২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফলোঅনেই পড়লো বাংলাদেশ

অ্যালান ডোনাল্ডের কথাটাই সত্যি হলো শেষ পর্যন্ত! আক্ষরিক অর্থে টয়লেটে না পালালেও দক্ষিণ আফ্রিকান পেসারদের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানদের অসহায় চেহারাই দেখা গেল ব্লুমফন্টেইনে। প্রথম টেস্টের প্রথম দিনে বৃহস্পতিবার স্বাগতিকদের ৯ উইকেটে ৪৪১ রানে ইনিংস ঘোষণার জবাবে প্রথম ইনিংসে ১৫৩ রানে অলআউট হয়ে গেছে মোহাম্মদ আশরাফুলের দল। ২৮৮ রানে পিছিয়ে থেকে ফলো অন করতে নেমে দিনশেষে বাংলাদেশ এক উইকেট হারিয়ে ২০ রান তুলেছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 09:15 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ব্লুমফন্টেইন, ২০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যালান ডোনাল্ডের কথাটাই সত্যি হলো শেষ পর্যন্ত! আক্ষরিক অর্থে টয়লেটে না পালালেও দক্ষিণ আফ্রিকান পেসারদের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানদের অসহায় চেহারাই দেখা গেল ব্লুমফন্টেইনে। প্রথম টেস্টের প্রথম দিনে বৃহস্পতিবার স্বাগতিকদের ৯ উইকেটে ৪৪১ রানে ইনিংস ঘোষণার জবাবে প্রথম ইনিংসে ১৫৩ রানে অলআউট হয়ে গেছে মোহাম্মদ আশরাফুলের দল। ২৮৮ রানে পিছিয়ে থেকে ফলো অন করতে নেমে দিনশেষে ওপেনার ইমরুল কায়েসের (৪) উইকেটটি হারিয়ে ২০ রান তুলেছে তারা। ভেন্যু ম্যানেজার নিকো প্রিটোরিয়াসের কথাটাই কেবল সত্যি হতে বাকি এখন! এই ম্যাচ শুরুর আগে ফ্রি স্টেট দলে ডোনাল্ডের এক সময়ের বোলিং পার্টনার প্রিটোরিয়াস বলেছিলেন তিনদিনেই হেরে যাবে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষ হওয়ার আগেই ফলো অনে পড়া বাংলাদেশের সামনে এখন সেই কথাটাও সত্যি হওয়ার আশঙ্কা। ইনিংস হার এড়াতে এখনো ২৬৮ রান প্রয়োজন সফরকারীদের। তামিম ইকবাল ৫ আর জুনায়েদ সিদ্দিকী ৭ রান নিয়ে ব্যাট করছেন। বাংলাদেশের প্রথম ইনিংসটার চেহারা আরো খারাপই হতে পারতো, হয়নি নবম উইকেটে মুশফিকুর রহিম আর শাহাদাত হোসেনের ৬০ রানের জুটির কল্যাণে। টেস্টে নিজের দ্বিতীয় হাফসেঞ্চুরি থেকে ২ রান দূরে থাকতে মুশফিক আউট হওয়ার পর অবশ্য আর বেশিক্ষণ লড়তে পারেননি শাহাদাত, ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করে তিনি আউট হয়ে গেছেন শেষ ব্যাটসম্যান হিসেবে। শেষের এই দুটি উইকেটই পেয়েছেন জ্যাক ক্যালিস (২/১০), আর তার আগে মাখায়া এনটিনি (৩/২০), ডেল স্টেইন (২/) আর মরনে মরকেলদের (২/) তোপের মুখে ৮৮ রানেই ৮ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। ইনিংসের তৃতীয় আর নিজের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে প্রথম ধাক্কাটা দিয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। দুর্দান্ত এক ইনসুইঙ্গারে তামিম ইকবালের (৭) অফস্টাম্প উড়িয়েছেন তিনি। তিন নম্বরে নামা জুনায়েদ সিদ্দিকী (৮) মরনে মরকেলের লেগস্টাম্পের বাইরে পড়া একটি বলে ফ্লিক করতে গিয়ে ক্যাচ দিয়েছেন পয়েন্টে দাঁড়ানো অ্যাশওয়েল প্রিন্সের হাতে। আর দশম ওভারেই বল হাতে পাওয়া বাঁহাতি স্পিনার পল হ্যারিসের দ্বিতীয় ওভারের শেষ বলে শর্ট লেগে হাশিম আমলার হাতে ক্যাচ দিয়ে অভিষিক্ত ইমরুল কায়েসের (১০) বিদায়ের পর কয়েক মিনিট আগেই চা বিরতি ঘোষণা করেছেন আম্পায়াররা। বাংলাদেশের স্কোর তখন ৩ উইকেটে ৩৩। বিরতির পরও অব্যাহত ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। শেষ সেশনের চতুর্থ বলেই গালিতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন আশরাফুল (১)। ডেল স্টেইনের অফ স্টাম্পের বাইরে পড়া বলে কভার ড্রাইভ খেলতে গিয়েছিলেন তিনি। প্রথম স্পেলে উইকেট না পাওয়া এনটিনি এরপর দ্বিতীয় স্পেলে ফিরেই আবির্ভুত হয়েছেন বিধ্বংসী রূপে। সাকিব আল হাসানকে (১৪) দিয়ে শুরু, তৃতীয় স্লিপে এবি ডিভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেওয়া এই বাঁহাতিকে অনুসরণ করেছেন মেহরাব হোসেন জুনিয়রও (১২), তার ক্যাচটা নিয়েছেন উইকেটকিপার মার্ক বাউচার। এরপর এনটিনিরই বলে পুল করতে গিয়ে আকাশে বল তুলে দিয়ে বিদায় নিয়েছেন নাইম ইসলাম (৮), আর মরকেলকে রিটার্ন ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা (৫)। মুশফিক আর শাহাদাতের লড়াই শুরু হয়েছে সেখান থেকেই। এর আগে সকালে বাঁহাতি স্পিনার সাকিব-আল হাসান ৫ উইকেট তুলে নেয়ায় কাক্সিক্ষত বিশাল স্কোর গড়তে পারেনি প্রোটিয়ারা। ৯ উইকেটে ৪৪১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে তারা। ১ উইকেটে ২৯৯ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকদের প্রথম ধাক্কা দিয়েছেন মাশরাফি। তার করা দিনের ষষ্ঠ ওভারেই আমলা বোল্ড! প্রথম দিনশেষে ১০৩ রানে অপরাজিত থাকা আমলা বৃহস্পতিবার আর মাত্র ৯ রান করতে পেরেছেন। ১৬৫ বলে খেলা তার ১১২ রানের ইনিংসে বাউন্ডারির সংখ্যা ১২টি। আমলাকে ফেরানোর আনন্দ মিলিয়ে যেতে না যেতেই বাংলাদেশের জন্য আরেকটা সাফল্য। মাহবুবের করা পরের ওভারেই বোল্ড হয়ে গেছেন স্মিথ। ১৪৭ রানের সময় মাহবুবের বলই ব্যাটে লেগে স্লিপের মাঝখান দিয়ে বেরিয়ে যাওয়ায় সৌভাগ্যক্রমে বাউন্ডারি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। পরের বলেই স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি। কিন্তু শেষ পর্যন্ত মাহবুবের তোপ থেকে বাঁচতে পারেননি। দ্বিতীয় দিনের শুরু থেকে দুর্দান্ত বল করা বাংলাদেশের তরুণ মিডিয়াম ফাস্ট বোলার ভেঙ্গে দিয়েছেন স্মিথের অফস্টাম্প। ২৪৮ বলে ১৫৭ রান করার পথে ১৭টি বাউন্ডারি ছাড়াও একটি ছক্কা মেরেছেন প্রোটিয়া অধিনায়ক। স্মিথের বিদায়ের সময় স্বাগতিকদের স্কোর ছিল ৩ উইকেটে ৩২৭ রান। স্কোরবোর্ডে আর ২৫ রান যোগ হতেই জ্যাক ক্যালিস আউট। ধৈর্য্য হারিয়ে সাকিব আল হাসানকে তুলে মারতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান। কিন্তু বল সোজা চলে গেছে মিড অনে দাঁড়ানো আশরাফুলের হাতে। তাই একরাশ আক্ষেপ নিয়ে ফিরে আসতে হয়েছে ১৬ রান করা ক্যালিসকে। পরের উইকেটটাও সাকিবের এবং এটার পেছনেও ধৈর্য্য হারিয়ে ফেলার গল্প। সাকিবকে ডাউন দ্য উইকেটে মারতে চেয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স (৩)। তবে বল তার ব্যাটে লেগে চলে গেছে উইকেট কিপার মুশফিকুর রহিমের গ্লাভসে। মধ্যাহ্ন-বিরতিশেষে দ্বিতীয় বলে আবার সাকিবের আঘাত। এবার তিনি বোল্ড করেছেন মার্ক বাউচারকে (১৫)। এবং মর্নে মরকেল (৮) এবং ডেল স্টেইনকেও (১) ফিরিয়ে দিয়ে ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো ইনিংসে ৫ উইকেট পাওয়ার আনন্দে মেতে উঠেছেন সাকিব। সব মিলিয়ে ১৩০ রানের বিনিময়ে তার শিকার ৫ উইকেট। দক্ষিণ আফ্রিকার পরের উইকেটটা অবশ্য তার নয়, দ্বিতীয় দিনে দারুণ বল করা মাহবুবের (২/৬২)। তিনি এনটিনিকে (৫) কট বিহাইন্ড করার সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। তখন অ্যাশওয়েল প্রিন্স অপরাজিত ছিলেন ৫৯ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/এসএইচ/১৯১৯ ঘ.