লন্ডন, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বলছে টেস্ট সিরিজটা হবে, ইংলিশরাও বলছে না ঠিক উল্টো কথা। কিন্তু ইংল্যান্ডের ভারত সফরের বাকি অংশটুকু শেষ পর্যন্ত সত্যিই হবে কি না, সেটা এখনো সংশয়ে ঢাকা। সেই সংশয়টা আরো উস্কে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)'র ম্যানেজিং ডিরেক্টর হিউ মরিসের মন্তব্য। তিনি জানিয়েছেন, টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড দল ভারতে ফিরবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে নিরাপত্তা প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন তারা। সোমবার নাগাদ ওই প্রতিবেদন তারা হাতে পেতে পারেন।
মুম্বাইয়ে গত কয়েকদিনের রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার কারণে ভারত সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরে গেছে কেভিন পিটারসেনের দল। সাত ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচ এরই মধ্যে বাতিল করা হয়েছে, মুম্বাই থেকে চেন্নাইতে সরিয়ে নেওয়া হয়েছে দ্বিতীয় টেস্টের ভেন্যু। বিসিসিআই'র আশা, পরিস্থিতি শান্ত হওয়ায় ইংল্যান্ড দল ফিরে আসবে ভারতে, কারণ সফরটা শেষ করতে তারা প্রতিশ্র"তিবদ্ধ।
সেটা মানছেন মরিসও। দলের সঙ্গে ভারত থেকে ফেরার পর হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তবু তার কণ্ঠে সংশয়ের সুর, "নিশ্চিতভাবেই ভারতে ফিরে আরেকটা টেস্ট সিরিজ খেলতে আমরা প্রতিশ্র"তিবদ্ধ। কিন্তু কোনো খেলোয়াড় যদি ফিরে যেতে না চায়, আমি তাকে চাপ দেওয়ার পক্ষে নই। সর্বশেষ তথ্যসমৃদ্ধ একটা নিরাপত্তা প্রতিবেদন খেলোয়াড়দের হাতে তুলে দিতে হবে আমাদের, আর তারপর তারা ফিরবেন কি না সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হবে।"
কিন্তু ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনের কথা শুনলে মনে হতেই পারে সেই সিদ্ধান্তটা নেতিবাচক হওয়ার সম্ভাবনা প্রবল। রোববারের নিউজ অফ দ্য ওয়ার্ল্ড পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "মুম্বাইয়ের ওই নারকীয় ঘটনার কথা ভেবে আমি এখনো ভয়ে কাঁপছি। যতবার ওই হামলার ফুটেজ দেখি ততবারই মনে হয় মৃত্যুর কত কাছাকাছি ছিলাম আমরা।"
এমন কথা তাদের মনে হতেই পারে। হামলার কেন্দ্রস্থল মুম্বাইয়ের তাজ হোটেলে দু সপ্তাহ আগেই অবস্থান করছিলেন তারা, আর দ্বিতীয় টেস্ট খেলার জন্য সেখানে ফেরার কথাও ছিল ইংল্যান্ড দলের! পিটারসেন বলছেন, "কথাটা ভাবলেই রক্ত হিম হয়ে আসে।"
পিটারসেনের চেয়েও বেশি করে ওই দুঃস্মৃতি তাড়িয়ে ফিরছে স্টিভ হার্মিসন আ অ্যান্ড্রু ফ্লিন্টফকে। ইংল্যান্ড দল ফিরলেও তাই খুব সম্ভব ফিরবেন না তারা দুজন। অন্তত ইংলিশ মিডিয়ার খবরে সে রকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯৫২ ঘ.
bdnews24