইটে তুলে দেয় ক্রিকইনফো! বাংলাদেশের কোচ জেমি সিডন্সও তো স্বীকার করলেন, "আমার জীবনে এরকম আউট আর দেখিনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১৩৪ঘ.