রাজকোট, ১৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৭৮ বলে অপরাজিত ১৩৮ রান, ১৬টা বাউন্ডারি, ৬টা ছক্কা! পরিসংখ্যানেই পরিষ্কার শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটাতে কতটা প্রমত্ত হয়ে উঠেছিল যুবরাজ সিংয়ের ব্যাট। যুবরাজের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদেই ইংল্যান্ডকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। ভারতের ৫ উইকেটে ৩৮৭ রানের পেছনে ধাওয়া করতে নেমে ৩৭.৪ ওভারে ২২৯ রানে অলআউট হয়ে গেছে ইংল্যান্ড।
অথচ সকালে প্রথম হাসিটা ছিল ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনের। টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠিয়েছেন তিনি। আর সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ডের জন্য। দারুণ ফর্মে থাকা ভারতের দুই ওপেনার শুরু থেকেই চড়াও হয়েছেন প্রতিপক্ষ বোলারদের ওপরে। বলা বাহুল্য দিল্লীর সতীর্থ গৌতম গম্ভীরের চেয়ে বীরেন্দর শেবাগই ছিলেন বেশি আগ্রাসী। পল কলিংউডকে টানা দুই বলে ছক্কা মেরে ক্যারিয়ারের ৩০তম ওয়ানডে ফিফটি পূর্ণ করেছেন 'বীরু'। বাঁহাতি স্পিনার সমিত প্যাটেলও তার তোপ থেকে রেহাই পাননি। প্যাটেলের এক ওভারে একটা ছক্কা ও দুটো বাউন্ডারি মেরে সেঞ্চুরির সম্ভাবনাও তৈরি করেছিলেন শেবাগ। কিন্তু সেই ওভারে আবার হাঁকাতে গিয়ে মিড উইকেটে ইয়ান বেলের হাতে ধরা পড়েছেন তিনি। ৭৩ বলে খেলা ৮৫ রানের ইনিংসটা সাজানো ছিল ১০ বাউন্ডারি ও তিন ছক্কায়।
শেবাগ আউট আগেই অবশ্য ভেঙ্গে গেছে মাত্র ১৯.৫ ওভারে গড়ে ওঠা ১২৭ রানের উদ্বোধনী জুটি। ৫১ রান করা গম্ভীরকে ওয়েইস শাহর ক্যাচ বানিয়ে ইংল্যান্ডকে ব্রেক থ্রু এনে দেয়ার কৃতিত্বও প্যাটেলের। কিন্তু ভারতের দুই ওপেনারকে চার ওভারের ব্যবধানে ফেরানোর আনন্দ মোটেও উপভোগ করতে পারেনি ইংলিশরা। কারণ যুবরাজ-ঝড়। পিঠে ব্যথা থাকায় 'রানার' নিয়ে খেলা যুবরাজের অসাধারণ এক ইনিংসেই আসলে শেষ হয়ে গেছে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা। সুরেশ রায়নার (৪৪ বলে তিন ছক্কায় ৪৩) সঙ্গে ও অধিনায়ক মহেন্দ্র ধোনিকে (৩২ বলে তিন বাউন্ডারি ও এক ছক্কায় ৩৯) নিয়ে ১০৫ রানের জুটি গড়া যুবরাজ একেবারে পাড়ার বোলারদের স্তরে নামিয়ে এনেছেন ব্রড-ফ্লিনটফ-হার্মিসনদের।
৪২ বলে ফিফটিতে পৌঁছানোর পর আরো চওড়া হয়ে উঠেছে তার ব্যাট। নবম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করতে তাই ৬৪ বলের বেশি লাগেনি 'যুবি'র। এক পর্যায়ে ওয়ানডেতে কোনো ভারতীয় ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরির (আজহারউদ্দিনের ৬১ বলে) রেকর্ড ভেঙ্গে ফেলার সম্ভাবনাও তৈরি করেছিলেন। সেটা অক্ষত থাকলেও ভারতীয়দের পক্ষে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করা যুবরাজ প্রতিপক্ষ বোলারদের ছিন্ন-ভিন্ন করে ভারতকে নিয়ে গেছেন ৩৮৭ রানের পাহাড়ে। ওয়ানডেতে কোনো টেস্ট দলের বিপক্ষে এটাই ভারতের সর্বোচ্চ সংগ্রহ।
ভারতের ইনিংসশেষেই আসলে শেষ হয়ে গেছে ম্যাচের ফলাফল নিয়ে সব কৌতূহলের। তারপরও যেটুকু বাকি ছিল তার নিষ্পত্তি হয়ে গেছে অষ্টাদশ ওভারের মধ্যেই, জহির খানের দুর্দান্ত বোলিংয়ে। ৭ ওভারের দারুণ এক স্পেলে মাত্র ২৬ রানের বিনিময়ে ইয়ান বেল (২৫), ওয়েইস শাহ (০) ও অ্যান্ড্রু ফ্লিনটফকে (৪) ফিরিয়ে দিয়েছেন জহির। ভারতের ব্রেক থ্রু অবশ্য জহিরের মাধ্যমে নয়, তার নতুন বলের সঙ্গী মুনাফ প্যাটেল ম্যাট প্রায়রকে (৪) আউট প্রথম ধাক্কা দিয়েছেন ইংল্যান্ডকে। দুই পেসারের বোলিংয়ে উদ্বুদ্ধ হরভজন সিং পল কলিংউডকে (১৯) কট বিহাইন্ড করলে মাত্র ৭৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।
ম্যাচের ফলাফল নিয়ে সব উত্তেজনারও সেখানেই সমাপ্তি। অধিনায়ক কেভিন পিটারসেনের (৫৬ বলে ৬৩) ও রবি বোপারার (৩৮ বলে অপরাজিত ৫৪) দুটো ফিফটি ইংল্যান্ডের পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে শুধু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৪৪
bdnews24