২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমস্যাক্রান্ত দক্ষিণ আফ্রিকাও বাংলাদেশের আশা!

এতদিন ব্যাটিংকেই নিজেদের একমাত্র সমস্যা মেনে এসেছে বাংলাদেশ। তবে এবার তাদের সেখান থেকে উত্তরণের শক্তি যোগাচ্ছে ফতুল্লার তিনদিনের ম্যাচের পারফরম্যান্স। অন্যদিকে ওই ম্যাচেই পেসারদের ছন্দহীনতা নিয়ে দুশ্চিন্তায় পড়া দক্ষিণ আফ্রিকার সমস্যা একাধিক। ওসবের প্রভাব যদি শুক্রবার থেকে শুরু ওয়ারিদ সিরিজের প্রথম টেস্টে গ্রায়েম স্মিথদের পারফরম্যান্সে পড়ে, তাহলে? মোহাম্মদ আশরাফুেলর খুব ভালো কিছুর প্রত্যাশা বেড়ে যাবে। জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2008, 02:17 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ২১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এতদিন ব্যাটিংকেই নিজেদের একমাত্র সমস্যা মেনে এসেছে বাংলাদেশ। তবে এবার তাদের সেখান থেকে উত্তরণের শক্তি যোগাচ্ছে ফতুল্লার তিনদিনের ম্যাচের পারফরম্যান্স। অন্যদিকে ওই ম্যাচেই পেসারদের ছন্দহীনতা নিয়ে দুশ্চিন্তায় পড়া দক্ষিণ আফ্রিকার সমস্যা একাধিক। মাঠের বাইরের সমস্যায় যেমন তারা আছে, তেমনি মানসিক ঝামেলা পোহানোর কিছু বিষয় চলে আসছে মাঠেও। এসবের প্রভাব যদি শুক্রবার থেকে শুরু ওয়ারিদ সিরিজের প্রথম টেস্টে গ্রায়েম স্মিথদের পারফরম্যান্সে পড়ে, তাহলে? মোহাম্মদ আশরাফুল যেন এমন কিছুর অপেক্ষাতেই আছেন, "তাহলে তো আমাদের জন্য খুবই ভালো হয়।" তাহলে প্রতিপক্ষকে চেপে ধরার সুযোগ উন্মুক্ত হয়ে যায় আরো। এবং গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই নিজেদের টেস্ট পারফরম্যান্সের নিম্নমুখী গ্রাফ ওপরে তোলার বন্দোবস্তও হয়ে যায় তাতে! বোর্ড সভাপতি নরম্যান আরেন্ডসের সঙ্গে প্রোটিয়া ক্রিকেটারদের চলমান বিরোধ কিছুদিনের মধ্যেই তুঙ্গে পৌঁছাবে বলে ধারণা এই সিরিজ কাভার করতে আসা সাংবাদিক ইয়োহান ডে ইয়াগারের, "নিশ্চিত থাকুন, কয়েক সপ্তাহের মধ্যেই সমস্যাটা চরমে পৌঁছাবে। এই দলের অনেকেই তখন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও অবাক হবেন না।" এমন আশঙ্কা স্মিথদের কাতর না করে কি পারে? মাঠে নামার সময়ও নিশ্চিন্তে থাকার উপায় নেই তাদের। ২০০৬ সালের জানুয়ারিতে সিডনি টেস্টে অভিষেকের দুই বছর পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামছেন ইয়োহান বোথা। সিডনিতে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য এই অফস্পিনারকে অভিযুক্ত করা আম্পায়ার আলীম দারও দাঁড়াচ্ছেন এই টেস্টে। বোথা অ্যাকশন শুধরালেও প্রোটিয়া শিবিরে এটা নিয়ে জড়তা কাজ করবেই। তিনদিনের ম্যাচের দলে একটা পরিবর্তন এনেই এই টেস্টে নামছে তারা। জাঁ পল ডুমিনির জায়গায় অধিনায়ক গ্রায়েম স্মিথের সঙ্গে ওপেন করতে নামবেন নিল ম্যাকেঞ্জি। বেশ কিছুদিন পর দলে ফেরা ম্যাকেঞ্জি নিয়েছেন হার্শেল গিবসের জায়গা। সুতরাং রান করার পাহাড়সম চাপও থাকবে তার ওপর। তেমনি তিনদিনের ম্যাচে পথ হারানো (বিসিবি একাদশ করেছিল ৯ উইকেটে ৪১২ রান) মাখায়া এনটিনি, ডেইল স্টেইন ও মরনে মরকেলদের ওপর থাকবে পথে ফেরার চাপ। তাদের অধিনায়কের কথায়ও এসেছে সেই প্রসঙ্গ, "ইতিমধ্যে কয়েকজন বোলারের পারফরম্যান্স আমার চিন্তার কারণ হয়েছে। আগামী পাঁচদিনে সামর্থের পুরোটা নিংড়ে দিতে হবে আমাদের।" এত চাপ বাংলাদেশের জন্য সহায়কও হয়ে যেতে পারে। বাংলাদেশ অধিনায়ক তো আর এমনি এমনি বলছেন না, "আমি মনে করি. ২০ উইকেট নেওয়ার ক্ষমতা আমাদের বোলারদের আছে। এখন ব্যাটসম্যানরা রান করলে ফল ভালো হবে। জিতেও যেতে পারি আমরা।" কিন্তু ব্যাটসম্যানরা তো বেশিরভাগ সময়ই ব্যর্থ হন। এবার কি একটু নিশ্চিন্ত