অ্যাডিলেড, ১৭ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একে ব্রেট লি বিশ্রামে। তার ওপরে টার্গেটও তেমন কঠিন কিছু নয়। কিন্তু ২০৪ রানের লক্ষ্যের পিছু ধাওয়া করতে নামা ভারতের ইনিংস মাত্র ১৫৩ রানেই শেষ! রোববার ত্রিদেশীয় কমনওয়েল ব্যাংক সিরিজে ৫০ রানের বড় জয় বোনাস পয়েন্ট এনে দেয়ার পাশাপাশি শীর্ষস্থানও সুসংহত করেছে অস্ট্রেলিয়ার। ৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ওয়ানডে বিশ্বকাপের হ্যাট্রিক শিরোপা জয়ীদের ফাইনালে উত্তরণও প্রায় নিশ্চিত। সমান ম্যাচ খেলে ৮ পয়েন্ট পাওয়া ভারতের অবস্থান দ্বিতীয়। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে শ্রীলঙ্কার অবস্থান।
বোলারদের প্রাধান্য বিস্তৃত ম্যাচটিতে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক কিন্তু এক জন ব্যাটসম্যান। পাঁজরের জখমের কারণে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তায় থাকা মাইকেল ক্লার্কের ৭৯ রানের সৌজন্যেই দু শ' পেরিয়েছে অস্ট্রেলিয়ার সংগ্রহ। অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নামা বিশ্বসেরাদের বিপদে ফেলে দেন ভারতের তিন পেসার ইরফান পাঠান, ইশান্ত শর্মা ও মুনাফ প্যাটেল। অ্যাডাম গিলক্রিস্ট (১৫), ম্যাথু হেইডেন (১৩), রিকি পন্টিং (১০), অ্যান্ড্রু সাইমন্ডস (৩), মাইকেল হাসি (৫) ও জেমস হোপসের (১৯) ব্যর্থতায় ১১২ রানে ৬ উইকেট হারিয়ে বিপদেই পড়ে যায় অস্ট্রেলিয়া।
সেখান থেকে তাদের উদ্ধার করেছে ক্লার্ক ও ব্র্যাড হগের ৭২ রানের জুটি। ৫২ বলে ৩২ রান করা হগের রান আউটের মাধ্যমে এই জুটি ভেঙ্গেছে। এর পর ক্লার্কও আর বেশিক্ষণ টিকতে পারেননি। পাঠানের বলে ক্যাচ দিয়েছেন ইশান্তকে। ১০৮ বলের ইনিংসটা সাজানো ৬টি বাউন্ডারিতে। ৪১ রানে ৪ উইকেট নেয়া পাঠান ভারতের সেরা বোলার। ইশান্তের শিকার ২ উইকেট।
জবাব দিতে নামা ভারতের শুরুটা ভালো হয়নি। নাথান ব্র্যাকেনের করা ইনিংসের পঞ্চম ওভারেই শচীন টেন্ডুলকার এলবিডব্লু। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হওয়ার আগে ওয়ানডে ইতিহাসের সফলতম ব্যাটসম্যান মাত্র ৫ রান করেছেন। ২০ রানে উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার পর তিন নম্বরে নামা পাঠানকে নিয়ে ধাক্কাটা সামলানোর চেষ্টা করছিলেন অন্য ওপেনার গৌতম গম্ভীর। কিন্তু পাঠানকে (১৪) হেইডেনের ক্যাচ বানিয়ে ৩৫ রানের জুটিটা ভেঙ্গে দেন জেমস হোপস।
২ উইকেটে ৫৫ থেকে ভারতকে ৪ উইকেটে ৫৯ রানে পরিণত করার পেছনেও হোপসের অবদান। ৩৪ রান করা গম্ভীর মিশেল জনসনের বলে পন্টিংয়ের হাতে ক্যাচ দেয়ার পরের ওভারেই তিনি উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন রোহিত শর্মাকে (১)। এর পর যুবরাজ সিংয়ের (২৬) সঙ্গে অধিনায়ক মহেন্দ্র ধোনি (৩৭) ৫৬ রানের জুটি গড়লেও তা কোনো কাজে আসেনি 'টিম ইন্ডিয়া'র। ব্র্র্যাড হগ যুবরাজের উইকেট নেয়ার পর হেইডেনের সরাসরি থ্রোতে ধোনি রান আউট হয়ে গেলে সব আশা শেষ হয়ে যায় ভারতের। রবিন উথাপ্পা আর হরভজন সিংয়ের উইকেট নিয়ে ভারতকে ১৫৩ রানে অলআউট করে দিতে সবচেয়ে বড় ভূমিকা জনসনের। ৪২ রানে ৩ উইকেট নিয়ে এই বাঁহাতি পেসারই অস্ট্রেলিয়ার সফলতম বোলার। ব্র্যাকেন, হোপস ও হগ নিয়েছেন দুটি করে উইকেট। তবে ৭৯ রানের ম্যাচ জেতানো ইনিংসের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মাইকেল ক্লার্ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৩৪ঘ.
bdnews24