২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দলের আফসোস, দুই দলের আশা

হতাশাজনক ব্যাটিংয়ের পরও উজ্জীবিত বোলিং নিয়ে আলাদা করে কোনো প্রশ্ন করার দরকার হয়নি জেমি সিডন্সকে। বাংলাদেশ দলের কোচ নিজেই ওয়ারিদ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটায় নিজ দলের পারফরম্যান্সের সারমর্ম দাঁড় করিয়েছেন এভাবে, "দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলার দারুণ এক সুযোগ এখন আমাদের সামনে। তবে আমরা যা রান করেছি, তার চেয়ে আরো একশো রান বেশি হওয়া উচিত ছিল।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2008, 04:13 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ২২ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- হতাশাজনক ব্যাটিংয়ের পরও উজ্জীবিত বোলিং নিয়ে আলাদা করে কোনো প্রশ্ন করার দরকার হয়নি জেমি সিডন্সকে। বাংলাদেশ দলের কোচ নিজেই ওয়ারিদ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটায় নিজ দলের পারফরম্যান্সের সারমর্ম দাঁড় করিয়েছেন এভাবে, "দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলার দারুণ এক সুযোগ এখন আমাদের সামনে। তবে আমরা যা রান করেছি, তার চেয়ে আরো একশো রান বেশি হওয়া উচিত ছিল।" ১৯২-র সঙ্গে আরো একশো রান যোগ করলে তিনশোর কাছাকাছিই দাঁড়ায়। আর এই রানটা করতে পারলে কী হত, সে সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকার কোচ মিকি আর্থারের কাছ থেকেও। ৪ উইকেটে ৭৬ রান নিয়ে প্রথম দিনের শেষে বিপদেই আছে তার দলও। এখান থেকে যেখানে পৌছানোকে নিরাপদ বলে মনে করছেন তিনি, সেটা শুনুন, "আমরা যদি এখানে তিনশো রানও করতে পারি, তাহলেও সেটা খুব ভালো স্কোর।" উপমহাদেশের উইকেটের ধরনটা জানেন বলেই এমন কথা বলেছেন তিনি,"আসলে উপমহাদেশের উইকেটে যা করার প্রথম ইনিংসেই করে নিতে হয়। কারণ এখানকার উইকেটগুলোতে চতুর্থ ইনিংসে ব্যাটিং করাটা ভীষণ কঠিন।" একারণেই টস জিততে না পারাটা এখনো তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে আছে। গ্রায়েম স্মিথও টস জিতলে আগেই ব্যাটিং করার সিদ্ধান্ত নিতেন। কিন্তু টস জিতেও স্কোরবোর্ডে বেশি রান জমা করতে না পারার দায়টা দলের তাবত ব্যাটসম্যানদের হয়ে নিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলই, "টস জেতাটা আমাদের জন্য প্লাস পয়েন্ট ছিল। আমরা যা করেছি তার চেয়েও ইনিংসটার চেহারা ভালো হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের চার-পাঁচজন ব্যাটসম্যান সেট হয়ে আউট হয়ে গেছে।" ব্যর্থতায় নিজেকেও উদাহরণ হিসেবে টেনেছেন তিনি, "আমিও ভুল সময়ে আউট হয়েছি। তখন মনে হয় লাঞ্চের ৯ মিনিট বাকি ছিল। পুরো ইনিংসে ওই একটাই বাজে শট আমার।" দলের ব্যাটিং ব্যর্থতাকে কোনোভাবে জায়েজ করার পথও বন্ধ হয়ে গেছে অধিনায়কের কথাতেই। প্রসঙ্গ যখন খোদ তাদের কাছেও রহস্যাবৃত হয়ে থাকা মিরপুরের উইকেট, তখন আশরাফুল বললেন, "সত্যি কথা বলতে কী, উইকেট আরো খারাপ হবে ভেবেছিলাম আমি। কিন্তু আজ দেখলাম ব্যাটিংয়ের জন্য এটা মোটেও খারাপ নয়। আমাদের লক্ষ্য ছিল আড়াইশোর বেশি রান করার।" সেটা না হলেও বোলারদের পারফরম্যান্সে লড়াইয়ের রসদ পেয়ে গেছেন বলেই মনে হল তার কথায়। তা পাওয়ারই কথা। কারণ প্রতিপক্ষের কোচও বাংলাদেশের বোলারদের প্রাপ্য কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি, "এটা বলতেই হবে যে ওরাও খুব ভালো বোলিং করেছে।" তাই বলে নিজের হতাশাটাও গোপন করেননি মিকি আর্থার, "বোলাররা যেভাবে বল করেছে তাতে আমি খুশী। তবে ব্যাটিং নিয়ে কিছুটা হতাশা আছে আমার।" আর্থারের হতাশাতেই আছে আশরাফুলের আশার আলো, "১৯২ও খারাপ স্কোর না। ওদেরও চারটা উইকেট পড়ে গেছে। কাল (শনিবার) সকালে যদি ভালো লাইনে বল করতে পারি আমরা তাহলে ওদেরকে আরো চাপে ফেলতে পারবো।" চাপে ফেলার জন্য উইকেটটাও বন্ধুর মতো হাত বাড়াচ্ছে বলেও হয়তো মনে করছেন তিনি, "উইকেটে বল লো হচ্ছে। এটাও আমাদের জন্য প্লাস পয়েন্ট।" মোহাম্মদ রফিকের বলে যে জ্যাক কালিস বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো আউট হলেন, তাতে বল নীচু হওয়ারও বেশ ভূমিকা আছে। তাহলে কতো রানে আটকে দেওয়া সম্ভব প্রোটিয়াদের? মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এমন প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক যে জবাব দিলেন, তার প্রথম অংশটা হাস্যকরও মনে হতে পারে, "একশোর নীচেও হতে পারে। আবার আড়াইশোর মধ্যেও হতে পারে। এটা নির্ভর করবে আমরা কেমন বল করি তার ওপর।" অল্প পুঁজি নিয়েও এখন দক্ষিণ আফ্রিকাকে তাড়াতাড়ি গুটিয়ে দেওয়ার স্বপ্ন আশরাফুল দেখতে পারেন কারণ, "আমি আগেও বলেছি, ২০টা উইকেট নেওয়ার ক্ষমতা আমাদের বোলারদের আছে।" ব্যাটসম্যানদেরও রান করার ক্ষমতা আছে বলে জানানো হয় প্রায়ই। কিন্তু সেটা দেখা হয় কালেভদ্রেই। অথচ ফতুল্লায় চারদিনের ম্যাচে বিসিবি একাদশের ৯ উইকেটে ৪১২ রান করার বিষয়টা এই টেস্টে খুব কাজে দেবে বলেই আগেরদিন জানিয়েছিলেন আশরাফুল। কিন্তু এবারো ব্যাটিং ব্যর্থতার পর বাংলাদেশ অধিনায়ক প্রসঙ্গটা এড়াতে চাইলেন এ কথা বলে, "প্র্যাকটিস ম্যাচ ও টেস্ট ম্যাচ আলাদা।" কী বলবেন এটাকে! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১০ঘ.