ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান ক্রিকেট লিগ, আইসিএল-এ রোববার নতুন মিশন শুরু করছেন হাবিবুল বাশাররা। মূল টুর্নামেন্টে খেলেছিলেন ঢাকা ওয়ারিয়র্স নামে, এবার আইসিএল ওয়ার্ল্ড সিরিজে তারা নামছেন আইসিএল বাংলাদেশ একাদশ নামে। চার দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রোববার এই বাংলাদেশ একাদশ মুখোমুখি হবে আইসিএল বিশ^ একাদশের।
আইসিএলের বিভিন্ন দলে খেলা খেলোয়াড়দের নিয়েই 'আন্তর্জাতিক' এই টুর্নামেন্টের আয়োজন। তাতে ঢাকা ওয়ারিয়র্সের খেলোয়াড়রা যেমন নামছেন 'বাংলাদেশ' নামে, তেমনি মূলত চ্যাম্পিয়ন লাহোর বাদশাহ'স-এর খেলোয়াড়দের নিয়েই গঠিত হয়েছে পাকিস্তান একাদশ। আর বিভিন্ন দলে খেলা ভারতীয় ক্রিকেটারদের নিয়ে গড়া একটি দল খেলছে ভারত একাদশ নাম নিয়ে। এর বাইরে অন্য সব দেশের খেলোয়াড়দের মধ্য থেকেই বেছে নেওয়া হয়েছে 'আইসিএল বিশ্বএকাদশ'।
নিউজিল্যান্ডের ক্রিস হ্যারিস এই দলের অধিনায়ক। আর দলে আছেন অস্ট্রেলিয়ার জ্যাসন গিলেস্পি, ড্যামিয়েন মার্টিন ও ইয়ান হার্ভি, দক্ষিণ আফ্রিকার নিকি বোয়ে, ল্যান্স ক্লুজনার, অ্যান্ড্রু হল, ন্যান্টি হেওয়ার্ড ও জাস্টিন কেম্প, শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু ও আভিস্কা গুণাবর্ধনে, জিম্বাবুয়ের মারে গুডউইন ও ইংল্যান্ডের পল নিক্সনের মতো খেলোয়াড়রা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৩৭ ঘ.
bdnews24