ঢাকা, ১১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সাড়ম্বড়ে না হলেও অনাড়ম্বরভাবে সহকর্মীরা তাকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন ঠিকই। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অফিসে অত্যন্ত ঘরোয়াভাবে আয়োজিত ওই অনুষ্ঠানের পরপরই বিদায় নিয়েছেন দুই বছর প্রধান নির্বাহীর দায়িত্বে থাকা মাহমুদুর রহমান। কেমন কাটলো এই দুটো বছর? প্রশ্নে তার জবাব, "ভালো-মন্দ মিলিয়ে ভালো।"
তার সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ফুরোচ্ছে ১৫ ফেব্র"য়ারি। তবে চারদিন ছুটি পাওনা থাকায় সোমবারই ছিল ক্রিকেট প্রশাসনে তার শেষ কর্মদিবস। যাওয়ার বেলায় বলে গেলেন বিসিবিকে কোথায় রেখে গেলেন, "বিসিবি কর্পোরেট সংস্কৃতি অনুযায়ী এগোতে চাইলে যা দরকার, সেটার 'লঞ্চ প্যাড'টা বোধহয় তৈরি করে যেতে পেরেছি।" তবে যে চারটি লক্ষ্য নিয়ে বিসিবিতে এসেছিলেন, তার পুরোটা পূরণ হয়নি বলেও স্বীকার করে নিলেন, "আমার প্রথম লক্ষ্য ছিল বিসিবিকে একটা 'ব্র্যান্ড' হিসেবে প্রতিষ্ঠা করা। কিছুটা পেরেছি, পুরোপুরি নয়। স্টাফ ওয়েলফেয়ার বিষয়েও লক্ষ্যের শেষে পৌছানো হয়নি। বাংলাদেশের কন্ঠকে আইসিসিতে যেন ছোট করে দেখা না হয়, এটা ছিল আমার তৃতীয় লক্ষ্য। এই লক্ষ্যে পৌছানো গেছে বলেই মনে হয়। চতুর্থ লক্ষ্য ছিল পারফরম্যান্স দিয়ে বাংলাদেশকে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া। অবশ্য এক্ষেত্রটায় অন্য অনেকের অবদান অনেক বেশি।"
রোববারই বেশিরভাগ কাজকর্ম বুঝিয়ে দিয়েছেন। সোমবার বাকী কাজগুলোও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনকে বুঝিয়ে দেওয়া মাহমুদুর তার পরবর্তী গন্তব্য নিয়ে অবশ্য তেমন কিছুই বলতে চাইলেন না, "দেশের বাইরে যাব বেড়াতে। কিছুদিন বিশ্রাম নিয়ে তবেই ঠিক করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১০ঘ.
bdnews24