ঢাকা, ২ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খুলনার মুখোমুখি হবে রংপুর। মঙ্গলবার যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে রংপুর ৮ উইকেটে হারিয়েছে দিনাজপুরকে।
টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২০২ রানে অলআউট হওয়া দিনাজপুরের সর্বোচ্চ সংগ্রাহক ফয়সাল বিন মোস্তাক। ৬টি বাউন্ডারি ও দুটি ছক্কায় ৪৩ বলে ৫৩ রান করেছেন তিনি। ১৬ রানে ৩ উইকেট নেয়া আব্দুর রহমান রনি রংপুরের সেরা বোলার। এছাড়া মনিরুল ইসলাম (২/৪৪) ও আলাউদ্দিনও (২/৪৫) জ্বলে ওঠায় তেমন বড় সংগ্রহ গড়তে পারেনি দিনাজপুর।
জবাব দিতে নেমে আশরাফুল ইসলামের ৯০ বলে ১১টি চার ও ৩টি ছক্কাসমৃদ্ধ অপরাজিত ৮৯ রানের দারুণ এক ইনিংসের সুবাদে ৩৩.২ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে রংপুর। বোলিংয়ের মতো ব্যাট হাতেও ভালো পারফর্ম করেছেন আলাউদ্দিন। ৪৯ বলে ৬টি চার ও একটি ছক্কাসহ ৫০ রান করে অপরাজিত ছিলেন তিনি। তবে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আশরাফুল।
আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফাইনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০০১ঘ.
bdnews24