করাচি, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে অর্জুনা রানাতুঙ্গার বিদায়ের পর অনিশ্চিত হয়ে পড়েছে শ্রীলঙ্কার পাকিস্তান সফরও। জানুয়ারির ওই সফর আদৌ হবে কি না, তা নিয়ে শনিবার কুয়ালালামপুরে এসিসির সদর দপ্তরে শ্রীলঙ্কান বোর্ডের নতুন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন পিসিবির কর্মকর্তারা।
শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী গামিনি লোকুগে মঙ্গলবার সে দেশের অন্তবর্তীকালীন ক্রিকেট বোর্ডের প্রধানের পদ থেকে বরখাস্ত করেছেন বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। বুধবার তিনি জানিয়েছেন, বোর্ড সভাপতি হিসেবে রানাতুঙ্গার নেওয়া সিদ্ধান্তগুলোও পুনর্বিবেচনা করা হবে। " ক্রিকেট প্রশাসন পরিচালনায় যোগ্য ব্যক্তি হিসেবে ক্রীড়াসচিব এস লিয়ানাগামার হাতে সবকিছু তুলে দেওয়া হয়েছে। পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ওই সফরের নিরাপত্তার ব্যাপারটি খতিয়ে দেখবেন।"
জানুয়ারিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল আসলে ভারতের। কিন্তু মুম্বাইয়ের সন্ত্রাসী ঘটনার প্রেক্ষিতে ভারতীয়রা ওই সফর বাতিল করলে রানাতুঙ্গার আগ্রহেই পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছিল শ্রীলঙ্কান বোর্ড।
পিসিবি অবশ্য আশাবাদী, শ্রীলঙ্কান বোর্ডের এই পরিবর্তন সিরিজের ব্যাপারে কোনো প্রভাব ফেলবে না, "তাদের বোর্ডে যে পরিবর্তন হয়েছে সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, আমরা তো ব্যক্তি পর্যায়ে যোগাযোগ করছি না, যোগাযোগটা হচ্ছে বোর্ডের সঙ্গে বোর্ডের"- বলেছেন পিসিবির প্রধান নির্বাহী সেলিম আলতাফ। তিনিই জানিয়েছেন, শনিবার এ নিয়ে বৈঠকে বসছেন তারা।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৩৯ ঘ.
bdnews24