জোহানেসবার্গ, ৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার বাংলাদেশের বিপক্ষে টোয়েন্টি টোয়েন্টি ম্যাচটিতে খেলতে পারবেন না গ্রায়েম স্মিথ। কনুইয়ের ইনজুরি থেকে এখনো সেরে না ওঠার জন্যই এই ম্যাচে অধিনায়ককে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। স্মিথ না থাকায় কেনিয়ার সঙ্গে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের মতো এই ম্যাচেও প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন জোহান বোথা।
তবে শুধু বাংলাদেশের সফর শুরু করা ম্যাচটিতেই নয়, তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও অনুপস্থিত থাকতে পারেন স্মিথ। দক্ষিণ আফ্রিকা দলের মেডিকেল অফিসার মাইকেল ওয়েন-স্মিথের কথায় সেই আভাসও পাওয়া যাচ্ছে, "ওয়ানডে সিরিজ দিয়েই গ্রায়েম মাঠে ফিরতে উন্মুখ। কিন্তু এটা নির্ভর করছে মেডিকেল টিমের ওপরে। তবে টেস্ট সিরিজে সে অবশ্যই খেলবে।"
স্মিথ না খেললেও একটা সুখবর আছে প্রোটিয়াদের জন্য। প্রচণ্ড মাথাব্যথার জন্য কেনিয়ার বিপক্ষে ২-০তে জেতা ওয়ানডে সিরিজটা খেলতে পারেননি ডেল স্টেইন। তবে বাংলাদেশের সঙ্গে টোয়েন্টি টোয়েন্টির দলে আছেন গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা এই ফাস্ট বোলার। স্টেইন ছাড়া আরো চার জন পেসারকে দলে রেখেছে স্বাগতিকরা --- দুই ভাই অ্যালবি ও মর্নে মরকেল এবং দুই নবাগত রোরি ক্লাইনভেল্ট ও জোহান লউ।
টোয়েন্টি টোয়েন্টি ম্যাচটির পর দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডে ও দুটো টেস্ট খেলবে বাংলাদেশ। ওয়ানডে তিনটি হবে ৭, ৯ ও ১২ নভেম্বর।
টোয়েন্টি টোয়েন্টির দক্ষিণ আফ্রিকা দল :
জোহান বোথা (অধিনায়ক), লুটস বসম্যান, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, হার্শেল গিবস, রোরি ক্লাইনভেল্ট, জোহান লউ, অ্যালবি মরকেল,
মর্নে মরকেল, জাস্টিন ওনটং ও ডেল স্টেইন।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭২০ঘ.
bdnews24