করাচি, ২৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে তার চুক্তিটা দু বছরের। কিন্তু তার অনেক আগেই একরাশ হতাশা আর দুঃখ নিয়ে পাকিস্তান থেকে বিদায় নিতে হচ্ছে জিওফ লসনকে। শুক্রবার তাকে জাতীয় দলের কোচের পদ থেকে বরখাস্ত করেছে পিসিবি। ক্ষতিপূরণ হিসাবে তিন মাসের অগ্রিম পারিশ্রমিক পাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার।
প্রয়াত বব উলমারের উত্তরসূরী হিসাবে পাকিস্তানের মাটিতে পা রাখার পর থেকেই অস্বস্তির মধ্যে দিন কাটাতে হচ্ছিল লসনকে। পাকিস্তান মিডিয়ার তীব্র সমালোচনা তো ছিলই, সেই সঙ্গে কোনো কোনো ক্রিকেট কর্মকর্তার অসন্তোষও তাকে কম যন্ত্রণা দেয়নি। অথচ গত বছরের আগস্টে পিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ লসনের অধীনে পাকিস্তান দলের সূচনা খারাপ হয়নি। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে শোয়েব মালিকের দল রানার্সআপ হওয়ায় লসনকে নিয়ে আশায় বুকও বেঁধেছিল পাকিস্তানের ক্রিকেটাঙ্গন।
কিন্তু সেই আশা দুরাশায় পরিণত হতেও সময় লাগেনি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে এবং ভারত সফরে হতাশাজনক পরাজয়, স্বাগতিক হয়েও এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারা --- লসনের কোচিংয়ে পাকিস্তানের ব্যর্থতার তালিকা বেশ দীর্ঘই। সাফল্য বলতে ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় কিটপ্লাই কাপের শিরোপা জয়। কিন্তু এই সাফল্যে মন গলেনি পিসিবির নতুন চেয়ারম্যান এজাজ বাটের। গত সোমবার প্রকাশ্যেই তিনি লসনকে 'অকর্মণ্য' বলে তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। অবশ্য তারপরও লসনকে চুক্তির পুরো সময় কাজ করতে দেয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন বাট। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। শুক্রবার এক বিবৃতিতে পিসিবির মুখপাত্র রাজা রশিদ জানিয়েছেন, "পাকিস্তানের কোচ হিসাবে জিওফ লসনকে সরিয়ে দেয়া হয়েছে। চুক্তির ধারা অনুযায়ী তাকে তিন মাসের বেতন দেয়া হবে। লসনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন চেয়ারম্যান। সিদ্ধান্তটা তাকে জানিয়েও দেয়া হয়েছে।"
শুধু লসনকে নয়, চিফ অপারেটিং অফিসার শাফকাত নাগমিকেও বরখাস্ত করেছে পিসিবি। তার জায়গায় দায়িত্বটা পেয়েছেন সেলিম আলতাফ। বোর্ডের মহাপরিচালক ছাড়াও অতিরিক্ত দায়িত্ব হিসাবে চিফ অপারেটিং অফিসারের কাজ করতে হবে তাকে।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮১৫ঘ.
bdnews24