২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জহির খানের শাস্তি, ক্ষুব্ধ গাভাস্কার

কথাটা এর আগেও একবার বলেছিলেন। সুনীল গাভাস্কারের কণ্ঠে আরো একবার শোনা গেল সেই অভিযোগের সুর, আইসিসির সাদা চামড়ার ম্যাচ রেফারিরা এশিয়ান ক্রিকেটারদের প্রতি বিরূপ আচরণ করছেন!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 11:09 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

মুম্বাই, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কথাটা এর আগেও একবার বলেছিলেন। সুনীল গাভাস্কারের কণ্ঠে আরো একবার শোনা গেল সেই অভিযোগের সুর, আইসিসির সাদা চামড়ার ম্যাচ রেফারিরা এশিয়ান ক্রিকেটারদের প্রতি বিরূপ আচরণ করছেন! সদ্য শেষ হওয়া মোহালি টেস্টে 'অসদাচরণের' অভিযোগে ভারতের পেসার জহির খানের শাস্তির খবর শুনে এই প্রতিক্রিয়া জানিয়েছেন আইসিসির ক্রিকেট কমিটির সাবেক চেয়ারম্যান। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথ্যু হেইডেন আউট হওয়ার পর তাকে গালাগাল করার অভিযোগে জহিরের ম্যাচ ফির ৮০ শতাংশ কেটে রাখার নির্দেশ দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। সিএনএন-আইবিএন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, "ও (জহির) যদি সত্যিই অপমান করে থাকে তাকে (হেইডেন), তাহলে তার শাস্তি হওয়াই উচিত। কিন্তু দেখা যায় সব সময় কোনো ভারতীয় বা উপমহাদেশের খেলোয়াড়েরই শাস্তি হয়, অস্ট্রেলিয়ানদের নয়।" সঙ্গে একটা যুক্তিও দেখিয়েছেন, "এই টেস্টে এমন অনেক ঘটনাই ঘটেছে। মনে আছে দ্বিতীয় ইনিংসে বীরেন্দর শেবাগ যখন ব্যাট করছিলেন, আম্পায়ার তাকে নট আউট ঘোষণার পরও অস্ট্রেলিয়ানরা সবাই আপিল করছিল, এমনকি এক্সট্রা কভার থেকে আম্পায়ারের দিকে ছুটে গিয়ে বার বার আপিল করছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং? সে যদি ভারতীয় হতো, তাহলে ম্যাচ রেফারি হয়তো ঠিকই ডেকে পাঠাতেন তাকে। এই জায়গাতেই আসলে আইসিসির তাদের নীতি ঠিক করা উচিত।" গত জানুয়ারি মাসে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় অ্যান্ড্রু সাইমন্ডসের সঙ্গে আলোচিত বিতর্কের পর ম্যাচ রেফারি মাইক প্রক্টর যখন হরভজন সিংকে শাস্তি দেন, তখনও এমন অভিযোগই করেছিলেন টেস্টে দশহাজারের বেশি রান করা প্রথম ব্যাটসম্যান গাভাস্কার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৭০০ ঘ.