ঢাকা, ২৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রথম ভোটার হয়েছেন, ভোট দেওয়ার তীব্র ইচ্ছেও ছিল মাশরাফি বিন মর্তুজার। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে নড়াইলে গিয়ে ভোট দেওয়ার অনুমতি না মেলায় যেতে পারছেন না মোহাম্মদ আশরাফুলের ডেপুটি। তবু এই নিয়ে রসিকতা করার সুযোগটা হাতছাড়া করলেন না আমুদে মাশরাফি, "বিসিবি যদি একটা প্লেন ভাড়া করে দেয়, তাহলে ভোট দিতে যাবো।"
জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯ ডিসেম্বর ঢাকা টেস্টে বিরতি থাকছে। এরমধ্যে ঢাকার বাইরে গিয়ে ভোট দিয়ে আবার ঢাকায় ফেরা- দুয়েমিলে অনেক ঝক্কির ব্যাপার বলে ক্রিকেটারদের অনুমতি দেওয়ার কোনো কারণ নেই বিসিবির। এজন্য মাশরাফিসহ ভোট দিতে যেতে পারছেন না বাংলাদেশ দলের আরো সাত ক্রিকেটার, যারা ঢাকার বাইরের ভোটার। নির্বাচনের দিনটা তারা শ্রীলঙ্কা দলের মতো হোটেল শেরাটনেই কাটাবেন। তবে জীবনে প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা হচ্ছে ঢাকার ভোটার অধিনায়ক আশরাফুল, মেহরাব হোসেন জুনিয়র এবং পেসার মাহবুবুল আলম রবীনের।
প্রথমজন ঢাকা-৯ আসনের ভোটার। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী ও বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং বিএনপি মনোনীত চার দলীয় জোটপ্রার্থী শিরিন সুলতানা। দক্ষিণ আফ্রিকা সফরে থাকতেই এই দিনটির প্রতীক্ষায় থাকা আশরাফুল ভোট দেবেন গোড়ানের বনশ্রী মডেল স্কুল কেন্দ্রে। মেহরাব ও রবীন মিরপুরের ভোটার।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের স্কোয়াডে থাকা তিনজন অবশ্য এখনো ভোটারই হননি- শাহাদাত হোসেন রাজীব, এনামুল হক জুনিয়র এবং সাকিব আল হাসান। মাশরাফির মতো যারা ঢাকার বাইরে ভোট দিতে যেতে পারছেন না- তামিম ইকবাল (চট্টগ্রাম-৮), রাজিন সালেহ (সিলেট-১), রকিবুল হাসান (জামালপুর), মুশফিকুর রহিম (বগুড়া সদর), ইমরুল কায়েস (কুষ্টিয়া), জুনায়েদ সিদ্দিকী (রাজশাহী) এবং সাজিদুল ইসলাম (রংপুর)।
নির্বাচনের দিন সকালে হোটেলে সুইমিং ও জিম সেশন আছে ক্রিকেটারদের। ভোট দিয়ে এসেই তাতে যোগ দেবেন আশরাফুল, মেহরাব ও রবীন। তবে শ্রীলঙ্কা দল হোটেলবন্দী হয়েই কাটাবে। যদিও টেস্টের মাঝে এই একদিনের বিরতিটা তার ফাস্ট বোলারদের ও মুরালিধরনের জন্য বিশ্রামের দারুণ এক সুযোগ এনে দিচ্ছে বলেই মনে হয়েছে মাহেলা জয়াবর্ধনের। বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো ধারণা আছে কিনা জানতে চাইলে রোববার শ্রীলঙ্কার অধিনায়ক বললেন, "খুব ভালো ধারণা নেই। শুধু এটুকু জানি যে, দুজন মহিলা নির্বাচনে লড়ছেন। আমি আসলে রাজনীতির খবর এমনিতেই খুর একটা রাখি না।"
অবশ্য হোটেলবন্দী হয়ে থাকতে হলেও সময়টা অন্তত খারাপ কাটবে না জয়াবর্ধনের। কারণ এদিনই ঢাকায় চলে এসেছেন তার স্ত্রী ক্রিস্টিনা। তবে ঘোরাঘুরির ইচ্ছেটা যে নির্বাচনী ছুটির দিনে পূরণ হচ্ছে না, সেটাও জানাতে ভুললেন না, "এমনিতে যেকোনো সফরের প্রথম দশ দিন বাইরে বেরুনোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে আমাদের। মিসেস মাহেলাকে এখানে পেয়ে ভালোই লাগছে। তবে কাল (সোমবার) আমরা কোথাও যেতে পারছি না কারণ সবকিছুই তো বন্ধ থাকবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১০ঘ.
bdnews24