পার্থ, ১৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্যাক ক্যালিস ও এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে ভর করে ভালোই এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ বিকেলে বল হাতে জ্বলে উঠলেন মিচেল জনসন, দুর্দান্ত এক স্পেলে দুই হাফসেঞ্চুরিয়ান ক্যালিস-ডি ভিলিয়ার্সসহ ফিরিয়ে দিলেন পাঁচ-পাঁচ জন প্রোটিয়া ব্যাটসম্যানকে। আর তাই অস্ট্রেলিয়ার ৩৭৫ রানের জবাবে বৃহস্পতিবার প্রথম টেস্টের দ্বিতীয় দিনশেষে ৮ উইকেটে ২৪৩ রান নিয়ে ভীষণ বিপদে দক্ষিণ আফ্রিকা।
এর আগে সকালে সফরকারীদের দুই ওপেনারকেও ফিরিয়ে দিয়েছিলেন এই জনসনই। সব মিলিয়ে শিকার সংখ্যা ৭, মাত্র ৪২ রানের বিনিময়ে।
আগের দিনের ৯ উইকেটে ৩৪১ রান নিয়ে খেলতে নেমে সকালে আরো ৩৪ রান যোগ করেছেন অস্ট্রেলিয়ার শেষ দুই ব্যাটসম্যান। তারপর ব্যাট হাতে নামা সফরকারীদের শুরুতেই একটা ধাক্কা দিয়েছেন জনসন, ওপেনার নিল ম্যাকেঞ্জিকে ফিরিয়ে দিয়ে। হাশিম আমলাকে সঙ্গে নিয়ে ওই ধাক্কা ভালোই সামাল দিচ্ছিলেন অধিনায়ক গ্রায়েম স্মিথ। দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়ার পর আমলাকে (৪৭) বোল্ড করে অফ স্পিনার জেসন ক্রেইজা ভেঙ্গেছেন এই জুটি, আর পরের ওভারেই গ্রায়েম স্মিথকেও (৪৮) ফিরিয়ে দিয়ে জনসন পেয়েছেন তার দ্বিতীয় সাফল্য।
চতুর্থ উইকেটে ১২৪ রানের জুটি গড়ে সেই ধাক্কাও সামাল দিচ্ছিলেন ডিভিলিয়ার্স (৬৩) আর ক্যালিস (৬৩)। পর পর দু ওভারে এই দুজনকে ফিরিয়ে দিয়েই শেষ বিকেলের ধ্বংসযজ্ঞটা শুরু করেছেন জনসন। ডিভিলিয়ার্স আর ক্যালিসের পর জাঁ পল দুমিনিও (১) ক্যাচ দিয়েছেন উইকেটের পিছনে, আর এরপর চার বলের ব্যবধানে মরনে মরকেল (১) ও পল হ্যারিস (০) ক্যাচ দিয়েছেন জেসন ক্রেইজার হাতে। দিনশেষে ২ রান নিয়ে অপরাজিত ছিলেন মার্ক বাউচার, তার সঙ্গী পল স্টেইনের সংগ্রহ ১।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৯৮.৫ ওভারে ৩৭৫ (হেইডেন ১২, ক্যাটিচ ৮৩, পন্টিং ০, হাসি ০, ক্লার্ক ৬২, সাইমন্ডস ৫৭, হ্যাডিন ৪৬, লি ২৯, ক্রেইজা ৩০*, জনসন ১৮, সিডল ২৩, অতিরিক্ত ১৫; এনটিনি ৪/৭২, স্টেইন ২/৮১, ক্যালিস ০/৬৫, মরকেল ২/৮০, হ্যারিস ২/৭০)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৭৮ ওভারে ২৪৩/৮ (ম্যাকেঞ্জি ২, স্মিথ ৪৮, আমলা ৪৭, ক্যালিস ৬৩, ডি ভিলিয়ার্স ৬৩, ডুমিনি ১, বাউচার ২*, মরকেল ১, হ্যারিস ০, স্টেইন ১*, অতিরিক্ত ১৫; লি ০/৪১, জনসন ৭/৪২, ক্রেইজা ১/১০২, সিডল ০/৪৩, সাইমন্ডস ০/১০)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬০১ঘ.
bdnews24