ঢাকা, ২৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সাধারণ গ্যালারিতে বসে শেষ খেলা দেখেছেন কবে? প্রশ্নটা শুনে স্মৃতি হাতড়াতে শুরু করলেন হাবিবুল বাশার, "যতোদূর মনে পড়ে, '৮৮ সালে কুষ্টিয়া থেকে ক্রিকেট খেলতে ঢাকায় আসার পর। ক্রিকেটার হিসেবে একটু নাম করে ফেলার পর সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখেছি বলে মনে পড়ে না।" তার সঙ্গে এবিষয়ক আলাপচারিতায় যাওয়ার কারণ, শুক্রবার বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের প্রথম দিনের খেলা একেবারে সাধারণের কাতারে নেমে গিয়ে গ্যালারিতে বসেই দেখেছেন আইসিএলে 'ঢাকার যোদ্ধা'দের সেনাপতি।
সঙ্গে ছিলেন ঢাকা ওয়ারিয়র্সের আরো দুই ক্রিকেটার মঞ্জুরুল ইসলাম এবং মোশাররফ হোসেন রুবেলও। সাধারণ ক্রিকেটপ্রেমীদের সঙ্গে বসে খেলা দেখার কিছু মধুর উপদ্রবও সহ্য করে যেতে হচ্ছিল তাকে। একের পর এক অটোগ্রাফ ও ছবি তোলার আবদার মেটাচ্ছিলেন। অথচ বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হিসেবে সেখানে বসে তার খেলা দেখার কথা নয়। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হসপিটালিটি এরিয়ায় 'ক্যাপ্টেন্স বক্স' আছে, যেখানে বসে খেলা দেখার সৌজন্য টিকেট কোনো আন্তর্জাতিক সিরিজ শুরুর আগেই পৌছে যায় সাবেক অধিনায়কদের কাছে।
কিন্তু তার কাছে এবার পৌছেনি। তিনি যে বিদ্রোহী ক্রিকেটার! আইসিএলে যোগ দিয়ে ১০ বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে সৌজন্য টিকেট পাওয়ার যোগ্যতা হারিয়েছেন। যদিও নিজে থেকেই জানালেন, "আজকে কিন্তু আমাকে টিকেট কেটে ঢুকতে হয়নি। ক্রিকেটাঙ্গনে আমার অনেক শুভাকাঙ্খী আছেন। তারাই আমাকে টিকেট দিয়েছেন।" তবে বিসিবির তরফ থেকে সৌজন্য টিকেট না পাওয়ার বিষয়টা ব্যথিতই করেছে তাকে, "আমি দীর্ঘদিন দেশকে নেতৃত্ব দিয়েছি। আমি মনে করি এটা আমার অধিকার। আগামীকাল (শনিবার) পারিবারিক কাজে সিঙ্গাপুর যাচ্ছি। ফিরে এসে বোর্ডের সঙ্গে কথা বলে আমি আমার অধিকারের বিষয়টা স্মরণ করিয়ে দেব।"
তাতে কতোটা কাজ হবে তা নিয়ে অবশ্য প্রশ্ন আছে। এদিন গ্যালারির যেখানটাতে বসেছিলেন, তার ঠিক পেছনেই বিসিবির কর্মকর্তাদের ডাইনিং রুম। সেখানে ঢোকার কিংবা বেরুনোর পথে অনেকেই আইসিএলের ক্রিকেটারদের দেখেও না দেখার ভানই করলেন। তবে সৌজন্য টিকেট না পেলেও ৭ জানুয়ারি দেশে ফিরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ দেখার ইচ্ছে আছে তার। বিসিবি মুখ ফিরিয়ে রাখলেও এদিন গ্যালারিতে বসেই অন্যরকম অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের সফলতম অধিনায়কের।
ঘন কুয়াশার কারণে পৌনে দুই ঘন্টা বিলম্বে টেস্ট শুরুর আগে বিসিবি প্রেসিডেন্ট লে. জেনারেল সিনা ইবনে জামালী দু'দলের ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হচ্ছিলেন। সেসময়ই কাছের গ্যালারিতে বসে থাকা হাবিবুলকে দেখতে পেয়ে স্থান-কাল-পাত্র ভুলে গিয়েছিলেন বাংলাদেশ দলের একাধিক ক্রিকেটার। হাত নেড়ে তারা সাবেক অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করছিলেন। পরে কোচ জেমি সিডন্স এসে তাকে ডেকে কথা বলেছেন। আইসিএলের বৈধতা পাওয়ার সম্ভাবনা এখন কতোটা উজ্জ্বল- এবিষয়ে জানার কৌতুহলই বাংলাদেশ দলের কোচের মাঝে দেখেছেন হাবিবুল।
নিজে যতোটা জানেন, জানানোর চেষ্টা করেছেন সিডন্সকে। আর অচিরেই অচলাবস্থার অবসান হবে বলেও আভাস পেয়েছেন ঢাকা ওয়ারিয়র্সের অধিনায়ক, "একবার তো আইসিএল কর্তৃপক্ষের সঙ্গে ভারতীয় বোর্ডের আলোচনা শুরুতেই ভেস্তে গিয়েছিল। তবে স
bdnews24