২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু আর শেষের সুযোগ কাজে না লাগানোর ফল দক্ষিণ আফ্রিকার ৩২৯

দিনের শুরু আর শেষের দিকে পাওয়া সুযোগ কাজে না লাগানোর ফল স্কোরবোর্ডেই দেখতে পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। রোববার নারায়ণঞ্জ ওসমানী স্টেডিয়ামে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনশেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮ উইকেটে ৩২৯। অথচ সুযোগ এসেছিল তাদেরকে তিনশোর কমেই আটকে দেওয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ১৭ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দিনের শুরু আর শেষের দিকে পাওয়া সুযোগ কাজে না লাগানোর ফল স্কোরবোর্ডেই দেখতে পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। রোববার নারায়ণঞ্জ ওসমানী স্টেডিয়ামে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনশেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮ উইকেটে ৩২৯। অথচ সুযোগ এসেছিল তাদেরকে তিনশোর কমেই আটকে দেওয়ার। দিনের শুরুতেও এসেছিল তাদের আরো চেপে ধরার সুযোগ। প্রথম সুযোগটা এনে দিয়েছিলেন কাঁধের ইনজুরি থেকে ফিরে পুরো ছন্দের ইঙ্গিত দেয়া বাঁহাতি পেসার সৈয়দ রাসেল। চটজলদি দুই ওপেনারকে ফিরিয়ে দেওয়ার পর শুরুতেই জ্যাক ক্যালিসের ক্যাচ না পড়লে দক্ষিণ আফ্রিকার বিপর্যয় আরো বেড়ে যেতে পারতো। ক্যালিস অবশ্য বেশি কিছু করতে পারেননি। তবে অন্যপ্রান্তে নিঁখুত ব্যাটিংয়ের প্রতীক হয়ে ওঠা হাশিম আমলা তাকে নিয়ে গড়ে ফেললেন ১২৪ রানের তৃতীয় উইকেট পার্টনারশিপ। আমলার সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যাওয়া প্রোটিয়াদের তবু প্রথম দিনেই অলআউট করার সম্ভাবনা জাগিয়েছিলেন ফরহাদ রেজা। হ্যাটট্রিক না পেলেও শেষ বিকেলে দুই ওভার মিলিয়ে তার পাঁচ বল এবং ম্যাচের ১১ বলের মধ্যে তিন তিনটি উইকেট তুলে নেন এই মিডিয়াম পেসার। তার পরও ৮ উইকেটে ২৭৪ থেকে দিনশেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩২৯ রানে পৌঁছে যাওয়ার কারণ বলছেন শুরুতে দক্ষিণ আফ্রিকাকে ধাক্কা দেওয়া পেসার রাসেল, "শেষের দিকে আমরা একটু বেশিই রান দিয়ে ফেলেছি।" আর এই সুযোগটা টেল এন্ডার ডেইল স্টেইনকে (১৯*) নিয়ে ভালোই কাজে লাগিয়েছেন মার্ক বাউচার (৬৪*)। অবিচ্ছিন্ন নবম উইকেটে ৫৫ রানের পার্টনারশিপ গড়েছেন তারা। এর আগে ষষ্ঠ উইকেটে এবি ডি ভিলিয়ার্স ও বাউচারের ৪৫ রানের পার্টনারশিপ প্রথম দিনে বিসিবি একাদশকে ম্যাচে আর ফিরতে দেবে না বলেই মনে করাচ্ছিল। কিন্তু প্রথম ৩ ওভারে ২২ রান দেওয়া ফরহাদ ঝলসে উঠলেন শেষ বিকেলে। তার করা ইনিংসের ৭৫তম ওভারের পঞ্চম বলটা সামলাতে পারেননি ডি ভিলিয়ার্স (৩৯)। ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে যান তিনি। একই ধরনের পরের বলে জোহান বোথাও (০) এলবিডব্লু এবং হ্যাটট্রিকের জন্য ফরহাদের পরের ওভারের পর্যন্ত অপেক্ষা। বাউচার সিঙ্গেল নিয়ে হ্যাটট্রিক ঠেকালেও মর্নে মরকেলের আয়ু ছিল মাত্র দুই বল। মরকেল উইকেটের পেছনে ক্যাচ দেয়ায় ৫ উইকেটে ২৭২ থেকে দক্ষিণ আফ্রিকা পরিণত হয় ৮ উইকেটে ২৭৪ রানে। নড়বড়ে শুরুর পরও তাই দিনের শেষে বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ফরহাদই (১৭-৫-৫২-৩)। শুরুতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ভোগানো রাসেলের (১৮-৪-৮৬-২) বোলিং ফিগারেও লেখা হতে পারতো তিন উইকেট। অধিনায়ক গ্রায়েম স্মিথকে (২) লেগ বিফোরের ফাঁদে ফেলার পর অন্য ওপেনার জাঁ পল ডুমিনিকেও (১৭) উইকেটের পেছনে ক্যাচ বানান তিনি। সুবাদে ৩৫ রানে ২ উইকেট নেই দক্ষিণ আফ্রিকার। এটা হতে পারতো তিন উইকেটও, যদি রাসেলের বলেই উইকেটকিপার মুশফিকুর রহিম শূন্য রানে দাঁড়ানো ক্যালিসের ক্যাচটা না ফেলতেন। ১৭ রানের সময়ও জীবন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটসম্যান। কিন্তু সেবার এনামুল হক জুনিয়রের বলে প্রথম স্লিপে ক্যাচ ফেলেছেন জুনায়েদ সিদ্দিকী। এনামুলকে অবশ্য বঞ্চনার আগুনে বেশিক্ষণ পুড়তে হয়নি। কারণ শেষ পর্যন্ত এই বাঁ হাতি স্পিনারেরই শিকার হয়েছেন ক্যালিস (৩৬), মিডঅনে ফরহাদের ক্যাচ হয়ে। ততক্ষণে প্রাথমিক বিপর্যয় সামলে অনেকদূর এগিয়ে গেছে প্রোটিয়ারা। ক্যালিস শুরু থেকে নড়বড়ে হলেও তাদের রানপ্রবাহ ঠিক রাখছিলেন আমলা। ক্যালিস ৮৮ বল খেলে ৩৬ রান করলেও আমলার ফিফটি এসেছে ৫০ বলে। আর সেঞ্চুরি ১১২ বলে। এনামুলকে মিড অন দিয়ে অষ্টাদশ বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরিতে পৌঁছানোর পরপরই অবশ্য একই বোলারের শিকার হয়েছেন আমলা (১০৩)। তাকে উইকেটের পেছনে ক্যাচ বানানো এনামুলের বোলিং ফিগারটাও ভালোই, ২২-৩-৭১-২। মাঝে কয়েক ওভারের জন্য আফতাব আহমেদকেও বোলিংয়ে এনে সাফল্য পেয়েছেন বিসিবি একাদশের অধিনায়ক সাকিব আল হাসান। আফতাবকে রিটার্ন ক্যাচ দিয়েছেন অ্যাশওয়েল প্রিন্স (৩২)। ৫৮ রানের পঞ্চম উইকেট পার্টনারশিপ ভেঙ্গেছে তাতে। তবুও দিনের শেষে প্রতিপক্ষের ইনিংস তিনশো ছাড়ানোর দায়দায়িত্ব বোলারদেরই নিতে হচ্ছে কিছুটা। রাসেল তা নিয়েছেনও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯১২ঘ.