২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার অবিশ্বাস্য জয়

মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়ার 'ক্রিকেট-সাম্রাজ্য' কি পতন হওয়ার পথে? গত মাসে ভারত সফরে চার টেস্টের সিরিজে পাত্তাই পায়নি তারা, হেরেছিল ০-২ ব্যবধানে। এবার দক্ষিণ আফ্রিকার কাছে আরেকটি লজ্জাজনক পরাজয় উপহার (!) পেল অস্ট্রেলীয়রা। পার্থে প্রথম টেস্টে ৪১৪ রান তাড়া করে তাদের ৬ উইকেটে হারিয়ে দিয়েছে প্রোটিয়ারা। রোববার ম্যাচের শেষ দিনে দক্ষিণ আফ্রিকানদের জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছে এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত সেঞ্চুরি এবং জেপি ডুমিনি ও জ্যাক ক্যালিসের ফিফটি। টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে এটা দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কৃতিত্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 05:13 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

পার্থ, ২১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়ার 'ক্রিকেট-সাম্রাজ্য' কি পতন হওয়ার পথে? গত মাসে ভারত সফরে চার টেস্টের সিরিজে পাত্তাই পায়নি তারা, হেরেছিল ০-২ ব্যবধানে। এবার দক্ষিণ আফ্রিকার কাছে আরেকটি লজ্জাজনক পরাজয় উপহার (!) পেল অস্ট্রেলীয়রা। পার্থে প্রথম টেস্টে ৪১৪ রান তাড়া করে তাদের ৬ উইকেটে হারিয়ে দিয়েছে প্রোটিয়ারা। রোববার ম্যাচের শেষ দিনে দক্ষিণ আফ্রিকানদের জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছে এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত সেঞ্চুরি এবং জেপি ডুমিনি ও জ্যাক ক্যালিসের ফিফটি। টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে এটা দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কৃতিত্ব। টেস্টে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের অধিকারে। এবং সেটাও অস্ট্রেলিয়ারই বিপক্ষে। তবে প্রায় সাড়ে পাঁচ বছর আগে (২০০৩এর মে মাসে) ক্যারিবীয়রা ৪১৮ রান করে ৩ উইকেটের জয় পেয়েছিল নিজেদের মাঠ অ্যান্টিগার সেন্ট জন্সে। বিদেশের মাঠে, তা-ও আবার প্রায় এক দশক ধরে ক্রিকেট-বিশ্ব শাসন করা অস্ট্রেলিয়ার বিপক্ষে এত রান করে জয়ী হওয়া নিঃসন্দেহে ভীষণ দুরূহ। যদিও আগের দিন অধিনায়ক গ্রায়েম স্মিথের সেঞ্চুরি ও হাশিম আমলার ফিফটিতে সেই 'দুরূহ' পথের অর্ধেকটা পাড়ি দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। রোববার তার সুন্দর সমাপ্তি দিলেন তিন ব্যাটসম্যান। ৩ উইকেটে ২২৭ রান নিয়ে দিন শুরু করার সময় ক্যালিস ৩৩ ও ডি ভিলিয়ার্স অপরাজিত ছিলেন ১১ রানে। সেখান থেকে দলের রান ৩০৩ রানে নিয়ে যাওয়ার পর বিচ্ছিন্ন হয়েছেন দুজনে। প্রথম ইনিংসে ৮ উইকেট নেয়া মিচেল জনসনের বলে মাইক হাসির হাতে ক্যাচ দিয়ে ফিরে আসতে হয়েছে ক্যালিসকে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের ৫৭ রানের ইনিংসটা গড়ে উঠেছে ৪ বাউন্ডারি ও দুই ছক্কায়। ক্যালিস-ডি ভিলিয়ার্সের ১২৪ রানের জুটিটা ভেঙ্গে দিয়ে উৎফুল্ল হয়ে উঠেছিল অস্ট্রেলীয়রা। কিন্তু পন্টিংয়ের দলের সেই উচ্ছ্বাস সময়ের সঙ্গে সঙ্গে বেলুনের মতো চুপসে গেছে। তার কারণ ডি ভিলিয়ার্স ও অভিষিক্ত ডুমিনির দৃঢ়তাপূর্ণ ব্যাটিং। দুজনে মিলে অবিচ্ছিন্ন ১১১ রানের জুটি গড়ে দলকে এনে দিয়েছেন এক অবিস্মরণীয় জয়। ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি পাওয়া ডি ভিলিয়ার্সের অপরাজিত ১০৬ রানের ইনিংসটা সাজানো ছিল ৯ বাউন্ডারিতে। ম্যাচ জেতানো এই ইনিংসের সুবাদে তিনিই ম্যাচের সেরা। তবে জয়সূচক রান তার ব্যাট থেকে আসেনি। কাভারে ঠেলে তিন রান নিয়ে ফিফটি পূরণ করার পাশাপাশি দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন ডুমিনি, সেই সঙ্গে স্মরণীয় করে রেখেছেন নিজের টেস্ট অভিষেককে। দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার পক্ষে সেরা বোলিং জনসনের (৩/৯৮)। তবে ম্যাচে ১১ উইকেট নিলেও পার্থ টেস্টকে বোধহয় ভুলে যেতেই চাইবেন তিনি! তিন টেস্ট সিরিজের দ্বিতীয়টা শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে, মেলবোর্নে। সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া : ৩৭৫ (ক্যাটিচ ৮৩, ক্লার্ক ৬২, সাইমন্ডস ৫৭; এনটিনি ৪/৭২) ও ৩১৯ (হ্যাডিন ৯৪, ক্যাটিচ ৩৭; ক্যালিস ৩/২৪, হ্যারিস ৩/৮৫) দক্ষিণ আফ্রিকা : ২৮১ (ক্যালিস ৬৩, ডি ভিলিয়ার্স ৬৩; জনসন ৮/৬১) ও ৪১৪/৪ (স্মিথ ১০৮, ডি ভিলিয়ার্স ১০৬*, ক্যালিস ৫৭, আমলা ৫৩, ডুমিনি ৫০*; জনসন ৩/৯৮)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/