২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিম্বার্লির ক্রিকেটেও 'বিগ হোল'

হীরার জন্য বিখ্যাত কিম্বার্লির প্রথম হীরক খনি 'দি বিগ হোল' থেকে হীরা উত্তোলনের কাজ বন্ধ হয়ে গেছে আজ থেকে ৯৪ বছর আগে। এই শহর অনেক ক্রিকেট হিরোরও জন্ম দিয়েছে ঠিক, তবে বর্তমান অবস্থা অনেকটাই 'দি বিগ হোল' এর মতো। এই শহর থেকে গর্ব করে বলার মতো ক্রিকেটার আগের মতো আর উঠে আসছেন না। কিম্বার্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2008, 03:18 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

মাসুদ পারভেজ কিম্বার্লি থেকে কিম্বার্লি, ১৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- উচ্চতাভীতি যাদের আছে তাদের কেউ ওপর থেকে নীচে তাকালে ভয়ে শিউরে উঠতে পারেন। তারওপর পাশ থেকে যদি আবার গাইডকে বলতে শোনেন, "এর গভীরতা ২১৫ মিটার।" বলা হচ্ছে, হীরার জন্য বিখ্যাত কিম্বার্লির প্রথম হীরক খনি 'দি বিগ হোল' এর কথা। যেখান থেকে হীরা উত্তোলনের কাজই বন্ধ হয়ে গেছে আজ থেকে ৯৪ বছর আগে। তবুও আজ প্রায় শতবর্ষ পরেও যে দলে দলে পর্যটক টেনে আনে এই জায়গাটা, তাতেই বোঝা যায় এটা শুধুই মনুষ্য সৃষ্ট বিশাল এক গর্ত নয়। গর্তের একেবারে নীচে স্বচ্ছ নীল জলাধার তো ভাগ্য বদলাতে আসা মানুষের ইতিহাসকেও ধরে রেখেছে। ইউনেস্কো এটাকে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' হিসেবে ঘোষণা করায় তাই আশ্চর্যের কিছু নেই। এখান থেকে না হয় এখন আর হীরা পাওয়া যায় না, তাই বলে কিম্বার্লিতে হীরার খনির অভাবও নেই। বিশ্বের 'ডায়মন্ড ক্যাপিটাল' তো আর এই শহরকে এমনি এমনিই বলা হয় না। হীরার জন্য বিখ্যাত এই শহর অনেক ক্রিকেট হিরোরও জন্ম দিয়েছে ঠিক, তবে বর্তমান অবস্থা অনেকটাই 'দি বিগ হোল' এর মতো। এই শহর থেকে গর্ব করে বলার মতো ক্রিকেটার আগের মতো আর উঠে আসছেন না। একারণে স্থানীয়দের পেছনে ফিরে যেতে হয়। এখানকার ক্রিকেট গৌরবের পুরোটাই অতীত হয়ে গেছে। বর্ণবাদের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শেষে ফেরার পর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার প্যাট সিমকক্সের জন্ম এখানে। শেন ওয়ার্নের বলে চোখে সর্ষেফুল দেখার জন্য কুখ্যাতি থাকলেও তার সময়ে দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিংয়ের স্তম্ভ ড্যারিল কালিনানের জন্মও কিম্বার্লিতেই। বোটা ডিপেনারেরও তাই। যদিও স্থানীয় দল গ্রিকুয়াল্যান্ড ওয়েস্টের হয়ে খেলেছেন শুধু সিমকক্সই। কালিনান খেলেছেন ওয়েস্টার্ন প্রভিন্স এবং গটেংয়ের হয়ে আর ডিপেনার প্রতিনিধিত্ব করেছেন ফ্রি স্টেটের। জন্ম এখানে না হলেও কিম্বার্লির ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছে অনেক কিংবদন্তির নামও। আফ্রিকান ভাষার একটি দৈনিকের সাংবাদিক জেমস হোপলি একজনের নাম খুব জোর দিয়েই বললেন কারণ তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের একটা নিবিড় সম্পর্ক আছে, "এডি বারলো তো তোমাদেরই কোচ ছিলেন।" বিসিবির ডিরেক্টর অফ ডেভলপমেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ১৯৯৭/৯৮ সালে গ্রিকুয়াল্যান্ড ওয়েস্টের কোচ ছিলেন বাংলাদেশ ক্রিকেটের অকৃত্রিম এই বন্ধু। ওই সময়েই স্থানীয় দলটিকে নেতৃত্ব দিতেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক কেপলার ওয়েসেলস। প্রোটিয়াদের বর্তমান কোচ মিকি আর্থার কোচ এবং অধিনায়ক, দুই ভুমিকাতেই ছিলেন গ্রিকুয়াল্যান্ড ওয়েস্টের সঙ্গে। অথচ এখন যারা এখান থেকে উঠে আসছেন তাদের বিষয়ে হতাশাই শোনা যায় জেমস হোপলির কন্ঠে, "আপনার কি মনে হয় লুটস বসন্যান, ভিক্টর এমপিটসাংদের কেপলার কিংবা কালিনানদের মতো হওয়ার সামর্থ্য আছে?" ভিনদেশি হয়ে তার এই পাল্টা প্রশ্নের উত্তর জানার কথা নয়। তবে তার ওই প্রশ্নেই পরিষ্কার এখনকার তরুণদের সামর্থ্যরে প্রতি আস্থা নেই স্থানীয়দের। কিম্বার্লির ক্রিকেট নিয়ে তাই আশাবাদের কথা যতো কম শোনা যায়, ততো বেশি শোনা যায় এখানকার গৌরব 'দি বিগ হোল'এর কথা। ভিনদেশি কারো সঙ্গে দেখা হলে স্থানীয়রা জিজ্ঞেস করবেনই, "বিগ হোলে গিয়েছেন?" শনিবার সকালে সেখানে গিয়ে বোঝার উপায় নেই একসময় এখানে নাকি ছোটখাটো একটা পাহাড়ই ছিল। ১৮৭১ সালে খনন কাজ শুরু হওয়ার পর বিশ্বের নানা প্রান্ত থেকে দলে দলে লোক এসেছেন খনন কাজে অংশ নিতে। এই হীরার খনি খুঁড়ে যদি ভাগ্য বদলানো যায়! এরপর থেকে বছর চল্লিশেক খনন কাজ চলার পর প্রথম বিশ্বযুদ্ধের সময় তা বন্ধ হয়ে যায়। বিশ্বযুদ্ধ শেষে আবার তা শুরুর চেষ্টা করেও ব্যর্থ হয়। কারণটা এখানকার গাইডই উচুস্বরে জানাচ্ছিলেন পর্যটকদের, "একটা পর্যায়ে আর খোঁড়াখুঁড়ি সম্ভব হচ্ছিল না কারণ নীচ থেকে পানি উঠে আসছিল। পানি ওঠা আর থামানো যায়নি বলে এখানে খননকাজও আর শুরু করা যায়নি।" ১৯১৪ সালের ১৪ আগস্ট স্থায়ীভাবে খনন বন্ধ হয়ে যাওয়ার আগেই অবশ্য এখান থেকে তোলা হয়ে গেছে ২২ দশমিক ৫ মিলিয়ন টন মাটি। যার ভেতর থেকে পাওয়া গেছে ১ কোটি ৪৫ লাখ ৪ হাজার ৫৬৬ ক্যারেট হীরা। যা কিনা ২ হাজার সাতশো ২২ কেজির সমপরিমাণ। ১৭ হেক্টর প্রস্থের এই বিগ হোল তার গৌরব নিয়ে ঠিকই টিকে আছে কিন্তু এখানকার ক্রিকেটটা আর তার সমার্থক থাকতে পারেনি। কিম্বার্লি এখন তাই শুধুই হীরার জন্য বিখ্যাত, ক্রিকেটের জন্য নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২০৫৮ ঘ.