২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অথচ বোলিং প্র্যাকটিস প্রায় করেনই না সাকিব

মাইকেল ভ্যানডর্টও স্বীকার করতে বাধ্য হলেন, "এই ম্যাচে এখন দু'দলের অবস্থাই সমান-সমান। আমরা প্রথম দিনশেষে যে অবস্থায় থাকতে চেয়েছিলাম, সেখানে নেই।" ১৭২ রানে শ্রীলঙ্কার ৬ উইকেট তুলে নিয়ে বাংলাদেশও যে মাথা উঁচু করে মাঠ ছাড়তে পেরেছে, এর কৃতিত্বটা সাকিব আল হাসানকে দিয়ে দিতেও কুন্ঠা করলেন না শ্রীলঙ্কার দীর্ঘকায় এই ওপেনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 02:54 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ২৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মাইকেল ভ্যানডর্টও স্বীকার করতে বাধ্য হলেন, "এই ম্যাচে এখন দু'দলের অবস্থাই সমান-সমান। আমরা প্রথম দিনশেষে যে অবস্থায় থাকতে চেয়েছিলাম, সেখানে নেই।" ১৭২ রানে শ্রীলঙ্কার ৬ উইকেট তুলে নিয়ে বাংলাদেশও যে মাথা উঁচু করে মাঠ ছাড়তে পেরেছে, এর কৃতিত্বটা সাকিব আল হাসানকে দিয়ে দিতেও কুন্ঠা করলেন না শ্রীলঙ্কার দীর্ঘকায় এই ওপেনার। গত কিছুদিন ধরেই বোলিংয়ে ভীষণ ধারাবাহিকতা সাকিবের। তার খেলা সর্বশেষ চার টেস্টে ২১ উইকেট নেওয়া এই বাঁ হাতি স্পিনারকে অবশ্য কখনোই এ ধরনের সাফল্যে খুব একটা উচ্ছ্বসিত দেখা যায় না। শুক্রবারও ৪৩ রানে ৩ উইকেট নিয়ে সংবাদ সম্মেলনে এসে বললেন, " বোলিংটা নিয়মিত ভালো হচ্ছে বলে ভালো লাগছে। গত দুটো সিরিজের পর এই সিরিজের শুরুটাও ভালো হলো। তবে এমন নয় যে আমি বিশেষ কিছু করেছি। আগে যা করতাম এখনো তাই করছি। এখন হয়তো বোলিংয়ের সুযোগটা একটু বেশি পাচ্ছি।" নিজেই জানালেন, এখনও বোলিং নিয়ে খুব একটা পরিশ্রম করা হয় না তার। তাহলে এমন ধারাবাহিক সাফল্যের রহস্য কী? নাহ, এমন প্রশ্নেও সেই রহস্যের কুল-কিনারা করা গেল না, "হয়ে যাচ্ছে আর কী! এখন সময়টা ভালো যাচ্ছে হয়তো। তাছাড়া আমার কাছে মনে হয়, উইকেট পেতে ভাগ্য লাগে। বোলিং ভালো করছি ঠিক আছে, কিন্তু ভাগ্যও সঙ্গে আছে।" এর সঙ্গে সম্পুরক তথ্যও জুড়ে দিলেন, "আপনারা আমাদের প্র্যাকটিস সেশনগুলো দেখেন। কখনোই দেখবেন না আমি সেখানে খুব বেশি বোলিং করি। হয়তো ১০/১২ টা বল করি, বড়জোর ২০টা। এর বেশি কখনোই করি না।" প্র্যাকটিসে বোলিংয়ের প্রতি এতোটা অমনোযোগী হয়েই যদি এরকম ধারাবাহিক হতে পারেন, তাহলে মনোযোগী হলে তো সাফল্যের দুয়ার খুলে যেতে পারে আরো। এখানে সাকিবের শিশুতোষ ব্যাখ্যা শুনে হাসির রোলই উঠলো মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাত সম্মেলন কক্ষে, "আমার কাছে সবসময় মনে