২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লী টেস্টে খেলার জন্য উদগ্রীব কুম্বলে

কাঁধের ইনজুরির জন্য মোহালি টেস্টে খেলতে পারেননি। গ্যালারিতে বসে দেখতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টেস্ট ক্রিকেটে রানের দিক দিয়ে (৩২০) ভারতের সবচেয়ে বড় জয়টি। তবে অনিল কুম্বলে আত্মবিশ্বাসী, ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৯ অক্টোবর থেকে দিল্লীতে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে খেলতে কোনো সমস্যা হবে না তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 01:03 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

নয়াদিল্লী, ২২ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঁধের ইনজুরির জন্য মোহালি টেস্টে খেলতে পারেননি। গ্যালারিতে বসে দেখতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টেস্ট ক্রিকেটে রানের দিক দিয়ে (৩২০) ভারতের সবচেয়ে বড় জয়টি। তবে অনিল কুম্বলে আত্মবিশ্বাসী, ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৯ অক্টোবর থেকে দিল্লীতে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে খেলতে কোনো সমস্যা হবে না তার। দিল্লীর ফিরোজ শাহ কোটলার সঙ্গে কুম্বলের অনেক মধুর স্মৃতি জড়িয়ে। ১৯৯৯তে এখানেই জিম লেকারের পর টেস্ট ইতিহাসের মাত্র দ্বিতীয় বোলার হিসাবে ইনিংসে ১০ উইকেট (পাকিস্তানের বিপক্ষে) নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে কোটলায় ৬ টেস্টে তার শিকার-সংখ্যা ৫৫টি। সেই সাফল্যমন্ডিত মাঠে খেলতে কুম্বলে তো উদগ্রীব থাকবেনই। নিজের লেখা কলামে সেই ব্যগ্রতাই প্রকাশিত হলো ভারতের টেস্ট অধিনায়কের কলমে, "এমএস (ধোনির) সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়া দেখাটা দারুণ উৎসাহব্যঞ্জক ছিল (আমার জন্য)। ম্যাচটার প্রতি দলের মনোভাব এবং যেভাবে আমরা পুরো ম্যাচে প্রভাব বিস্তাব করেছি তা দেখাও ছিল দুর্দান্ত ব্যাপার। দুর্ভাগ্যজনকভাবে ম্যাচটা মাঠের বাইরে বসে দেখতে হয়েছে আমাকে। কিন্তু আমি কোটলায় খেলার জন্য উদগ্রীব, আর সেটা আমার প্রিয় টেস্ট ভেন্যু।" মোহালিতে খেলতে না পারলেও ব্যাঙ্গালোরে প্রথম টেস্টে খেলেছিলেন কুম্বলে। কিন্তু সেই ম্যাচটা ছিল ভারতের সফলতম টেস্ট বোলারের জন্য বিস্মরণযোগ্য, হতাশাজনক। ১৮ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে সেই ম্যাচে মাত্র তৃতীয় বারের মতো উইকেটশূন্য থাকার দুঃসহ অভিজ্ঞতা সইতে হয়েছে তাকে। ভারত কোনো রকমে সেই ম্যাচ ড্র করার পর ভারতীয় মিডিয়া অধিনায়ত্ব, ফর্ম আর ফিটনেস নিয়ে কুম্বলেকে একেবারে সমালোচনার বাণে বিদ্ধ করেছিল। কুম্বলেও অবশ্য সে সব সমালোচনার জবাব দিয়ে বলেছিলেন পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত মাঠে ফিরবেন না তিনি। এখন ফিটনেস ফিরে পাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন বলেই কোটলায় খেলতে তিনি ভীষণ আত্মবিশ্বাসী। ভারতের নতুন প্রধান নির্বাচক কৃষ্ণমাচারী শ্রীকান্তও তৃতীয় টেস্টে কুম্বলেকে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। 'এবিসি রেডিও'র সঙ্গে কথা বলার সময় ভারতের সাবেক অধিনায়ক বলেছেন "আমি খুবই আত্মবিশ্বাসী যে সে (কুম্বলে) খেলবেই। এই ম্যাচে (মোহালিতে) তার না খেলার অন্যতম কারণ ছিল পরবর্তী দুটো টেস্টের জন্য তাকে বিশ্রাম দেয়া।" অর্থাৎ দিল্লীতে কুম্বলের টস করতে নামা প্রায় নিশ্চিতই বলা যায়। সেক্ষেত্রে কপাল পুড়বে অমিত মিশ্রর। মোহালিতে অভিষেক টেস্টে ৭ উইকেট নিয়েছেন, যার ৫টি ছিল অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেয়া প্রথম ইনিংসে। তারপরও কুম্বলে ফিরলে এই লেগস্পিনারের বাইরে চলে যাওয়া প্রায় নিশ্চিত। মিশ্রর প্রতি সহানুভূতি জানাতেই বোধহয় তার প্রশংসায় পঞ্চমুখ কুম্বলে লিখেছেন, "ভবিষ্যতের দিকে দৃষ্টি রেখে বলা যায় ভারতের জন্য খুবই ভালো ব্যাপার যে আমরা অমিতের মতো একজনকে খুঁজে পেয়েছি। অর্থোডক্স বোলার হিসাবে সে বল দারুণ টার্ন করাতে পারে, দুর্দান্তভাবে ফ্লাইট কাজে লাগাতে পারে। আর সত্যি কথা বলতে কী, তার বোলিং দেখাটাই দারুণ উপভোগ্য ব্যাপার।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯০০ঘ.