ঢাকা, ১৫ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বর্তমান চ্যাম্পিয়নদের ভীষণ দূরবস্থা এবারের ঘরোয়া টোয়েন্টি টোয়েন্টি আসরে। বিকেএসপির কাছে হার দিয়ে শুরু করা মোহামেডান শুক্রবার কলাবাগানের কাছেও হেরে গেছে ৪ উইকেটে। হারের সম্ভাবনা জাগলেও শেষপর্যন্ত বিমানের বিপক্ষে ২ উইকেটে জিতেছে আবাহনী। মোহামেডানের মতোই হার দিয়ে শুরু করা গতবারের রানার্স আপ ওল্ড ডিওএইচএস অবশ্য শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩ রানে হারিয়েছে সোনারগাঁও ক্রিকেটার্সকে। তিন বছর পর প্রিমিয়ারে ফেরা সূর্যতরুণ ৮ উইকেটের সহজ জয় পেয়েছে পারটেক্সের সঙ্গে। ইয়াং পেগাসাসকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয়ের মুখ দেখেছে ভিক্টোরিয়াও। মোহামেডানকে হারিয়ে প্রিমিয়ারে অভিষেক হলেও দ্বিতীয় ম্যাচে আর সেই চমক অব্যাহত থাকেনি বিকেএসপির। সিটি ক্লাবের কাছে হেরে গেছে ৩৬ রানে।
মোহামেডানের ৯ উইকেটে তোলা ১২৫ রান ৮ বল বাকি থাকতেই টপকে যায় কলাবাগান। আরিফ রেজা (৪৩) ও রবিউল ইসলামের (৩২*) ব্যাটে ভর দিয়েই আসে তাদের এই জয়। আবাহনীর বিপক্ষে বিমান ১৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ১৪২ রান। জাভেদ ওমরের ব্যাট থেকে এই আসরের দ্বিতীয় দিনের সর্বোচ্চ রান আসাটা অবশ্য একটু বিস্ময়করই। ৪৮ বলে ৬০ রান করেছেন তিনি! আর অলক কাপালি মাত্র ২৪ বলে করেন ৩৯ রান। ১৪২ তাড়া করতে নামা আবাহনীকে দুর্দান্ত সূচনা দেন ওপেনরা জহুরুল ইসলাম (১৩ বলে ২৬)। এরপর নাদীফ চৌধুরী ৯৩৬) ও জিয়াউর রহমানরা (২৮) দলকে নিয়ে যান জয়ের দিকে।
ওল্ড ডিওএইচএসের ব্যাটিং ছিল ওয়ানম্যান শো। মাহবুব আলমের ৩৪ বলে ৫৬ ছাড়া দুই অঙ্কে পৌছেছেন মাত্র দুজন। তাই সংগ্রহ মাত্র ১২০। তবুও তাদের ছুঁতে না পারা সোনারগাঁ ৭ উইকেটে ১১৭ রান তুলতে সক্ষম হয়। সূর্যতরুণকে মাত্র ৯৪ রানের টার্গেট দিয়েছিল পারটেক্স। দুই ওভার বাকি থাকতে মাত্র দুই উইকেট খুঁইয়ে জয়ের তীরে পৌছে যেতে তাই কোনো সমস্যাই হয়নি সূর্যতরুণের। ইয়াং পেগাসাসের (১১৩/৬) বিপক্ষে ভিক্টোরিয়ার (১১৫/৪) জয়টা এসেছে গাজী সালাউদ্দিনের ৫৪ রানে। গোলাম মাবুদের (৫০) ফিফটি যেমন বিকেএসপির (১১৬/৫) ধরাছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছিল সিটি ক্লাবকে (১৫২/৬)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪০ঘ.
bdnews24