সেঞ্চুরিয়ন, ২৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৪ রানে নবম উইকেট পড়ার পর দুশ হবে কি না সেটা নিয়েই ছিল দুশ্চিন্তা। কিন্তু মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ে সেই দুশ্চিন্তা দূর তো হয়েছেই, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অলআউট হওয়ার আগে বাংলাদেশ শেষ পর্যন্ত তুলেছে ২৫০ রান। তারপর জবাব দিতে নামা দক্ষিণ আফ্রিকাকে একটা ধাক্কা দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা, নিল ম্যাকেঞ্জির উইকেটটি হারিয়ে দিনশেষে স্বাগতিকরা তুলেছে ২০ রান।
১৫ রান নিয়ে অপরাজিত রয়েছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ, তার সঙ্গী হাশিম আমলার সংগ্রহ ৫।
শেষ উইকেটে মাহবুবুল আলমের সঙ্গে ৫৬ রানের জুটি গড়ে মুশফিকই বাংলাদেশকে এনে দিয়েছেন স্বস্তিদায়ক স্কোর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ উইকেটে নতুন রেকর্ড গড়া এই জুটিতে বাংলাদেশের শেষ ব্যাটসম্যানের অবদান মাত্র ১ রান! ডেল স্টেইনকে দুটি ছক্কা মারার পর মন্ডে জন্ডেকিকেও পুল করে ছক্কা মারতে গিয়ে মুশফিকুর রহিমের ৮৬ বলে ৬৫ রানের ইনিংসটা যখন শেষ হয়, মাহবুব তখন ওই ১ রানে অপরাজিত ছিলেন। তবে মুশফিককে যথার্থ সঙ্গ দিতে ততক্ষণে ২৮টি বল খেলে ফেলেছেন তিনি।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে বুধবার থেকে শুরু হওয়া এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের পক্ষে এর আগে আরেকটি হাফসেঞ্চুরি করেছেন জুনায়েদ সিদ্দিকী। সকালে মাখায়া এনটিনি (৪/৩২) আর মরনে মরকেলের (৪/৭৩) তোপের মুখে ৭১ রানে চার উইকেট হারানোর পর এই ম্যাচেই অভিষিক্ত রকিবুল হাসানকে (১৫) সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ৫১ রানের জুটি গড়ে বাংলাদেশের ইনিংসকে পথে ফিরিয়েছেন জুনায়েদ। গালিতে নিল ম্যাকেঞ্জির দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়ে বিদায়ের আগে দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেছেন এই বাঁহাতি। ১৪৪ বলের ইনিংসে ১১টি বাউন্ডারি মেরেছেন তিনি।
এছাড়া মাত্র ২৭ বলে ৩০ রান করেছেন সাকিব আল হাসান, আর ওপেনার তামিম ইকবাল করেছেন ৩১ রান।
পাঁচ পেসার নিয়ে খেলতে নামা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের শুরুটা কিন্তু একেবারে খারাপ হয়নি। প্রথম ঘন্টায় স্বাগতিকদের কোনো সাফল্য পেতে দেননি বাংলাদেশের দুই ওপেনার। পানি পানের প্রথম বিরতির ঠিক আগে ইমরুল কায়েসকে (৬) গ্রায়েম স্মিথের ক্যাচ বানিয়ে বাংলাদেশকে প্রথম ধাক্কাটা দিয়েছেন মাখায়া এনটিনি।
২৫ রানে উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার পর অন্য ওপেনার তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকীর দৃঢ়তায় ধাক্কাটা যখন একটু একটু করে কাটিয়ে ওঠার চেষ্টা করছিল বাংলাদেশ তখনই মাত্র ১৬ বলের ব্যবধানে দুটি উইকেট নিয়েছেন মরকেল।
পাঁচটি বাউন্ডারিসহ ৩১ রান করা তামিমকে উইকেট কিপার মার্ক বাউচারের গ্লাভসবন্দী করে ম্যাচে নিজের প্রথম উইকেট তুলে নিয়েছেন মরকেল। সেটা সামলে উঠতে না উঠতে বাংলাদেশের জন্য আরেকটি বড় আঘাত! প্রথম টেস্টে ১ ও ১৩ রান করা আশরাফুল ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেননি। মাত্র ১ রান করে মরকেলকে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরে এসেছেন তিনি।এনটিনি এরপর মেহরাব হোসেন জুনিয়রকেও (৩) অল্প রানেই ফিরিয়ে দিলে ৭১ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
জুনায়েদ আর রকিবুলের জুটিটার শুরু সেখান থেকেই। রকিবুলকে অধিনায়ক গ্রায়েম স্মিথের ক্যাচ বানিয়ে এই জুটি ভেঙ্গেছেন মরকেল, তারপর ওয়ানডে স্টাইলে খেলে মাত্র ২৭ বলে ৩০ রান করা সাকিব আল হাসানকেও বোল্ড করে দিয়ে নিজের চতুর্থ উইকেটটি পেয়েছেন এই পেসার।
সাকিবের বিদায়ের পর পরই ফিরে গেছেন জুনায়েদও, আর তাকে বিদায় করার এক ওভার বাদেই আবার আঘাত হেনেছেন এনটিনি। এবার তার শিকার মাশরাফি বিন মর্তুজা (১২)। এনটিনিরই বদলে বল করতে এসে স্টেইন পরের ওভারেই শাহাদাৎ হোসেনকে (৪) বাউচারের ক্যাচের শিকার বানালে দুশ ছোঁয়াই অনিশ্চিত হয়ে পড়ে বাংলাদেশের।
সেটা নিশ্চিত হওয়ার পর পরই মুশফিককে ফিরিয়ে দেওয়ার একটা সুযোগ পেয়েছিলেন বাউচার, কিন্তু স্টেইনের বলে দেওয়া বাংলাদেশ উইকেটকিপারের ক্যাচটা ধরতে পারেননি দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার। মুশফিকের রান তখন ছিল ২২।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন। নাঈম ইসলাম বাদ পড়ায় টেস্ট অভিষেক হচ্ছে রকিবুল হাসানের। একটি পরিবর্তন নিয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকাও। আঙ্গুল ভেঙ্গে যাওয়া বাঁহাতি স্পিনার পল হ্যারিসের জায়গায় পেসার মন্ডে জন্ডেকিকে নিয়েছে তারা।
দু দলের প্রথম একাদশ :
বাংলাদেশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), মেহরাব জুনিয়র, সাকিব আল হাসান, রকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, শাহাদাত হোসেন, মাহবুবুল আলম।
দক্ষিণ আফ্রিকা : গ্রায়েম স্মিথ (অধিনায়ক), নিল ম্যাকেঞ্জি, হাশিম আমলা, জ্যাক ক্যালিস, অ্যাশওয়েল প্রিন্স, এবি ডি ভিলিয়ার্স, মার্ক বাউচার, মন্ডে জন্ডেকি, মর্নে মরকেল, ডেল স্টেইন, মাখায়া এনটিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসএইচ/১৯১২ ঘ.
bdnews24