২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তবু বোলিং নয়, ব্যাটিং সাফল্যই সাকিবের পছন্দ

সাকিব আল হাসান এক কথা-দুই কথার মানুষ। তিনি নিজে বলছেন, তার কাছে ব্যাটিং সাফল্যের সঙ্গে তুলনীয় আর কিছুই নয়। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

মাসুদ পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর ক্রীড়া প্রতিবেদক চট্টগ্রাম, ১৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সাকিব আল হাসান এক কথা-দুই কথার মানুষ। লম্বা লম্বা প্রশ্ন করেও তার কাছ থেকে দুয়েক কথার বেশি কে বের করতে পেরেছে কবে! শনিবার ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর সংবাদ সম্মেলনেও মৃদুভাষী সাকিব জানতেনই না, পরদিন তার সামনে টেস্টে বাংলাদেশের হয়ে সেরা বোলিং পারফরম্যান্সও ছাড়িয়ে যাওয়ার হাতছানি। তবে তিনি নিজে বলছেন, তার কাছে ব্যাটিং সাফল্যের সঙ্গে তুলনীয় আর কিছুই নয়। যদিও এই ম্যাচের জন্য তিনি ব্যাটিং অলরাউন্ডার থেকে রাতারাতি বনে গেছেন বোলিং অলরাউন্ডার। সংবাদ সম্মেলনে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের সেরা পারফরমারের সঙ্গে বিনিময় হওয়া প্রশ্নোত্তরগুলো ছিল মোটামুটি এ রকম: প্রশ্ন : এতো লম্বা স্পেলে (২৪-৭-৩১-৬) বল করেছেন কখনো? সাকিব আল হাসান : ফার্স্ট ক্লাস ক্রিকেটে করেছি। তবে টেস্ট ম্যাচে এর আগে কখনো করা হয়নি। প্রশ্ন : উইকেট থেকে কেমন সাহায্য পেলেন? সাকিব : আসলে আমি উইকেট থেকে কী পাবো, এটা আশা করে বোলিং করিনি। উইকেট থেকে যা পেয়েছি সেটা আমার জন্য বোনাস ছিল। আমি শুধু চেষ্টা করেছি ভালো একটা জায়গায় বল করার। প্রশ্ন : আপনি মূলত ব্যাটসম্যান। অথচ ওয়ানডে সিরিজের পর এই টেস্টের প্রথম ইনিংসেও রান পেলেন না। সাকিব : এই টেস্টে আমার প্রধান কাজ বোলিং করা। এটা ভালো হয়েছে বলে খুব ভালো লাগছে। আর ব্যাটিং নিয়ে তেমন কিছু বলার নেই। প্রশ্ন : কিন্তু আপনি তো ব্যাটিং অলরাউন্ডার। সাকিব : এই টেস্টের জন্য আমি বোলিং অলরাউন্ডার। প্রশ্ন : এই টেস্টে বাংলাদেশ দলের অবস্থানটা এখন কোথায়? সাকিব : আমি তো বলবো খুবই ভালো অবস্থায় আছি আমরা। কালকে সকাল সকাল ওদের শেষ উইকেটটা নিয়ে নিতে পারলে এবং তারপরে আমরা ভালো ব্যাটিং করলে দারুণ খেলা হওয়ার চান্স আছে। প্রশ্ন : কতো রানের লিড হতে পারে? সাকিব : আসলে এতোটা এখনো চিন্তা করিনি। আমাদের ফার্স্ট টার্গেট হলো কালকে ওদের লাস্ট উইকেটটা নেওয়া। তারপর ভালো ব্যাটিং করা। প্রশ্ন : এর আগে ৬ টেস্টে পেয়েছিলেন মাত্র ৩ উইকেট। আজ একটা ইনিংস শেষ হওয়ার আগেই পেলেন ছয়টা। নিজের এমন বোলিংয়ে কী কিছুটা অবাকও হয়েছেন? সাকিব : আজকের বোলিংয়ের পর অবশ্যই