আশরাফুল? কেন এতটা নিশ্চিন্ত? উত্তরটা ছির এরকম, "প্র্যাকটিস ম্যাচে বোর্ড একাদশ ভালো খেলেছে। দলের পাঁচ-ছয়জন জাতীয় দলেও আছে। তাই একই ফল নয়, তার চেয়েও ভালো ফল আশা করছি। বিশ্বকাপের পর থেকে টেস্ট ক্রিকেটে আমরা ভালো করছি না। আশা করবো আগামীকাল (শুক্রবার) থেকে আমাদের উন্নতি শুরু হবে। বোর্ড একাদশ ভালো ব্যাট করেছে বলে ব্যাটিং নিয়ে দুঃশ্চিন্তাটাও এখন নেই।" সংবাদ সম্মেলনে আশরাফুলের পাশে বসা কোচ জেমি সিডন্সকেও ব্যাটিং নিয়ে বেশ আশাবাদীই মনে হলো। নিজেদের মধ্যে হয়ে যাওয়া ছয়টি প্র্যাকটিস ম্যাচের ব্যাটিং নিয়ে কিছুদিন আগেও যিনি প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন, সেই তিনি ফতুল্লার ম্যাচের পর ব্যাটিং নিয়ে মুগ্ধ, "এই টেস্টে খেলতে যাচ্ছে এমন কয়েকজন ব্যাটসম্যান ফতুল্লায় যারা নিজেদের ক্ষমতাটা দেখিয়েছে। তা দেখে খুব ভালো লেগেছে আমার।" নিউজিল্যান্ড সফর থেকে যার ব্যাটিংয়ে সিডন্স মোটামুটি সন্তুষ্ট সেই তামিম ইকবাল সম্ভবত এই টেস্টে খেলছেন না। "ও শতকরা ৯৫ ভাগ ফিট"- সিডন্সের এই কথাতেই তেমন আভাস। রাজিন সালেহ ও সাজিদুল ইসলামকে বাইরে রেখে যে ১২ জনের দল করেছে বাংলাদেশ তাতে তামিম থাকলেও তার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলের ইনজুরি নিয়ে একটুও ঝুঁকি নিতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। তাই জুনায়েদ সিদ্দিকীর সঙ্গে শাহরিয়ার নাফীসেরই ইনিংস ওপেন করার কথা। ওদিকে তিনজন স্পিনার থাকছেন বলে মাশরাফি বিন মর্তুজা ও শাহাদাত হোসেনের সঙ্গে তৃতীয় পেসারের ভূমিকাটা নিতে হচ্ছে আফতাবকেই। তবে বাংলাদেশ দলের প্রত্যাশা একটু বেশি আব্দুর রাজ্জাকের কাছে। মাত্র দুটো টেস্ট খেললেও এই সিরিজে বাংলাদেশের 'গোপন অস্ত্র' ভাবা হচ্ছে বাঁ হাতি এই স্পিনারকেই। এমনিতে বাংলাদেশ দলকে নিয়ে একটা সমস্যা আছে প্রোটিয়াদের। গ্রায়েম স্মিথের মুখ থেকেই শোনা যাক সেটা, "অন্যান্য দলের সঙ্গে আমরা যতটা খেলি , বাংলাদেশের সঙ্গে ততটা খেলা হয় না। ওদের ক্রিকেটারদের আমরা সেভাবে চিনি না। এই টেস্টের আগে যতটা সম্ভব তাদের ব্যাপারে জানার চেষ্টা করেছি।" বাংলাদেশের বিপক্ষে আগের চার টেস্টেই ইনিংস ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তারপরও গ্রায়েম স্মিথ প্রতিপক্ষকে হালকাভাবে নিতে পারছেন না সম্ভবত বিশ্বকাপে হারের স্মৃতি আছে বলেই , "আমরা পাকিস্তান থেকে জিতে গেছি। এটা খুব বেশিদিন আগের কথা নয়। তবে এখানে খেলতে আসাটাও আমাদের কাছে বড় এক চ্যালেঞ্জ। বাংলাদেশকে সমীহ করেই খেলতে নামছি আমরা। তাদের যা পাওনা সেটা আপনাকে দিতেই হবে।" তাছাড়া স্মিথরা খেলতে নামছেন মিরপুরের উইকেটে, যা কিনা বাংলাদেশের ক্রিকেটারদের কাছেও এখনো রহস্যাবৃত। আশরাফুল অবশ্য এটা নিয়ে মাথাই ঘামাচ্ছেন না, "উইকেট নিয়ে কিছু বলার নেই। দেড় বছর ধরে এখানে (মিরপুর) খেলে আসছি। যদিও এই উইকেট একটু ভিন্ন। আমাদের যদি সমস্যা হয়ই, তাহলে ওদের আরো বেশি হবে।" তার মানে, একগাদা সমস্যায় জর্জরিত দক্ষিণ আফ্রিকার সমস্যা হওয়ার জন্যও তৈরি হয়ে আছে আরো অনেক কিছু। আর বাংলাদেশের আশার পালে হাওয়াটাও বেশি লাগছে এজন্য! বাংলাদেশের সম্ভাব্য একাদশ : জুনায়েদ সিদ্দিকী, শাহরিয়ার নাফীস, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক এবং শাহাদাত হোসেন। দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ : গ্রায়েম স্মিথ, নিল ম্যাকেঞ্জি, হাশিম আমলা, জ্যাক কালিস, অ্যাশওয়েল প্রিন্স, এবি ডি ভিলিয়ার্স, মার্ক বাউচার, ইয়োহান বোথা, মরনে মরকেল, ডেইল স্টেইন এবং মাখায়া এনটিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/২০০৪ ঘ.