২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল নিয়ে গ্রায়েম স্মিথ

কাঁড়ি কাঁড়ি টাকার হাতছানি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) তাই ক্রিকেটারদের আকৃষ্ট করবেই। টাকার মোহে এমনকি অনেক শীর্ষ ক্রিকেটারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অকাল অবসরের কথা ভাবতে শুরু করেছেন। তাতে আন্তর্জাতিক ক্রিকেটের রূপ-রস-সৌন্দর্যহানির সমূহ সম্ভাবনা। কিন্তু গ্রায়েম স্মিথ মনে করছেন আইপিএল ক্রিকেটের সৌন্দর্য বাড়াতেও পারে। তবে সেজন্য আন্তর্জাতিক ক্রিকেট সূচীকে যথাসম্ভব কম বাঁধাগ্রস্ত করে এই টুর্নামেন্ট আয়োজনের প্রতিও জোর দিয়েছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2008, 02:14 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ১৫ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- কাঁড়ি কাঁড়ি টাকার হাতছানি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) তাই ক্রিকেটারদের আকৃষ্ট করবেই। টাকার মোহে এমনকি অনেক শীর্ষ ক্রিকেটারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অকাল অবসরের কথা ভাবতে শুরু করেছেন। তাতে আন্তর্জাতিক ক্রিকেটের রূপ-রস-সৌন্দর্যহানির সমূহ সম্ভাবনা। কিন্তু গ্রায়েম স্মিথ মনে করছেন আইপিএল ক্রিকেটের সৌন্দর্য বাড়াতেও পারে। তবে সেজন্য আন্তর্জাতিক ক্রিকেট সূচীকে যথাসম্ভব কম বাঁধাগ্রস্ত করে এই টুর্নামেন্ট আয়োজনের প্রতিও জোর দিয়েছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন। কিন্তু শুক্রবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আইপিএল নিয়ে প্রশ্নেরও মুখোমুখি হতে হলো স্মিথকে। "আমার জন্য এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব কঠিন। আইপিএল নিয়ে আমাদের কেউই তেমন কিছু জানেও না"- শুরুতে এমন বললেও পরে আবার আইসিসির অনুমোদন পেয়ে যাওয়া এই টুর্নামেন্টের সুফল নিয়েও বলেছেন, "আইপিএলের জন্য সময় বের করাটাই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে। তবে উদ্যোগটা যদি সুনিয়ন্ত্রিত ও সুসংগঠিত হয়, তাহলে এটা ক্রিকেটের উপকারই করবে।" জমজমাট টাকার খেলার টুর্নামেন্টে ক্রিকেট বোর্ডগুলো তাদের ক্রিকেটারদের খেলার অনুমতি না দিলে আন্তর্জাতিক ক্রিকেট তার শীর্ষ খেলোয়াড়দের হারাতে পারে, এমন আশঙ্কার কথা বলেছেন খোদ অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংও। সে সম্পর্কে স্মিথের ভাষ্য, "রিকি হয়তো ঠিকই বলেছে। কিন্তু এটাও তো মানতে হবে আইপিএল আসার আগেই তার দলের বেশ কয়েকজন ক্রিকেটার অবসর নিয়ে ভাবতে শুরু করেছিলেন।" তাদের মনেও কী আইপিএল ভাবনা এসেছে? এ প্রশ্নের উত্তরও আছে স্মিথের কথায়, "এই মুহূর্তে বিষয়টা আমাদের মাথায় আসছেই না। এমনকি আমরা এটা নিয়ে কোনো আলোচনাও করিনি নিজেদের মধ্যে। আমাদের মনোযোগ দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার মধ্যেই আছে। এটা জানি এবছর আমাদের অনেক ক্রিকেট খেলতে হবে। ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে জেতাতেই আমাদের সব মনোযোগ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০৫ঘ.