ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে খুলনা জেলা। যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে বৃহস্পতিবারের ফাইনালে রংপুর জেলাকে ২১ রানে হারিয়েছে তারা।
টস হেরে ব্যাট করতে নেমে আশরাফুন্নবীর হাফসেঞ্চুরিতে ৫০ ওভার ৬ উইকেটে ২২৬ রান তুলেছিল তারা। আশরাফুন্নবী ৫৭, দেলওয়ার হোসেন মাত্র ২৪ বলে অপরাজিত ৩৫ এবং রিয়াজুল ইসলাম ৩৪ রান করেন। রংপুরের পক্ষে দুটি করে উইকেট পান সাকিব সরকার (২/২৪) ও মনিরুল ইসলাম মন্টি (২/৪৪)।
জবাব দিতে নেমে ৪৫.৩ ওভারে ২০৫ রানে অলআউট হয়ে যায় রংপুর। আল-আমিন সর্বোচ্চ ৪৮, সালাউদ্দিন পাপু ৪১, সাকিব ৩৩ ও সুজন শাহরিয়ার ৩০ রান করেন। খুলনার পক্ষে ৩৫ রানে তিন উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান মোসাদ্দিক ইফতেখার। এর আগে ব্যাট হাতেও ২৮ রান করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০৫৪ ঘ.
bdnews24