করাচি, ১২ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রায় এক দশক পাকিস্তানে কোনো সিরিজ খেলতে আসেনি অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। আগামী মাসেই তাদের পাকিস্তানে আসার কথা। কিন্তু তিন টেস্টের এই সিরিজকে ঘিরে এখন সংশয়ের কালো মেঘ! অস্ট্রেলিয়ার নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা এই সফরে না আসারই পরামর্শ দিয়েছেন দেশের ক্রিকেট বোর্ড 'ক্রিকেট অস্ট্রেলিয়া' বা সিএ'কে।
একের পর এক সহি ংস ঘটনার জন্য পাকিস্তান সফর নিয়ে আগেই থেকেই আশঙ্কায় ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গন। সেই আশঙ্কা বহু গুণ বেড়ে যায় গত ২৭ ডিসেম্বর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মর্মান্তিক মৃত্যুর পর। অ্যান্ড্রু সাইমন্ডস সহ অস্ট্রেলিয়ার কয়েক জন ক্রিকেটার জানিয়ে দেন পাকিস্তান সফরে আসতে তারা অনিচ্ছুক। সবার মনের আশঙ্কা দূর করার জন্যই নিরাপত্তা বিষয়ক একটি বিশেষ প্রতিনিধি দল পাকিস্তানে পাঠিয়েছিল সিএ। আর সেই দলটিই পাকিস্তানে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
সিএ'র চেয়ারম্যান ক্রিয়াগ ও'কনরের কাছ থেকে এ সংক্রান্ত একটা চিঠি পেয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাসিম আশরাফ। তার পর জানিয়েছেন অস্ট্রেলীয়দের আশঙ্কার কথা, "চিঠিতে তারা আমাদের সমর্থন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তবে একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে না খেলার জন্য নিরাপত্তা বিষয়ক পরামর্শের কথাও তারা জানিয়েছে।"
তবে এত সহজে হাল ছেড়ে দিচ্ছেন না পিসিবি চেয়ারম্যান। ১৮ ফেব্র"য়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের সপ্তাহ খানেক পর সিএ'র কাছে আরেকটি নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ করেছেন তিনি। সেই সঙ্গে পাকিস্তানে যে ক্রিকেটাররা সব সময়ই নিরাপদ এবং এখন পর্যন্ত কোনো সফরকারী দলই সেখানে আক্রান্ত হয়নি, সে কথাও ও'কনরকে মনে করিয়ে দিয়েছেন আশরাফ। এই অভয়বাণীতে কাজ হয় কি না সেটাই এখন দেখার!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০২০ঘ.
bdnews24