২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত ইশান্ত, যুবরাজ

প্রথম ম্যাচে তার খুনে ইনিংসটাই ভারতকে এনে দিয়েছিল বিশাল জয়। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে যুবরাজ সিংকে নাও পেতে পারে ভারত!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 11:29 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ইন্দোর, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ম্যাচে তার খুনে ইনিংসটাই ভারতকে এনে দিয়েছিল বিশাল জয়। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে যুবরাজ সিংকে নাও পেতে পারে ভারত! ৭৮ বলে ১৩৮ রানের ওই ইনিংসটা খেলার পথেই পিঠে ব্যথা পাওয়া যুবরাজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এই ম্যাচের দিন অর্থাৎ সোমবার সকাল পর্যন্ত অপেক্ষা করবে ভারত, তবে ফাস্ট বোলার ইশান্ত শর্মাকে যে এই ম্যাচেও পাচ্ছে না স্বাগতিকরা, সেটা এক রকম নিশ্চিত হয়েই গেছে। অ্যাংকলে চোট পাওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হওয়া ইশান্ত খেলতে পারেননি রাজকোটের প্রথম ম্যাচেও। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছেন, "এই ম্যাচেও যদি না খেলে, তাহলে চোট সেরে ওঠার জন্য পাঁচ থেকে সাতটা দিন বিশ্রাম পাবে ও (ইশান্ত)।" বিশ্রাম দরকার যুবরাজেরও। শুক্রবার ব্যাটিংয়ের শেষ দিনে রানার নিতে হয়েছে তাকে, ফিল্ডিংয়ের সময় তো মাঠেই ছিলেন না। রোববার প্র্যাকটিসেও দেখা যায়নি তাকে। তবে ধোনি বলছেন, "ওর অবস্থার খানিকটা উন্নতি হয়েছে, আমরা ম্যাচের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করে সিদ্ধান্ত নেবো ওর ব্যাপারে।" এই ম্যাচের জন্য ইংল্যান্ডও সম্ভবত পাচ্ছে না তাদের পেসার রায়ান সাইডবটমকে। গোড়ালির ইনজুরিতে পড়ে তার খেলা অনিশ্চিত হয়ে গেছে বলে জানিয়েছেন কোচ পিটার মুরস। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এমএম/১২৫২ ঘ.