২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সিরিজ জয়

২৩৩ ওয়ানডেতে তেমন কঠিন কোনো লক্ষ্য নয়। কিন্তু শিবনারায়ণ চন্দরপলের অপরাজিত সেঞ্চুরির পরও এই লক্ষ্যে পৌঁছাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে তাদের ২৪ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2008, 08:02 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

আবুধাবি, ১৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২৩৩ ওয়ানডেতে তেমন কঠিন কোনো লক্ষ্য নয়। কিন্তু শিবনারায়ণ চন্দরপলের অপরাজিত সেঞ্চুরির পরও এই লক্ষ্যে পৌঁছাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে তাদের ২৪ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। স্কোরবোর্ডে ৭ রান উঠতেই তাদের দুই ওপেনার আউট! কিন্তু মিসবাহ-উল হক (৫২), প্রথম ম্যাচে শেষ ওভারে দুটো ছক্কা মেরে দলকে নাটকীয় জয় এনে দেয়া কামরান আকমল (৪৫) ও ইউনিস খানের (৩৪) তিনটি কার্যকর ইনিংস স্বস্তি ফিরিয়ে এনেছে পাকিস্তান শিবিরে। তার সঙ্গে শহীদ আফ্রিদি (২৪ বলে ২৮) ও সোহেল তানভিরের (২০ বলে ২৬) দুটো আক্রমণাত্মক ইনিংসের যোগফলে ৪৯তম ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে তারা পেয়েছে ২৩২ রানের সংগ্রহ। তিনটি করে উইকেট নিয়েছেন ড্যারেন পাওয়েল ও আগের ম্যাচে শেষ ওভারে ১৭ রান দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়া জেরম টেলর। ক্যারিবীয়দের সূচনাও অবশ্য ভালো হয়নি। সোহেল তানভিরের তোপে ১৪ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ফেলেছে তারা। তাদের মধ্যে একজন প্রথম ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি করা অধিনায়ক ক্রিস গেইল (০)। রামনরেশ সারওয়ানকে নিয়ে তৃতীয় উইকেটে ৯২ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করছিলেন চন্দরপল। কিন্তু ৪৫ রান করা সারওয়ানকে আফ্রিদি এলবিডব্লু করার পর আর পেরে ওঠেননি তিনি। অন্যপ্রান্তে একের পর এক উইকেট পড়ার সঙ্গে সঙ্গে আস্কিং রেট লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ার চাপও সামলে উঠতে পারেনি ক্যারিবীয়রা। ৪০ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৪৮.৫ ওভারে ২০৮ রানেই অলআউট হয়ে গেছে তারা। ১৪৯ বলে মাত্র ৬টি বাউন্ডারিতে গড়া চন্দরপলের ১০৭ রানের ইনিংসটা তাই কোনো কাজেই আসেনি ওয়েস্ট ইন্ডিজের। এটা এই বাঁহাতি ব্যাটসম্যানের নবম ওয়ানডে সেঞ্চুরি। ৪৪ রানে ৩ উইকেট নেয়া উমর গুল পাকিস্তানের সফলতম বোলার। তবে অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে (২৬ রান ও ৩২ রানে ২ উইকেট) দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সোহেল তানভির। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩৫৫ঘ.