ঢাকা, ১২ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এর আগে ফুটবলে এমন ঘটনা বারদুয়েক ঘটেছে। তবে ঘটা করে ক্রিকেটে ক্লাব দলের অধিনায়কের নাম ঘোষণার ঘটনা ঘটেইনি বলা চলে। এক্ষেত্রে একটু ব্যতিক্রমী দৃষ্টান্তই রাখলো মোহামেডান। মঙ্গলবার তারা মতিঝিলের ক্লাব প্যাভিলিয়নের এক অনুষ্ঠানের মাধ্যমে চলতি মৌসুমে ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে মোহাম্মদ আশরাফুলের নাম ঘোষণা করেছে। তার ডেপুটি করা হয়েছে বাংলাদেশ দলের সাবেক পেসার মঞ্জুরুল ইসলামকে। আর দলটির কোচের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান মিনহাজুল আবেদীনকে।
দলবদলের সময় জানিয়েছিলেন ছোটবেলা থেকেই মোহামেডানের সমর্থক তিনি। এবার জানা গেল যাকে আদর্শ মেনে ক্রিকেটার হিসেবে বেড়ে উঠেছেন আশরাফুল, তার সঙ্গেও আছে এই দলটির দারুণ এক যোগসূত্র, "ছোটবেলা থেকেই মোহামেডানের খেলা দেখতাম। তখন বুলবুল ভাই (আমিনুল ইসলাম) এই দলটাতে খেলতেন। ক্রিকেটে তিনিই আমার আইডল।"
ব্যাট হাতে আমিনুল মোহামেডানের অনেক শিরোপা জয়ের নায়ক। প্রথমবারের মতো মোহামেডানে যোগ দেওয়া আশরাফুলও দেখছেন তেমন কিছুরই স্বপ্ন, "গত বছর টোয়েন্টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। আর প্রিমিয়ারে (ওয়ানডে প্রতিযোগীতা) রানার্স আপ। এবার দু'ধরনের লিগেই আমরা শীর্ষে থাকতে চাই।"
১৪ ফেব্র"য়ারি থেকে শুরু টোয়েন্টি-টোয়েন্টিতে অবশ্য শুধু আশরাফুলই নন, খেলতে পারছেন না জাতীয় দলের কেউই। তবে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ শেষে তারা প্রিমিয়ারের ছয় কিংবা সাতটি ম্যাচে অংশ নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।
অধিনায়কের নাম ঘোষণা অনুষ্ঠানে এদিন মোহামেডান তাদের ১৭ সদস্যের নতুন ক্রিকেট কমিটির নামও ঘোষণা করেছে যার চেয়ারম্যান গোলা মো. আলমগীর এবং সম্পাদক হানিফ ভুইয়া। চার সদস্যের একটা উপদেষ্টা কমিটিও করা হয়েছে, যাতে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আনাম, গেম ডেভলপমেন্টের সাবেক চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন, সাবেক প্রধান নির্বাচক এনায়েত হোসেন সিরাজ এবং উইং কমান্ডার (অব.) এমএ মতিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫৫ঘ.
bdnews24