হ্যামিল্টন, নিউজিল্যান্ড, ১২ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটো টোয়েন্টি টোয়েন্টি ম্যাচেই ইংল্যান্ডের কাছে পাত্তা পায়নি নিউজিল্যান্ড। হার মেনেছিল ৩২ ও ৫০ রানের সুস্পষ্ট ব্যবধানে। কিন্তু ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম সেই নিউজিল্যান্ড একেবারে নাকাল করে ছেড়েছে ইংলিশদের। তবে প্রতিপক্ষকে মাত্র ১৩০ রানে অলআউট করে ২০ ওভার হাতে রেখে ৬ উইকেটের সহজ জয়ের পরও ড্যানিয়েল ভেট্টোরি যথেষ্ট সতর্ক। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে সতীর্থদের উদ্দেশে সাবধানবাণী শোনাতেও দ্বিধা করেননি কিউই অধিনায়ক। অন্যদিকে প্রথম ম্যাচে বাজেভাবে হেরে যাওয়ায় পল কলিংউড স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ। অবশ্য ওয়েলিংটনের সেই ম্যাচের দুঃখ ভুলে হ্যামিল্টনে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে দারুণ আশাবাদী ইংল্যান্ড অধিনায়ক।
টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ দুটোতে হেরে যাওয়ার পর হতাশায় আক্রান্ত হয়ে পড়েছিল নিউজিল্যান্ড শিবির। কিন্তু প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয় পাওয়ায় স্বাগতিকরা এখন দারুণ উদ্দীপ্ত। ভেট্টোরি ভালো মতোই জানেন তার দল এ মুহূর্তে কতখানি উজ্জীবিত, অনুপ্রাণিত। তবে সেই অনুপ্রেরণা যেন আত্মপ্রসাদে রূপান্তরিত না হয় তা ভেবেই কিউই অধিনায়কের কণ্ঠে হুঁশিয়ারি, "টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ দুটোর আমাদের যে অবস্থা হয়েছিল এখন তাদের (ইংল্যান্ডের) অবস্থাও অনেকটা সেরকম। তবে তারা ঘুরে দাঁড়িয়ে আমাদের বিপদে ফেলতে পারে।"
মঙ্গলবারও জিততে পারলে সিরিজ জয় থেকে এক ম্যাচ দূরে দাঁড়িয়ে থাকবে নিউজিল্যান্ড। ভেট্টোরির ভাবনায় জয় ছাড়া অন্য কিছু না থাকলেও প্রতিপক্ষকে 'আহত বাঘ' হিসাবেই দেখতে আগ্রহী তিনি, "২-০তে এগিয়ে যেতে পারলে আমাদের সামনে সিরিজ জয়ের ভালো সম্ভাবনা থাকবে। যদিও আমি মনে করি কাজটা খুবই কঠিন হবে আমাদের জন্য। আমি নিশ্চিত টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ দুটোর পর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি ওরাও ঠিক সেটাই করতে চাইবে। আমরা ভালো মতোই জানি ওরা আমাদেরকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার সামনেই দাঁড় করাবে।"
দুটো টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ জিতে আকাশে উড়তে থাকা ইংল্যান্ড এ মুহূর্তে তেমন স্বস্তিতে নেই। ওয়েলিংটনে লজ্জাজনক পরাজয় তো আছেই, সেই সঙ্গে ফর্মে থাকা অলরাউন্ডার দিমিত্রি মাসকারেনহাসের বদলে রবি বোপারাকে (সেই ম্যাচে বোপারার অবদান মাত্র ৩ রান) খেলানোর কারণে কিছুটা বিতর্কের মেঘ জমেছে ইংলিশ শিবিরে। তবে এই সব নেতিবাচক ঘটনাকে পেছনে ফেলে কলিংউডের মনে শুধু একটাই লক্ষ্য --- মঙ্গলবারের ম্যাচটা জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনা, "আমাদের মনোবল সমুন্নত রাখতে হবে। প্রথম ম্যাচে আমরা বিধ্বস্ত হয়েছিলাম ঠিকই, কিন্তু কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারলে ঘুরে দাঁড়িয়ে আমরা সিরিজটা জিততেও সক্ষম। আমরা তো সফরটা মাত্র শুরু করেছি। আমরা সবাই জানি যে ওয়েলিংটনে আমাদের পারফরম্যান্স খুব খারাপ ছিল। তবে সেটা তো শুধুই একটা ম্যাচ। আমরা বিশ্বাস করি যে আমাদের এখনো ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে।"
ওয়েলি ংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামের চেয়ে হ্যামিল্টনের সেডন পার্কের উইকেট একটু বেশিই বাউন্সি হওয়ার সম্ভাবনা থাকায় এই ম্যাচে অতিরিক্ত একজন পেসার খেলাতে পারে নিউজিল্যান্ড। সেক্ষেত্রে প্রথম ম্যাচে খেলা অফস্পিনার জিতান প্যাটেলের বাদ পড়ার সম্ভাবনাই বেশি।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯২৫ঘ.
bdnews24