হারারে, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চতুর্থ ম্যাচের পর শেষ ম্যাচেও শ্রীলঙ্কাকে কাঁপিয়েছে তারা, কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি। রোববার শেষ ওয়ানডেতে স্বাগতিকদের ১৯ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে তাদের হোয়াইট ওয়াশই করেছে মাহেলা জয়াবর্ধনের দল।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে এদিন মাত্র ১৫২ রানে অলআউট করে দিয়েছিল জিম্বাবুয়ে। তারপর নিজেরা ব্যাট করতে নেমে ৫৮ রানে ৬ উইকেট হারালেও সপ্তম উইকেটে অধিনায়ক প্রসপার উতসেয়া (৩১) আর কিথ দাবেংওয়ার (৩৯) ৭২ রানের জুটি তাদের জয়ের স্বপ্নই দেখাচ্ছিল। কিন্তু পর পর ২ ওভারে তিন উইকেট নিয়ে সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন নুয়ান কুলাসেকারা। ৩ রানে শেষ চার উইকেট হারিয়ে ৪৪ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে গেছে জিম্বাবুয়ে।
৯ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন কুলাসেকারা, আর তার আগে-পরে মিলিয়ে ১০ ওভারে ২৯ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন মুত্তিয়া মুরালিধরন।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ৪৮.৫ ওভারে ১৫২ (কান্দাম্বি ৪০, ম্যাথ্যুস ৩১, সাঙ্গাকারা ২৮; রেইন্সফোর্ড ৩/২২, মুপারিওয়া ২/১৭)
জিম্বাবুয়ে: ৪৪ ওভারে ১৩৩ (দাবেংওয়া ৩৯, উতসেয়া ৩১; মুরালিধরন ৫/২৯, কুলাসেকারা ৩/১৪)
ফল : শ্রীলঙ্কা ১৯ রানে জয়ী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০৫৪ ঘ.
bdnews24