ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাইয়ের সহিংসতাকে ঘিরে দুদেশের সম্পর্ক যখন টাল-মাটাল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জেনারেল এবং সাবেক জাতীয় অধিনায়ক জাভেদ মিয়াদাঁদ মনে করেন সেই পরিস্থিতিতেও ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেওয়া ঠিক হবে না। বরং তিনি মনে করেন, ক্রিকেটই পারে দুদেশের মধ্যে সম্পর্কের সেতু গড়ে দিতে।
"ভারত-পাকিস্তান দুদেশই সন্ত্রাসবাদের শিকার, আর ক্রিকেটই পারে দুদেশের মধ্যে সম্পর্কের সেতু গড়তে" - হিন্দুস্তান টাইমস পত্রিকাকে বলেছেন তিনি। এই কারণেই ভারতের আসন্ন পাকিস্তান সফর বাতিল করা কোনোভাবেই ঠিক হবে না বলে মন্তব্য করেছেন তিনি।
মুম্বাইয়ের ওই ঘটনার পর ইংল্যান্ড ক্রিকেট দল তাদের সফর স্থগিত করে দেশে ফিরে গেলেও মিয়াঁদাদ জানিয়েছেন পাকিস্তানের ভারতের মাটিতে খেলতে কোনো আপত্তি নেই। আর সেই কারণেই ভারতেরও উচিত পাকিস্তান সফর বাতিল না করে পাল্টা সৌজন্য দেখানো উচিত বলে মনে করেন তিনি।
"ভারতের এখন যে অভিজ্ঞতাটা হচ্ছে, পাকিস্তানকেও সেটা সহ্য করতে হয়েছে। শুধু অর্থনৈতিকভাবেই নয়, ক্রিকেটীয় দৃষ্টিকোন থেকেও তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান। আমাদের খেলোয়াড়রা অনেক দিন ধরেই আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ থেকে বঞ্চিত। তাই আমি মনে করি, পাকিস্তান আর ভারতের পরস্পরের পাশে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়"
bdnews24