২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার পাকিস্তানের কোচ ইন্তেখাব আলম

১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের কোচ এবং সাবেক অধিনায়ক ইন্তেখাব আলমকে আবার পাকিস্তান ক্রিকেট দলের কোচ নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 12:52 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

করাচি, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের কোচ এবং সাবেক অধিনায়ক ইন্তেখাব আলমকে আবার পাকিস্তান ক্রিকেট দলের কোচ নিয়োগ করা হয়েছে। অস্ট্রেলিয়ান কোচ জিওফ লসনকে বরখাস্ত করার একদিন পর শনিবার ইন্তেখাবের এই নিয়োগের ধরনটা নিয়ে অবশ্য শোনা যাচ্ছে দু রকমের কথা। তিনি নিজে দাবি করেছেন, তাকে দু বছরের জন্য কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু পিসিবি বলছে তাকে কেবল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য অন্তবর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। ৬৬ বছর বয়সী সাবেক এই লেগস্পিনার-অলরাউন্ডার শনিবার করাচিতে সাংবাদিকদের বলেছেন, "হ্যাঁ, পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট আমার সঙ্গে কথা বলেছেন এবং আমাকে দু বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তারা সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে আগামী মাসে।" তবে ইজাজ বাট বলছেন অন্য কথা। পিসিবি চেয়ারম্যান সাংবাদিকদের বলেছেন, "ইন্তেখাব আবুধাবি সিরিজে কোচের দায়িত্ব পালন করবেন, তবে আমরা দীর্ঘ মেয়াদী চুক্তির জন্য দু তিন জনের সঙ্গে কথাবার্তা বলছি।" পাকিস্তানের পক্ষে ৪৭টি টেস্ট খেলা ইন্তেখাব এর আগেও একাধিকবার পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০০০ সালে নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারার পর ওই পদ হারান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮৪৭ ঘ.