২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারপরও আশাবাদী বাংলাদেশ দল!

সংবাদ সম্মেলনে কথা বলছিলেন বাংলাদেশের মেহরাব হোসেন জুনিয়র। অথচ বারবারই চোখের সামনে ভেসে উঠছিল শেন ওয়ার্নের মুখ। ক্রিকেট ইতিহাসের সেরা লেগস্পিনার একসময় মুত্তিয়া মুরালিধরনকে নিয়ে ব্যঙ্গ করে বলতেন, "ওর বেশিরভাগ উইকেটই তো টেল এন্ডারদের।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ২৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সংবাদ সম্মেলনে কথা বলছিলেন বাংলাদেশের মেহরাব হোসেন জুনিয়র। অথচ বারবারই চোখের সামনে ভেসে উঠছিল শেন ওয়ার্নের মুখ। ক্রিকেট ইতিহাসের সেরা লেগস্পিনার একসময় মুত্তিয়া মুরালিধরনকে নিয়ে ব্যঙ্গ করে বলতেন, "ওর বেশিরভাগ উইকেটই তো টেল এন্ডারদের।" মেহরাবের কথাতেও সেরকমই একটা ছায়া খেলা করে গেল। বাংলাদেশের দুই ওপেনার যখন জাঁকিয়ে বসেছেন, তখনই তামিম ইকবালকে ফিরিয়ে দিয়ে ওপেনিং জুটি ভেঙ্গেছেন মুরালিধরন। বেশ আত্মবিশ্বাসী ব্যাটিং করতে থাকা জুনায়েদ সিদ্দিকী ও সাকিব আল হাসানকেও সাজঘরে পাঠিয়েছেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিকই। তবুও মেহরাব অবলীলায় বলে গেলেন, "মুরালি যদিও উইকেট পেয়েছেন। কিন্তু সেগুলোর বেশিরভাগই টেল এন্ডারের।" এমন বক্তব্যের পর শেন ওয়ার্নকে মনে পড়তে বাধ্য। এই টেস্ট শুরুর আগে মোহাম্মদ আশরাফুল বেশ ঘটা করেই বলেছিলেন, তার দলের ব্যাটসম্যানদের অনেকেই মুরালির বল বিশেষ করে 'দুসরা' খুব ভালো বুঝতে পারেন। তারপরও টেস্ট ক্রিকেটে ৬৬-তম বারের মতো ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ফেলেছেন তিনি। তার মানে আগের মতোই মুরালি বাংলাদেশের জন্য আতঙ্কের প্রতিশব্দ হয়েই আছেন। মেহরাব এটাও মানতে চাইলেন না, "আমার কাছে তা মনে হয় না। বেশিরভাগ ব্যাটসম্যানই মুরালিকে পড়তে পেরেছে। আজকের উইকেটে তিনি হুমকি ছিলেন না। আমরাই বরং কিছু ভুল করে ফেলেছি।" কিন্তু যাই হোক, ২৯৩ রানে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ করে দিয়েও ভীষণ অস্বস্তিতে বাংলাদেশ। ৯ উইকেটে ১৭৭ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করার পরও মেহরাব বাংলাদেশের সুযোগ দেখছেন, "ম্যাচের তো সবে দ্বিতীয় দিন শেষ হল। তিন দিন এখনো বাকি। ম্যাচ এখনো দু'দলের জন্য উন্মুক্ত। দ্বিতীয় ইনিংসে আমাদের ভালো বোলিং করাটা খুব গুরুত্বপূর্ণ। ওদের যদি আমরা কম রানে অলআউট করে দিতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে।" কিন্তু শ্রীলঙ্কাকে অলআউট করার গুরুদায়িত্বটা নেবেন কে? উত্তরদাতা মেহরাবের কথার সারমর্ম অনেকটা এমনই, "আরে, সাকিব আছে না!" গত পাঁচ টেস্টে চতুর্থবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেওয়া সাকিবের কাছে তার প্রত্যাশাটা এমন, "প্রথম দিন আমরা অনেক ভালো বোলিং করেছি। বিশেষত সাকিব এই মুহূর্তে খুব ভালো ফর্মে আছে। ওর ওপর আমরা খুব নির্ভরশীল। আশা করি দ্বিতীয় ইনিংসেও ও ভালো বোলিং করবে। পেস বোলাররাও প্রথম দিন খুব ভালো বোলিং করেছে। ওদের চাপে রেখেছে। একারণেই প্রথম দিন ছয়টি উইকেট নিতে পেরেছি। দ্বিতীয় ইনিংসেও একই পরিকল্পনা থাকবে।" সেই পরিকল্পনায় শ্রীলঙ্কাকে দেড়শো রানে বেঁধে ফেলার চিন্তাও আছে, "আমি মনে করি শ্রীলঙ্কাকে দেড়শো রানে অলআউট করার সামর্থ্য এখন আমাদের আছে। সাকিব আর মাশরাফি খুব ভালো বোলিং করেছে। তাছাড়া আম্পায়ারের কিছু কিছু সিদ্ধান্ত ফিফটি-ফিফটি ছিল। ওগুলো আমাদের পক্ষে গেলে প্রথম ইনিংসেই সেটা সম্ভব ছিল।" কিন্তু ব্যাটসম্যানদের পক্ষে বড় ইনিংস খেলা কেন সম্ভব হয় না, সে প্রশ্নের সদুত্তর নেই তার কাছে, "কেন যে পারছি না সেটা তো আমারও প্রশ্ন। আমরা ভালো শুরু করছি। কিন্তু হঠাৎ বাজে শট খেলে আউট হয়ে যাচ্ছি।" নিজেদের ব্যর্থতার ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না। অথচ মুরালির সাফল্যের অপব্যাখ্যাটা কী অবলীলায় দিয়ে দিচ্ছেন! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০১৭ঘ.