মাসুদ পারভেজ
জোহানেসবার্গ থেকে
জোহানেসবার্গ, ৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বৃষ্টির সঙ্গে ক্রিকেটের চিরকালীন শত্রুতা। এই শত্রুর কাছে বহুবারই হার মানা ক্রিকেট বজ্রপাতের হানাও দেখলো। তাও আবার বিনা মেঘে বজ্রপাত। আকাশ ফকফকা পরিষ্কার, অথচ এরমধ্যেই স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত লিবার্টি লাইফ ওয়ান্ডারার্স স্টেডিয়ামকে বুধবার বেশ কয়েকবারই রীতিমতো কাঁপিয়ে দিয়ে গেল বজ্রপাত। আগন্তুকদের কাছে এটা বিস্ময়ের কারণ হলেও জোহানেসবার্গের স্থানীয়দের কাছে একদমই নয়। দক্ষিণ আফ্রিকান সাংবাদিক কেনেডি বোল্যান্ড তো বলেই দিলেন, এটাই নাকি এখানকার আবহাওয়ার বিশেষত্ব। বলা নেই-কওয়া নেই, বজ্রপাতে প্রকম্পিত হয় আকাশ বাতাস।
এই বিশেষত্বের কারণে খেলাও একবার বন্ধ হয়ে গেল। এরপরে অবশ্য বৃষ্টি এসে বজ্রপাতকে দায় থেকে মুক্তি দিল কিছুটা। বৃষ্টি থেমে গিয়ে খেলা শুরু হওয়ার ২ বল পরই আবার বৃষ্টি। দু'দফায় বন্ধ থাকার পর ১৪ ওভারে নির্ধারিত এই ম্যাচে 'বিশেষ কিছু' করে দেখানোর সুযোগ এসেছিল বাংলাদেশের সামনেও।
কিন্তু দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানে আটকে রাখার পর দীর্ঘক্ষণ জয়ের আশা জিইয়ে রেখে শেষপর্যন্ত হারের দীর্ঘশ্বাসই। অবশ্য এর মাঝেও বিশেষত্ব একটা থাকছেই। আর সেটা আব্দুর রাজ্জাকের পারফরম্যান্স। সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ মাথায় নিয়ে এসেছেন দক্ষিণ আফ্রিকায়। তার 'কুইকার' ডেলিভারি নিয়ে অভিযোগ ওঠার পর চাপেই থাকার কথা তার। কিন্তু সেই চাপকে জয় করলেন পারফরম্যান্স দিয়েই।
আর তা টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সেরা বোলিংয়ের নজির গড়ে। ১৬ রানে ৪ উইকেট নিয়ে ছাঁড়িয়ে গেছেন এর আগের সেরা বোলিং পারফরম্যান্সের মালিক সাকিব আল হাসানকে (৪/৩৪)। আর কাকতালীয়ভাবে সাকিবের ওই পারফরম্যান্সও এই লিবার্টি লাইফ ওয়ান্ডারার্স স্টেডিয়ামেই। এবং সেটি ইতিহাস গড়া পারফরম্যান্সও। গত বছর ১৩ সেপ্টেম্বর এখানেই ওয়েষ্ট ইন্ডিজকে হারিয়ে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের সুপার এইটে পৌছে গিয়েছিল বাংলাদেশ। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই টোয়েন্টি টোয়েন্টি ম্যাচটিতে বাংলাদেশ কী করে, তা দেখার জন্য মুখিয়ে ছিলেন অনেকেই। তাদেরই একজন ক্রিকইনফোর কিথ লেইন।
বারবারই তাগাদা দিচ্ছিলেন বাংলাদেশ থেকে আইসিএলে যোগ দেওয়া ১৪ জন ক্রিকেটারের তালিকাটা পুরো করে দিতে। অল্পবিস্তর যা খোঁজখবর যা রাখেন তা থেকে জানেন আইসিএলে সেমিফাইনালের খুব কাছে দাঁড়িয়ে ঢাকা ওয়ারিয়র্স। তার আলোকেই বললেন, "ঢাকা ওয়ারিয়র্স যেমন খেলছে তাতে এবার বাংলাদেশ জাতীয় দলেরও কিছু করে দেখানো দরকার। এই ম্যাচটা জিতলে সেরকম কিছুই করা হবে।" খুব কাছেও চলে গিয়েছিল তারা। ১১৮ রান তাড়া করতে নেমে ৭ ওভার শেষে ৩ উইকেটে ৬৯ রান করে ফেলার পর বাংলাদেশের জয়কে ভবিতব্য ধরেছিলেন অনেকেই।
এদের মধ্যে বাংলাদেশ থেকে এই সিরিজ কাভার করতে আসা সাংবাদিক আজাদ মজুমদারও ছিলেন। এখানে তার নামটা উল্লেখ করার কারণ, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক কেপলার ওয়েসেলসের সঙ্গে এই ম্যাচের অ্যাডজুডিকেটর ছিলেন তিনিও। যারা এই ম্যাচের সেরা খেলোয়াড়কে বেছেছেন। বাংলাদেশের ইনিংসের সাত ওভার শেষে জয়-পরাজয়ের যে চিত্রটি অনুমান করা যাচ্ছিল তার ভিত্তিতেই তিনি নিজের রায়টা জানিয়ে দেন। সেসময় জয়ের পাল্লা বাংলাদেশের দিকে হেলে থাকায় রাজ্জাক ছাড়া আর কারো কথা যে ভাবাও যাচ্ছিল না। এর প্রমাণ বাংলাদেশী অ্যাডজুডিকেটরের সঙ্গে কেপলার ওয়েসেলসেরও একমত হওয়া।
শেষপর্যন্ত আরেকটি দীর্ঘশ্বাসের পর এটিই হয়ে থাকল বাংলাদেশের স্বান্তনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/ঘ.
bdnews24