ঢাকা, ২১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এমনিতেই তার হৃদয়ে আলাদা জায়গা থাকার কথা বাংলাদেশের। গ্রায়েম স্মিথের টেস্ট অধিনায়কত্বের অভিষেকই যে হয়েছিল এখানে! এবার দক্ষিণ আফ্রিকার অধিনায়কের আরেকটা গৌরবজনক মাইলফলকের চৌকাঠও বাংলাদেশ। শুক্রবার সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে টস করতে নামার সঙ্গে সঙ্গেই হানসি ক্রনিয়েকে ছুঁয়ে ফেলবেন স্মিথ। আর তা সবচেয়ে বেশি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক হিসেবে। তবে তিনি একাই নন। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ওয়ারিদ সিরিজ দু'দলের আরো কয়েকজনের জন্যই হয়ে থাকছে মাইলফলক ছোঁয়ার সিরিজ। এমনকি এখানে হয়ে যেতে পারে নতুন কোনো বিশ্বরেকর্ডের জন্মও।
মিরপুরে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০-তম টেস্ট খেলতে যাচ্ছেন হাবিবুল বাশার। ২০০৪ সালের অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে আঙ্গুলের চোটের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ মিস করতে না হলে হয়তো এই অর্জনটা তার আরো আগেই হয়ে যেতো। একারণেই বাংলাদেশের ৫২-তম টেস্টে এসে টেস্ট খেলার ফিফটি হচ্ছে এই সাবেক অধিনায়কের। ওদিকে এই সিরিজকেই নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ সিরিজ বলে ঘোষণা দেওয়া মোহাম্মদ রফিকের সামনেও আছে একটা ক্ষেত্রে বাংলাদেশের 'প্রথম' হওয়ার হাতছানি। ৩১ টেস্টে ৯৪ উইকেট, তার মানে আর ছয়টা হলেই প্রথম বাংলাদেশী বোলার হিসেবে টেস্টে উইকেটের সেঞ্চুরি হবে তার। মিরপুরেই সেটা হবে? বৃহষ্পতিবার সকালে শেরেবাংলা স্টেডিয়ামে এমন প্রশ্নের জবাবে মৃদু হেসে দেশসেরা এই স্পিনার বললেন, "দেখা যাক, হয়তো এখানেই হয়ে যাবে।"
মিরপুরেই রফিকের একশ উইকেট হওয়া নিয়ে অনিশ্চয়তা যতটা, ততটা বোধহয় নেই মার্ক বাউচারের বিশ্বরেকর্ড গড়া নিয়ে। অ্যাডাম গিলক্রিস্টের ৯৬ টেস্টে ৪১৬ ডিসমিসালের বিশ্বরেকর্ডের মালিকানায় ভাগ বসাতে দক্ষিণ আফ্রিকান উইকেটকিপারের চাই আর মাত্র ৩টি ডিসমিসাল। কিছুদিন আগে বাউচারই ছিলেন এই রেকর্ডের মালিক। নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজে তাকে টপকে যান 'গিলি'। এ সিরিজে তাকে ছাড়িয়ে গেলে বহু বছর টিকে থাকবে সেই রেকর্ড। এখন খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে রেকর্ডবুকে বাউচারের নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমার সাঙ্গাকারা (১৪৭) যিনি এখনো যোজন যোজন পেছনে। বৃহষ্পতিবার মিরপুরে দক্ষিণ আফ্রিকার সাংবাদিক ইয়োহান ডে ইয়াগার বলছিলেন, "এবার নিশ্চয়ই গিলি বাউচারকে এসএমএস পাঠাবে।" কিছুদিন আগে এই রেকর্ডটি নিজের করে নেওয়ায় গিলক্রিস্টকে এসএমএস করে অভিনন্দন জানিয়েছিলেন বাউচার। ফিরতি অভিনন্দন বার্তা পাঠানোর জন্য বোধহয় বেশিদিন অপেক্ষা করতে হচ্ছে না গিলক্রিস্টকে।
মাখায়া এনটিনিরও অ্যালান ডোনাল্ডকে ছুঁতে বেশি অপেক্ষায় থাকার কারণ নেই। টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলার হিসেবে শন পোলকের (৪২১ উইকেট) পরেই আছেন অ্যালান ডোনাল্ড (৩৩০)। তাকে ছাড়িয়ে যেতে আর দুটো উইকেট চাই এনটিনির (৩২৯)। আরেক পেসার ডেইল স্টেইনের সামনে দু'দুটো হাতছানি। প্রথমটা একশ উইকেটের। আর দ্বিতীয়টা অ্যালান ডোনাল্ড ও হিউ টেফিল্ডকে (দু'জনেই একশ উইকেটের মাইলফলকে পৌঁছেছিলেন ২২ টেস্টে) টপকে এই মাইলফলকে পৌঁছানো দ্রুততম দক্ষিণ আফ্রিকান হওয়ার। ১৮ টেস্টে ৯১ উইকেট পাওয়া স্টেইন বাংলাদেশেই ওই জায়গায় পৌঁছানোর জন্য পাচ্ছেন দুটো টেস্ট।
কোনো দুর্ভাগ্যের শিকার না হলে স্মিথও ক্রনিয়েকে ছাড়িয়ে যাচ্ছেন এ সিরিজেই। ৫৩ টেস্টে প্রোটিয়াদের নেতৃত্ব দেওয়া ক্রনিয়েকে ছোঁয়ার আগেরদিন প্রসঙ্গটা তুলতেই রীতিমতো আপ্লুত হয়ে গেলেন স্মিথ, "দক্ষিণ আফ্রিকাকে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দেব এমনটা আমি স্বপ্নেও ভাবিনি। অবশ্যই এটা আমার জন্য দারুণ এক সন্মান এবং সেই সঙ্গে অসাধারণ এক অর্জনও।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/ ২১২৫ ঘ.
bdnews24