অ্যাডিলেড, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম)- ভারত সফরটা ভালো কাটেনি একদমই, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেও খুব একটা ভালো করতে না পারায় দাবি উঠেছিল ব্রেট লিকে বিশ্রাম দেওয়ার। ভাগ্যিস দেননি অস্ট্রেলিয়ার নির্বাচকরা! অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে এই ফাস্ট বোলারই পাঁচ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস, একদিন হাতে রেখেই ইনিংস ও ৬২ রানের জয় পেয়ে সফরকারীদের হোয়াইট-ওয়াশ করেছে অস্ট্রেলিয়া।
আগের দিনের বিনা উইকেটে ৩৫ রান নিয়ে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গেছে ২০৩ রানে। ১০৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন লি, বাকি উইকেটগুলো ভাগ করে নিয়েছেন মিচেল জনসন (৩/২৯) আর ন্যাথান হরিজ (২/৩২)। নিউজিল্যান্ডের পক্ষে একমাত্র ব্রেন্ডন ম্যাককালামই যা একটু লড়াই করেছেন, কিন্তু ১৪টি বাউন্ডারি আর দুটি ছক্কায় তার অপরাজিত ৮৪ রানের ইনিংসটা বাঁচাতে পারেনি কিউইদের।
এর আগে প্রথম ইনিংসেও চার উইকেট পেয়েছিলেন লি। সব মিলিয়ে ১৭১ রানে ৯ উইকেট তার, এবং এটাই তার ক্যারিয়ারের সেরা ম্যাচ ফিগারও!
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ২৭০ ও ২০৩ (ম্যাককালাম ৮৪*, হাউ ২৮; লি ৫/১০৫, জনসন ৩/২৯, হরিজ ২/৩২)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস ৫৩৫ (হ্যাডিন ১৬৯, মাইকেল ক্লার্ক ১১০, পন্টিং ৭৯, হাসি ৭০; ও'ব্রায়েন ৩/১১১, রেডমন্ড ২/৪৭, মার্টিন ২/১১০, ভেট্টোরি ২/১২৪)
বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম/এসএইচ/১৫৩৮ ঘ.
bdnews24