২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩২০ রানে জিতে সিরিজে এগিয়ে গেল ভারত

পঞ্চম দিন সকালে হরভজন সিং আর কোনো উইকেট পাননি, কিন্তু তাতে ভারতের খুব একটা অসুবিধা হয়নি। জহির খান আর অমিত মিশ্র মিলে লাঞ্চের আগেই শেষ করে দিয়েছেন অস্ট্রেলিয়ার ইনিংস। সফরকারীদের ১৯৫ রানে অলআউট করে দিয়ে দ্বিতীয় টেস্টে ৩২০ রানের জয় পেয়েছে স্বাগতিকরা। সেই সঙ্গে চার ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 07:02 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

মোহালি, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম দিন সকালে হরভজন সিং আর কোনো উইকেট পাননি, কিন্তু তাতে ভারতের খুব একটা অসুবিধা হয়নি। জহির খান আর অমিত মিশ্র মিলে লাঞ্চের আগেই শেষ করে দিয়েছেন অস্ট্রেলিয়ার ইনিংস। সফরকারীদের ১৯৫ রানে অলআউট করে দিয়ে দ্বিতীয় টেস্টে ৩২০ রানের জয় পেয়েছে স্বাগতিকরা। সেই সঙ্গে চার ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। মঙ্গলবার সকালে চার বলে তিন উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কাটা দিয়েছেন জহির খান। দিনের প্রথম ওভারেরই শেষ বলে ব্র্যাড হ্যাডিনকে (৩৭) বোল্ড করে দিয়েছেন তিনি, তারপর নিজের পরের ওভারের দ্বিতীয় আর তৃতীয় বলে ফিরিয়ে দিয়েছেন ক্যামেরন হোয়াইট ও ব্রেট লিকে। উইকেটের পিছনে ক্যাচ দেওয়ার আগে ১ রান করতে পেরেছেন হোয়াইট, তবে প্রথম ইনিংসে প্রতিরোধ গড়া লি এবার বোল্ড হয়ে গেছেন প্রথম বলেই। এরপর মিচেল জনসনকে নিয়ে লড়াইয়ের একটা চেষ্টা চালিয়েছিলেন শেষ স্পেশালিস্ট ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক। কিন্তু পর পর দু ওভারে এই দুজনকেই ফিরিয়ে দিয়ে সব শেষ করে দিয়েছেন অমিত মিশ্র। জনসনের (২৬) রিটার্ন ক্যাচ নেওয়ার পর ক্লার্ককে মিডউইকেটে বীরেন্দর শেবাগের শিকার বানিয়েছেন এই ম্যাচেই অভিষিক্ত এই লেগস্পিনার। প্রথম ইনিংসের ৯২ রানের সঙ্গে দ্বিতীয় ইনিংসেও ৬৮ রানের এক ঝড়ো ইনিংস খেলা ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। প্রথম ইনিংসে হাফসেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ওপেনার গৌতম গম্ভীরও দারুণ অবদান রেখেছেন ভারতের জয়ে। এই দুজনের দুটি ফিফটির সঙ্গে সৌরভ গাঙ্গুলীর সেঞ্চুরি আর শচীন টেন্ডুলকারের রেকর্ডভাঙা হাফসেঞ্চুরির কল্যাণে প্রথম ইনিংসে ৪৬৯ রান তুলেছিল ভারত। তারপর অস্ট্রেলিয়াকে ২৬৮ রানে অলআউট করে দিয়ে ২০১ রানের লিড নিয়েছিল তারা। চাইলে অস্ট্রেলিয়াকে ফলো অন করাতে পারতেন, কিন্তু তা না করে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩১৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছেন ধোনি, অস্ট্রেলিয়ার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন ৫১৬ রানের পাহাড়সমান টার্গেট। সংক্ষিপ্ত স্কোর ভারত: ৪৬৯ (সৌরভ ১০২, ধোনি ৯২, টেন্ডুলকার ৮৮, গম্ভীর ৬৭; জনসন ৩/৮৫, সিডল ৩/১১৪) ও ৩১৪/৩ ডি. (গম্ভীর ১০৪, শেবাগ ৯০, ধোনি ৬৮*; হোয়াইট ৪৮, সিডল ১/৬২, লি ১/৬৮)। অস্ট্রেলিয়া : ২৬৮ (ওয়াটসন ৭৮, হাসি ৫৪; মিশ্র ৫/৭১) ও ১৯৫ (ক্লার্ক ৬৯, হ্যাডিন ৩৭, জনসন ২৬; হরভজন ৩/৩৬, জহির ৩/৭১, মিশ্র ২/৩৫)। ফল : ভারত ৩২০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : মহেন্দ্র সিং ধোনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১২৩০ ঘ.