হয় প্র্যাকটিসে বেশি বোলিং করলে আমি উইকেটই পাব না। এ কারণেই আমি বেশি বোলিং করি না।" ঠিক জায়গায় বল ফেলতে পারাকে নিজের বোলিংয়ের সবচেয়ে শক্তিশালী দিক মনে করা সাকিব উইকেটের সাহায্য পেলে তো আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারতেন, "আমি বলবো না যে এটা স্পিন উইকেট। কারণ বল সেভাবে ঘুরছেই না। আমি একটা নির্দিষ্ট জায়গায় বল করেছি আর ওরাও কিছু ভুল করেছে। এ কারণেই আমি উইকেট পেয়েছি।" সমান-সমান অবস্থায় থেকে টেস্টের প্রথম দিনে বাংলাদেশ এগিয়েও থাকতে পারতো বলে মনে হয় তার, যদি, "আজ শুরুতে আমাদের বোলাররা খুবই ভালো বোলিং করেছে। কিছু ক্লোজ এলবিডব্লুর আবেদন ছিল। ওই সিদ্ধান্তগুলো আমাদের পক্ষে গেলে আরো ভালো অবস্থায় থাকতাম আমরা।" আম্পায়ারিং নিয়ে অভিযোগের সুর তার কথাতে। ম্যাচের প্রথম ওভারেই মাশরাফির বলে পরিষ্কার এলবিডব্লু ছিলেন এখন পর্যন্ত শ্রীলঙ্কান ইনিংসের সর্বোচ্চ ৪৪ রান করা ভ্যানডর্ট। কিন্তু আম্পায়ার নাইজেল লং জোরালো আবেদনে সাড়াই দেননি। এরকম আরো অল্প-বিস্তর অভিজ্ঞতার শিকার সাকিব এখন টেস্টেও 'রিভিউ সিস্টেম' চালু করার পক্ষে, "টেস্টেও রিভিউ সিস্টেম চালু হলে আমাদের মতো ছোট দলের জন্য খুব ভালো হয়।" মাহেলা জয়াবর্ধনের বিপক্ষে বোলিং করার চ্যালেঞ্জও দারুণ উপভোগ করেছেন তিনি, যা পূর্ণতা পেয়েছে শ্রীলঙ্কান অধিনায়ককে তার দ্বিতীয় শিকার বানানোর পর, " আমার কাছে সবসময় ডানহাতি ব্যাটসম্যানকে বোলিং করতে বেশি ভালো লাগে। মানে বাঁ হাতি ব্যাটসম্যানদের চেয়ে বেশি স্বস্তি বোধ করি। তো উইকেটে তখন ডানহাতি মাহেলা জয়াবর্ধনে ছিল। ওকে বোলিং করতে বেশ মজাই পাচ্ছিলাম।" তবে নিজেদের সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই দ্বিতীয় দিনের কথা ভাবছেন তিনি, "কতো রানে ওদের বেঁধে ফেলতে পারবো, এমন চিন্তা করলে ভুল হবে। অপরাজিত থাকা ভাস একেবারে খারাপ ব্যাটসম্যান না। আরেকজন আছে সামারাবীরা। এই জুটিটা ভাঙা আমাদের প্রথম টার্গেট। সেটা করতে পারলেই ওদের বোলাররা নামা শুরু করবে। আমাদের এমন কোন বোলার নেই, যে কিনা দুই-তিন ওভারের মধ্যে ইনিংসটা মুড়িয়ে দিতে পারবে। আমাদের তাই ১০টা উইকেট পাবার জন্যই কষ্ট করতে হবে।" ভ্যানডর্ট অবশ্য নিজেদের নিজেদের শক্তিশালী বোলিং অ্যাটাকের প্রসঙ্গ টেনে বলেছেন, এই উইকেটে তিনশো থেকে সাড়ে তিনশো রান করতে পারলেই বাংলাদেশকে চেপে ধরা যাবে। তার আগে শ্রীলঙ্কাকেই বরং আরো বেশি চেপে ধরার দায়িত্বটাও দ্বিতীয় দিন নিতে হচ্ছে সাকিবকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪৫ঘ.