খুব ভালো লাগছে। তবে অবাক হয়েছি বলবো না। ভালো বল করেছি বলেই উইকেট পেয়েছি। তারপরও ভাগ্যটাকে খুব বড় ব্যাপার বলে মনে হয় আমার। আমি বিশ্বাস করি যে ভাগ্য সঙ্গে না থাকলে অনেক কিছুই সম্ভব হয় না। প্রশ্ন : ব্যাটিং অলরাউন্ডারকে বানানো হয়েছে শুধুই বোলার। বাড়তি কিছু করার জেদ চেপেছিল কিনা। সাকিব : আসলে রান পাইনি কী বোলিং ভালো হয়েছে, এসব নিয়ে আমি একদমই চিন্তা করছি না। যতোক্ষণ পর্যন্ত টিমের জন্য ভালো কিছু করতে পারছি, ততোক্ষণ পর্যন্তই আমি খুশী। প্রশ্ন : বাংলাদেশের হয়ে টেস্টে এক ইনিংসে সেরা বোলিং পারফরম্যান্সও আপনার মতোই একজন বাঁ হাতি স্পিনারের। আপনার সামনে এখন তাকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। সাকিব : সেরা বোলিং পারফরম্যান্সটা কী একটু বলবেন? প্রশ্ন : জিম্বাবুয়ের বিপক্ষে (২০০৫ সালের জানুয়ারিতে) এনামুল হক জুনিয়রের ৯৫ রানে ৭ উইকেট। আপনি ৬ উইকেট নিতে খরচ করেছেন মাত্র ৩১ রান। কাল দ্রুতই ওদের শেষ উইকেটটাও নিয়ে নিতে পারলে... সাকিব : আসলে আমি তো জানতামই না। এসব চিন্তাও মাথায় আসেনি। সত্যি কথা বলতে কী, বোলিং করার সময় আমার একটাই টার্গেট ছিল, ভালো জায়গায় বল করার। প্রশ্ন : কিন্তু সেরা বোলিং পারফরম্যান্স হলে তো আপনার ভালোই লাগবে, নাকি? সাকিব : হলে তো অবশ্যই ভালো হবে। তারপরও এটা নিয়ে অতো চিন্তা নেই আমার। সত্যি কথা বলতে কী, আমি ৫ উইকেট পেয়ে যতোটা খুশী হয়েছি ৬ উইকেট পাওয়ার পরেও তাই। আমার কাছে প্রতিটা উইকেটেরই সমান দাম। প্রশ্ন : বাংলাদেশের স্পিনাররা তো ভালোই সাহায্য পেলেন উইকেট থেকে। সাকিব : অন্যদের কথা বলতে পারবো না। তবে নিজের কথা বললে বলবো, আমি উইকেট থেকে খুব ভালো সাহায্য পেয়েছি। বল টার্ন করেছে, বাউন্স করেছে। এমন নয় যে খুব আনইভেন। প্রশ্ন : দিনের শেষে তো দারুণ একটা ক্যাচও নিলেন (মোহাম্মদ আশরাফুলের বলে শর্ট মিডউইকেটে শরীর শূন্যে ছুঁড়ে দিয়ে জিতান প্যাটেলের ক্যাচ)। সাকিব : (হাসি...) আসলে আমি ৬ উইকেট পেয়ে যতোটা না খুশী হয়েছি, তার চেয়ে বেশি খুশী হয়েছি ক্যাচটা ধরতে পেরে। প্রশ্ন : সবচেয়ে দামী উইকেট কোনটা ছিল? সাকিব : ওরামের উইকেট নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। যদিও ওই উইকেট পাওয়ায় ভাগ্যের সহায়তা ছিল। ওর উইকেটটাকেই সবচেয়ে দামী মনে হয়েছে। প্রশ্ন : এই ম্যাচে আপনি বোলিং অলরাউন্ডার। তবুও জানতে চাওয়া, রান করা আর উইকেট পাওয়ার মধ্যে কোনটাতে এগিয়ে রাখেন আপনি? সাকিব : ৫ উইকেট আর ১০০ রান যদি সমান সমান হয় এবং আমি যদি ৫ উইকেট পাই ও ৭০ রান করি, তখন আমার কাছে ৭০ রানকেই বড় লাগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/১৯৩৬ ঘ.